আট তলা ভবনটির মালিক কে?

প্লটটি নিবন্ধিত বিপিসি চেয়ারম্যানের সাবেক পিএসের স্ত্রীর নামে নির্মাণাধীন ভবনে ঝুলছে বিপিসির বাংকার ডিলারের নাম ২০২১ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তৎকালীন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) মো. আবুল কালাম আজাদ অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালককে একটি চিঠি দেন। ওই চিঠিতে ‘ওটি ইস্টার্ন কেরিয়ার-২’ নামের একটি শ্যালো ড্রাফট ট্যাংকারকে চার বছরের জন্য ‘ওটি ইস্টার্ন কেরিয়ার’ নামে জাহাজটির বিপরীতে প্রতিস্থাপনের জন্য বিপিসির সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিটির অনুলিপি দেওয়া হয় জাহাজ মালিক ইস্টার্ন বাল্ক কেরিয়ার লিমিটেডের স্বত্বাধিকারী এবং বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিবকে। ইস্টার্ন বাল্ক কেরিয়ার লিমিটেডের স্বত্বাধিকারী হলেন চট্টগ্রামভিত্তিক বাশার গ্রুপ অব কোম্পানির মালিক আবুল বশর আবু। অন্যদিকে ওই সময়ে বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) ছিলেন মো. আহম্মদুল্লাহ। জাহাজটি প্রতিস্থাপনের ক্ষেত্রে আবুল বশর আবুর সঙ্গে মো. আহম্মদুল্লাহর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া না গেলেও ওই চিঠির ২০ দিন আগে ২০২১ সালের ১১ নভেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে এ

আট তলা ভবনটির মালিক কে?
  • প্লটটি নিবন্ধিত বিপিসি চেয়ারম্যানের সাবেক পিএসের স্ত্রীর নামে
  • নির্মাণাধীন ভবনে ঝুলছে বিপিসির বাংকার ডিলারের নাম

২০২১ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তৎকালীন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) মো. আবুল কালাম আজাদ অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালককে একটি চিঠি দেন। ওই চিঠিতে ‘ওটি ইস্টার্ন কেরিয়ার-২’ নামের একটি শ্যালো ড্রাফট ট্যাংকারকে চার বছরের জন্য ‘ওটি ইস্টার্ন কেরিয়ার’ নামে জাহাজটির বিপরীতে প্রতিস্থাপনের জন্য বিপিসির সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিটির অনুলিপি দেওয়া হয় জাহাজ মালিক ইস্টার্ন বাল্ক কেরিয়ার লিমিটেডের স্বত্বাধিকারী এবং বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিবকে।

ইস্টার্ন বাল্ক কেরিয়ার লিমিটেডের স্বত্বাধিকারী হলেন চট্টগ্রামভিত্তিক বাশার গ্রুপ অব কোম্পানির মালিক আবুল বশর আবু। অন্যদিকে ওই সময়ে বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) ছিলেন মো. আহম্মদুল্লাহ।

জাহাজটি প্রতিস্থাপনের ক্ষেত্রে আবুল বশর আবুর সঙ্গে মো. আহম্মদুল্লাহর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া না গেলেও ওই চিঠির ২০ দিন আগে ২০২১ সালের ১১ নভেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমি নিবন্ধনের ক্ষেত্রে দুজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। জাগো নিউজের হাতে আসা একটি অবিশ্বস্ত সূত্রের তথ্য যাচাই করতে গিয়ে এ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।

jagonews24ভবনটিতে এই সাইনবোর্ড ঝুলিয়ে রাখতে দেখা গেছে/ছবি: জাগো নিউজ 

আবুল বশর আবু বেশ কয়েকটি ব্যবসায়ের সঙ্গে বিপিসি সংশ্লিষ্ট জ্বালানি তেল পরিবহন, বাংকারিং ব্যবসায়েও জড়িত। অন্যদিকে মো. আহম্মদুল্লাহকে সম্প্রতি বিপিসি চেয়ারম্যানের পিএসের পদ থেকে সরিয়ে মেঘনা পেট্রোলিয়ামের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে সংযুক্ত করা হয়।

