আবারও স্থগিত প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন
আবারও অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির (২০২৬-২০২৮) নির্বাচন। আজ শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নির্দেশে নির্বাচন এবং এ সংক্রান্ত সব কার্যক্রম আগামী দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে থাকা সংগঠনটির নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া আরও পিছিয়ে গেল। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা (নং-০৮/২০২৬) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, গুলশান থানাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ও চিত্রনায়ক উজ্জ্বল (আশরাফ উদ্দিন আহমেদ) সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে একটি রিট আবেদন করেন। রিটে বলা হয়, এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন স্থগিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা ও সিনিয়র অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান
আবারও অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির (২০২৬-২০২৮) নির্বাচন। আজ শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নির্দেশে নির্বাচন এবং এ সংক্রান্ত সব কার্যক্রম আগামী দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে থাকা সংগঠনটির নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া আরও পিছিয়ে গেল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা (নং-০৮/২০২৬) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, গুলশান থানাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ও চিত্রনায়ক উজ্জ্বল (আশরাফ উদ্দিন আহমেদ) সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে একটি রিট আবেদন করেন। রিটে বলা হয়, এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন স্থগিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা ও সিনিয়র অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান আসাদ। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. খাইরুল আলাম।
শুনানি শেষে আদালত রুল জারি করে বিবাদী পক্ষকে ব্যাখ্যা দিতে বলেছেন, কেন তাদের নিষ্ক্রিয়তাকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অকার্যকর ঘোষণা করা হবে না। একই সঙ্গে আগামী দুই মাস নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে সমিতির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আদালতের পূর্ণাঙ্গ আদেশ হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক দাবি করেন, সংগঠনের নিয়ম অনুযায়ী খোরশেদ আলম খসরু ও শামসুল আলম ইতোমধ্যে টানা দুই মেয়াদ দায়িত্ব পালন করায় তারা এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান না।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করা কথা ছিল। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল-কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম । এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে ৪২ জন প্রার্থী হয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর ভোটার তালিকা, গঠনতন্ত্র ও ভোটাধিকার নিয়ে একাধিক আইনি জটিলতায় বারবার নির্বাচন পিছিয়েছে। ২০২২ সালের ২১ মে ভোটের দিনও হাইকোর্টের নির্দেশে নির্বাচন স্থগিত হয়। চলতি বছর নতুন ভোটার তালিকা প্রণয়ন এবং ‘একজন প্রযোজক, একটি ভোট’ নীতি চালুর পর প্রথমে ১১ জুলাই এবং পরে ৭ আগস্ট ভোটের দিন নির্ধারণ করা হলেও সর্বশেষ আদালতের নির্দেশে সেই নির্বাচনও আবার অনিশ্চয়তার মুখে পড়ল।
What's Your Reaction?