আর্জেন্টিনার পরবর্তী কোচ: প্ল্যান এ, বি, সি- সব পরিকল্পনাতেই স্কালোনি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা শিবিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন- কোচ হিসেবে লিওনেল স্কালোনি কি থাকছেন, নাকি বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন? স্কালোনি নিজেই জানিয়েছিলেন, তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন। এরপর কী করবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ছাড়তে একেবারেই রাজি নয়। এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার কথাতেই সেটি স্পষ্ট। আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘স্কালোনি আমাদের পরিকল্পনা এ, বি এবং সি।’ অর্থাৎ স্কালোনিই আর্জেন্টিনার প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ এবং তৃতীয় পছন্দ- সবই। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনির বক্তব্য অবশ্য আর্জেন্টিনা সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির ছিল না। আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘ডিসেম্বর পর্যন্ত আমি থাকব। এরপর সম্ভবত সরে দাঁড়াব। আমাকে সভাপতির সঙ্গে কথা বলতে হবে। তবে আপাতত মনে হচ্ছে, কিছু সময়ের জন্য বিরতি নেওয়া এবং থেমে যাওয়াই ভ

আর্জেন্টিনার পরবর্তী কোচ: প্ল্যান এ, বি, সি- সব পরিকল্পনাতেই স্কালোনি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা শিবিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন- কোচ হিসেবে লিওনেল স্কালোনি কি থাকছেন, নাকি বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন?

স্কালোনি নিজেই জানিয়েছিলেন, তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন। এরপর কী করবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ছাড়তে একেবারেই রাজি নয়।

এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার কথাতেই সেটি স্পষ্ট। আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘স্কালোনি আমাদের পরিকল্পনা এ, বি এবং সি।’ অর্থাৎ স্কালোনিই আর্জেন্টিনার প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ এবং তৃতীয় পছন্দ- সবই।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনির বক্তব্য অবশ্য আর্জেন্টিনা সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির ছিল না।

আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘ডিসেম্বর পর্যন্ত আমি থাকব। এরপর সম্ভবত সরে দাঁড়াব। আমাকে সভাপতির সঙ্গে কথা বলতে হবে। তবে আপাতত মনে হচ্ছে, কিছু সময়ের জন্য বিরতি নেওয়া এবং থেমে যাওয়াই ভালো হবে।’

স্কালোনির এই বক্তব্যে স্বাভাবিকভাবেই ধারণা তৈরি হয়, আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে পুরোপুরি দরজা বন্ধ করেননি কোচ। এএফএ সভাপতি তাপিয়ার সঙ্গে আলোচনার পর পরিস্থিতি বদলাতে পারে- এমন সম্ভাবনাও খোলা রেখেছেন তিনি।

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি তাপিয়ার সঙ্গে। তবে এএফএ সভাপতি ইতোমধ্যে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তিনি চান, স্কালোনিই আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যান।

তাপিয়া বলেন, ‘আমি চাই সে থাকুক, আমরা সবাই চাই সে থাকুক। আমরা এ নিয়ে কথা বলেছি। আলোচনা অনেক দূর এগিয়েছিল। কিন্তু আমি কৃতজ্ঞতাবোধ করা একজন মানুষ। তাকে তার সেরা সিদ্ধান্তটি নেওয়ার সুযোগ দিতে হবে এবং সেটিকে সম্মান করতে হবে।’

তবে স্কালোনির ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করতে চান না তাপিয়া। কোচ যদি আর দায়িত্ব পালনের ইচ্ছা অনুভব না করেন, তাহলে তাকে জোর করে ধরে রাখার পক্ষপাতী নন এএফএ সভাপতি।

তার ভাষায়, ‘সে যদি মনে করে তার আর সেই ইচ্ছা নেই, কিংবা তার সামনে আরও ভালো কোনো সুযোগ আছে, তাহলে আমি তাকে শিকল দিয়ে আটকে রাখতে পারি না।’ তাপিয়ার এই বক্তব্যে একদিকে যেমন স্কালোনিকে ধরে রাখার প্রবল আগ্রহ স্পষ্ট, অন্যদিকে কোচের ব্যক্তিগত সিদ্ধান্তকেও সম্মান করার বার্তা রয়েছে।