জাগো নিউজের হাতে আসা তথ্য যাচাই করে দেখা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সাফ কবলা দলিল নং-১০১৯৭ সম্পাদিত হয়। এ দলিলের মাধ্যমে কেরানীগঞ্জ (দক্ষিণ) থানার কোন্ডা ইউনিয়নের আইন্তা মৌজাস্থ বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের সাড়ে তিন কাঠার (পাঁচ দশমিক সাত শতাংশ) ২৮৭নং প্লটটি নুসরাত জেবিন সিনথী নামের একজনকে হস্তান্তর করেন আবুল বশর। দলিলে মূল্য দেখানো হয় ৩০ লাখ ৯৬ হাজার টাকা। নুসরাত জেবিন সিনথী বিপিসি চেয়ারম্যানের সাবেক পিএস আহম্মদুল্লাহর স্ত্রী।

গত ১০ মে সরেজমিনে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের ২৮৭নং প্লট পরিদর্শনে গিয়ে দেখা যায়, ওই প্লটে ৮ তলা ভবনের পুরোটাই ছাদ পর্যন্ত নির্মিত হয়েছে। কিন্তু নির্মাণাধীন ওই ভবনের তিন তলায় সাঁটানো সাইনবোর্ডে লেখা রয়েছে, “ক্রয় সূত্রে এই জমির মালিক- বাশার গ্রুপ অব কোম্পানি, আলহাজ আবুল বশর (আবু)”।

jagonews24প্লটটির অবস্থান শনাক্ত করা সাইনবোর্ড/ছবি: জাগো নিউজ

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, নুসরাত জেবিন সিনথীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি তার নামে ওই জমির নামজারি খতিয়ান (নং-২২৪৩) খোলা হয়।

প্লটটির আশেপাশের প্লটে উঠছে বেশ কয়েকটি ভবন। কথা হলে পাশের একটি ভবনের ম্যানেজার জাগো নিউজকে বলেন, ‘এখানে বর্তমানে প্রতি কাঠা জমি ৪২ থেকে ৪৭ লাখ টাকায় বিক্রি হচ্ছে।’ সে হিসাবে সাড়ে তিন কাঠা প্লটটির শুধু জমির বর্তমান মূল্য দেড় কোটি টাকার বেশি।

প্লটটির সরকারি খতিয়ানে নুসরাত জেবিন সিনথীর নাম থাকলেও মূল জায়গাতে আবুল বশর (আবু)’র নামে সাইনবোর্ড ঝুলানো থাকায় প্রশ্ন উঠেছে—আট তলা ভবনটির মালিক কে? এ প্রশ্নের উত্তর খুঁজতে ওই জমির নামজারি আবেদনে দেওয়া নুসরাত জেবিন সিনথীর মুঠোফোন নম্বরে (০১৯৭৪....৮৮) যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জানতে আবুল বশর আবুর মুঠোফোনে গত কয়েকদিন ধরে একাধিকবার ফোনকল করলেও তিনি রিসিভ করেননি। পরে মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

jagonews24আট তলা সেই ভবন/ছবি: জাগো নিউজ

পরে জাগো নিউজের সঙ্গে কথা হয় নুসরাত জেবিন সিনথীর স্বামী মো. আহম্মদুল্লাহর। বিপিসি চেয়ারম্যানের সদ্য সাবেক পিএস আহম্মদুল্লাহও বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের ওই প্লট নিয়ে ‘কিছুই জানেন না’ বলে জানান।

এ বিষয়ে বক্তব্য চাওয়া হলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে অর্জিত সম্পদ লুকিয়ে রাখার জন্যই ভবনে আগের মালিকের নাম ঝুলিয়ে রাখা হয়েছে।’

এ ব্যাপারে বিপিসির সচিব (সরকারের উপসচিব) শাহিনা সুলতানা জাগো নিউজকে বলেন, ‘শুধু আহম্মদুল্লাহ নন, যে কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

এমডিআইএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow