এবার কি সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছেন রোনালদো-জর্জিনা!
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে জল্পনা নতুন কিছু নয়। গত একবছর ধরে তাদের বাগদানের খবর আলোচনায় থাকলেও কবে বিয়ের আনুষ্ঠানিকতা হবে, তা নিয়ে কখনোই স্পষ্ট কিছু জানাননি এই তারকা যুগল। তবে এবার স্পেনের মায়োর্কায় ছুটি কাটাতে গিয়ে একই ধরনের হীরার আংটি পরে দেখা যাওয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তারা। পর্তুগিজ সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ১ আগস্ট পর্তুগালের ঐতিহাসিক কুইন্তা দা রেগালেইরা প্রাসাদে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রোনালদো ও জর্জিনা। খবরটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে সেই গুঞ্জন বেশিক্ষণ টেকেনি। পরে এই দম্পতির পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রকাশিত নতুন প্রতিবেদনে জানানো হয়, এই সপ্তাহান্তে তাদের বিয়ে হচ্ছে না। ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়ে গেছে। একই আংটি, নতুন জল্পনা মায়োর্কায় ব্যক্তিগত ইয়টে ওঠার সময় রোনালদো ও জর্জিনাকে একই ধরনের ঝলমলে হীরার আংটি পরা অবস্থায় দেখা যায়। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয় বিয়ের গুঞ্জন। অনেকেই ধারণা করেন, এটি হয়তো বিয়ের আগাম ইঙ্গিত। যদিও রোনালদো কিংবা জর্জ
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে জল্পনা নতুন কিছু নয়। গত একবছর ধরে তাদের বাগদানের খবর আলোচনায় থাকলেও কবে বিয়ের আনুষ্ঠানিকতা হবে, তা নিয়ে কখনোই স্পষ্ট কিছু জানাননি এই তারকা যুগল। তবে এবার স্পেনের মায়োর্কায় ছুটি কাটাতে গিয়ে একই ধরনের হীরার আংটি পরে দেখা যাওয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তারা।
পর্তুগিজ সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ১ আগস্ট পর্তুগালের ঐতিহাসিক কুইন্তা দা রেগালেইরা প্রাসাদে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রোনালদো ও জর্জিনা। খবরটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তবে সেই গুঞ্জন বেশিক্ষণ টেকেনি। পরে এই দম্পতির পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রকাশিত নতুন প্রতিবেদনে জানানো হয়, এই সপ্তাহান্তে তাদের বিয়ে হচ্ছে না। ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়ে গেছে।
একই আংটি, নতুন জল্পনা
মায়োর্কায় ব্যক্তিগত ইয়টে ওঠার সময় রোনালদো ও জর্জিনাকে একই ধরনের ঝলমলে হীরার আংটি পরা অবস্থায় দেখা যায়। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয় বিয়ের গুঞ্জন।
অনেকেই ধারণা করেন, এটি হয়তো বিয়ের আগাম ইঙ্গিত। যদিও রোনালদো কিংবা জর্জিনা- কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
রোনালদো-জর্জিনার বাগদান অবশ্য অনেক আগেই সম্পন্ন হয়েছে। গত বছর রোনালদো জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। পরে নিজের আংটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন জর্জিনা। এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো বিয়ের প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি চাই, চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিয়েই বিয়ের মঞ্চে উঠতে।’
তিনি আরও বলেন, ‘আমি জর্জিনাকে বিয়ে করব, কারণ আমি বিশ্বাস করি সময়টা ঠিক হলেই সেটা হবে। শুধু সে আমার সন্তানদের মা বলেই নয়, বরং সে-ই সেই মানুষ, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি।’
বিয়ের গুঞ্জনের মাঝেই ব্যক্তিগত জেটে করে ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে সঙ্গে নিয়ে মায়োর্কায় ছুটি কাটাতে গেছেন রোনালদো ও জর্জিনা। পালমা বিমানবন্দরে নামার পর রোনালদোকে ভক্তদের সঙ্গে ছবি তুলতে, অটোগ্রাফ দিতে এবং শিশু সমর্থকদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। এরপর সোজা পরিবারের সঙ্গে ইয়টে সময় কাটাতে যান তিনি।
সব মিলিয়ে বোঝা যাচ্ছে, আপাতত তারা পারিবারিক সময় উপভোগ করছেন, বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত নন।
২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে কর্মরত অবস্থায় প্রথম পরিচয় হয় জর্জিনা রদ্রিগেজের সঙ্গে রোনালদোর। এরপর থেকে একসঙ্গে পথচলা শুরু হয় তাদের।
বর্তমানে পাঁচ সন্তানকে নিয়ে সুখী পরিবার গড়ে তুলেছেন তারা। যদিও সব সন্তান জর্জিনার গর্ভে জন্ম নেয়নি, তবুও সবাইকে নিজের সন্তানের মতোই লালন-পালন করছেন এই স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল।
দীর্ঘদিনের সম্পর্ক, বাগদান এবং একসঙ্গে সংসার- সবকিছুই ইঙ্গিত দেয় যে বিয়ে কেবল সময়ের অপেক্ষা। তবে কবে সেই মাহেন্দ্রক্ষণ আসবে, তা এখনও রহস্যই রয়ে গেছে।
এদিকে আল-নাসরের প্রাক-মৌসুম প্রস্তুতিতে খুব শিগগিরই যোগ দেওয়ার কথা রোনালদোর। ফলে এখনই বিয়ের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। তবে মায়োর্কার ছুটি, হাতে মিল থাকা হীরার আংটি এবং নতুন গুঞ্জন- সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা জুটিকে ঘিরে কৌতূহল আবারও তুঙ্গে উঠেছে।
আইএইচএস/
What's Your Reaction?