স্কালোনিকে এতটা গুরুত্ব দেওয়ার পেছনে বড় কারণ তার অধীনে আর্জেন্টিনার অভাবনীয় সাফল্য। ২০১৮ বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনি ধীরে ধীরে একটি নতুন আর্জেন্টিনা গড়ে তোলেন।

তার অধীনে ২০২১ সালে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা। এর আগে ২০২২ সালে ফাইনালিসিমাতেও ইতালিকে হারিয়েছিল তারা। ২০২৪ সালে আবার কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপেও স্কালোনির দল ফাইনালে উঠে যায়। শেষ পর্যন্ত স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারলেও পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। ফলে স্কালোনিকে শুধু একজন কোচ হিসেবে নয়, আর্জেন্টিনার সোনালি সময়ের অন্যতম প্রধান স্থপতি হিসেবে দেখছেন তাপিয়ারা।

স্কালোনির সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়েও তাপিয়ার বক্তব্য বেশ পরিষ্কার। তিনি জানেন, দীর্ঘদিন জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে কোচের ওপর মানসিক ও শারীরিক চাপ তৈরি হতে পারে। তাই চুক্তি থাকা সত্ত্বেও স্কালোনিকে নিজের ভবিষ্যৎ নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে চান তিনি।

তাপিয়ার ‘এ, বি ও সি- তিন পরিকল্পনাতেই স্কালোনি’ মন্তব্য আসলে আর্জেন্টিনার অবস্থানটিই স্পষ্ট করেছে। নতুন কাউকে নিয়ে ভাবার চেয়ে বর্তমান কোচকেই ধরে রাখাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।

বিশ্বকাপের পর তাই এখন বল স্কালোনির কোর্টে। তিনি কি আরও কয়েক বছর আর্জেন্টিনার দায়িত্ব পালন করবেন, নাকি দীর্ঘ সাফল্যের পর বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেবেন- সেটিই এখন দেখার বিষয়।

‘আর্জেন্টিনা ম্যাচ ছেড়ে দিয়েছে’- গুঞ্জনে ক্ষুব্ধ তাপিয়া

এদিকে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্র তত্ত্বেও ক্ষোভ প্রকাশ করেছেন তাপিয়া। আর্জেন্টিনা ইচ্ছাকৃতভাবে ম্যাচ ছেড়ে দিয়েছে- এমন অভিযোগ ও গুঞ্জন নিয়ে বিরক্ত এএফএ সভাপতি।

তাপিয়া বলেন, ‘এটা আমাকে রাগিয়ে দেয়। মনে হয়, এমন কিছু মানুষ আছে যারা বিরক্ত হয় যে আর্জেন্টিনা বারবার সাফল্য অর্জন করছে বা শিরোপা জিতছে।’

তার মতে, আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্যকে ঘিরে ভিত্তিহীন নানা আলোচনা তৈরি করা হচ্ছে। বিশ্বকাপেও এমন কিছু বিষয় নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

তাপিয়ার ভাষায়, ‘জীবনে কিছু বিষয় আছে, যেগুলো নিয়ে আপনার বাড়াবাড়ি করা উচিত নয়। কিন্তু এই বিশ্বকাপে সেগুলো নিয়েই বাড়াবাড়ি করা হয়েছে।’

বিশ্বকাপের ফাইনালে হারের হতাশা কাটিয়ে আর্জেন্টিনাকে এখন তাকাতে হচ্ছে সামনের দিনের দিকে। আর সেই ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন স্কালোনি।

কোচ নিজে ডিসেম্বর পর্যন্ত থাকার কথা নিশ্চিত করেছেন। এরপর বিরতি নেওয়ার ইঙ্গিত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি। অন্যদিকে এএফএ সভাপতি প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, তারা স্কালোনিকেই চান।

ফলে আর্জেন্টিনার সামনে এখন মূল প্রশ্ন একটাই- বিশ্বকাপের হতাশার পর স্কালোনি কি নতুন করে শুরু করবেন, নাকি সোনালি অধ্যায়ের ইতি টেনে নেবেন? তাপিয়ার কথায় অবশ্য আর্জেন্টিনার উত্তর অনেকটাই পরিষ্কার- স্কালোনিই তাদের পরিকল্পনা এ, বি ও সি।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow