ইউপি সদস্যকে মারধর করলেন স্বেচ্ছাসেবক দল নেতা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চালের কার্ডের ভাগ না পেয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মির্জা সোহেল বকশীগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। অন্যদিকে অভিযুক্ত আশিকুর রহমান তোলন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আশিকুর রহমান তোলন ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুর রহমান উপজেলা সমবায় কর্মকর্তা ও সদর ইউনিয়নের প্রশাসক আবদুল জলিলের কার্যালয়ে যান। সেখান থেকে আশিকুর রহমান তোলন ও মির্জা সোহেলের মধ্যে ভিজিএফ কার্ডের ভাগ চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে আশিকুর রহমান তোলন সোহেলকে কিলঘুষি মারে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। ইউপি সদস্য মির্জা সোহেল বলেন, আশিকুর রহমান তোলন ফোন করে আমার কাছে ভিজিএফ চালের কার্ডের ভাগ চান। আমি বলি, বরাদ্দ কার্ডের ২০ শতাংশ উপজেলা বিএনপিকে দিতে হবে। আলাদা করে কাউকে ভাগ দেওয়া সম্ভব নয়। এটি জানালে আমাকে ডেকে মা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চালের কার্ডের ভাগ না পেয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মির্জা সোহেল বকশীগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। অন্যদিকে অভিযুক্ত আশিকুর রহমান তোলন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আশিকুর রহমান তোলন ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুর রহমান উপজেলা সমবায় কর্মকর্তা ও সদর ইউনিয়নের প্রশাসক আবদুল জলিলের কার্যালয়ে যান। সেখান থেকে আশিকুর রহমান তোলন ও মির্জা সোহেলের মধ্যে ভিজিএফ কার্ডের ভাগ চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে আশিকুর রহমান তোলন সোহেলকে কিলঘুষি মারে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
ইউপি সদস্য মির্জা সোহেল বলেন, আশিকুর রহমান তোলন ফোন করে আমার কাছে ভিজিএফ চালের কার্ডের ভাগ চান। আমি বলি, বরাদ্দ কার্ডের ২০ শতাংশ উপজেলা বিএনপিকে দিতে হবে। আলাদা করে কাউকে ভাগ দেওয়া সম্ভব নয়। এটি জানালে আমাকে ডেকে মারধর করে আশিকুর রহমান তোলন।
সদর ইউনিয়নের প্রশাসক আবদুল জলিল বলেন, এখনো চাল বিতরণ শুরু হয়নি, কার্ড তৈরির কাজ চলছে। এর মধ্যেই ব্যক্তিগতভাবে কার্ড চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিষয়টি প্যানেল চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি।
উপজেলা বিএনপিকে ২০ শতাংশ কার্ড দেওয়ার বিষয়ে তিনি বলেন, দলীয়ভাবে কিছু তালিকা দেওয়ার কথা শোনা গেছে, যাতে যাচাই-বাছাই করে কার্ড দেওয়া যায়।
অভিযোগ অস্বীকার করে আশিকুর রহমান তোলন বলেন, আমি কাউকে মারধর করিনি। তার সঙ্গে শুধু কথা-কাটাকাটি হয়েছে। ভিজিএফ কার্ডের ভাগ নিয়েও কোনো কথা হয়নি। একটি গোডাউনের লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকে বিরোধ ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই বলেন, প্যানেল চেয়ারম্যান অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। চাল বা কার্ডের কোনো ভাগ দেওয়ার সুযোগ নেই। নির্ধারিত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে কার্ড বিতরণ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় ভিজিএফের ৩৭ হাজার ৩০৬টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল দেওয়া হবে। এর মধ্যে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ পেয়েছে ১ হাজার ৫৩৭টি কার্ড। বুধবার থেকে চাল বিতরণ শুরু হওয়ার কথা আছে।
What's Your Reaction?