বিএনপির ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও আয়োজিত এই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।
রোববার বিকেলে লসঅ্যাঞ্জেলসে একটি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।
অনুষ্ঠানে আলোচকেরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তাদের দেশপ্রেম, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রামের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একইসঙ্গে ফ্যাসিবাদী শাসনের নির্যাতনে নিহতদের আত্মার মাগফিরাত এবং পঙ্গুত্ববরণকারী তৃণমূল নেতাকর্মীদের ও আহতদের সুস্থতা ও ধৈর্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণে বিএনপির নতুন যাত্রা সফল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যেন গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারের পথে আরও এগিয়ে যায়, সে জন্য বিশেষ প্রার্থনা করা হয়। দেশ ও জাতির সার্বিক অগ্রগতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের প্রত্যাশা পূরণে তার প্রজ্ঞা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, ড. জয়নাল আবেদীন, খন্দকার আলম, শামজুজ্জোহা বাবলু, মাহাবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারি চপল, আফজাল শিকদার, শওকত হোসেন আঞ্জিন, শাহাদাত হোসেন শাহিন, লিটু হোসেন, খন্দকার হাসনাত, শামছুন খান লাকি, ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহম্মেদ রাসেল, বদরুল আলম মাসুদ, লায়েক আহম্মেদ, রফিকুজ্জামান জুয়েল, আলমগীর হোসেন, শাহাদাত কবির ভূঁইয়া শান্ত, লোকমান হোসেন, ইলিয়াস মিয়া, কামাল হোসেন তরুণ, বাবর মহিউদ্দিন, জন মোহন, খায়রুজ্জামান মামুন, শফিকুল ইসলাম পলাশ, সুমেন আহম্মেদ, ওমর ফারুকটিটু সেলিনা খান মমপি, সামিয়া আলী, সারজিল বিন ইউসুফ প্রমুখ।