আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের নির্দেশনা দিয়ে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার পাঠানো ওই বার্তায় আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল কিংবা অন্যান্য কর্মসূচি পালন করতে পারেন। পুলিশের বার্তায় বলা হয়েছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কর্মসূচিতে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের নির্দেশনা দিয়ে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার পাঠানো ওই বার্তায় আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল কিংবা অন্যান্য কর্মসূচি পালন করতে পারেন।
পুলিশের বার্তায় বলা হয়েছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কর্মসূচিতে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এসব বিষয় গুরুত্বে নিয়ে ‘প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ’ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে ওই বার্তায়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ বার্তা পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, এ সংক্রান্ত নির্দেশনা তারা পেয়েছেন এবং রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তবে তার মতে, ‘স্পেসিফিক কোনো থ্রেট, শঙ্কার কোনো কিছু নাই।’ তিনি বলেন, ‘সারা বছরে বিভিন্ন প্রোগ্রাম লেগেই থাকে। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা ১০ মহররম আশুরার প্রোগ্রাম। সঙ্গে ২৩ জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’
নগরবাসীকে নিরাপত্তা দিতে বিগত দিনের মতই পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থা বহাল থাকার কথা বলেন পুলিশের এ কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘আমরা নতুন করে পরিকল্পনা... নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং থাকবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর তিন দিন পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযান শুরু হয়। অনেক নেতা গ্রেপ্তার হন, আবার অনেকে আত্মগোপনে চলে যান।
বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না। এ অবস্থার মধ্যেই দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে জুলাই-আগস্টের আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে মাঝেমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। এসব ঘটনায় বিভিন্ন সময় অভিযানে নেমে বেশ কয়েকজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?