চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংকগুলোর করণীয়
চলমান ইরান-ইসরাইল-আমেরিকা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন এবং জ্বালানি বাজারের অস্থিরতা— সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে আমদানিনির্ভর দেশগুলোর ওপর, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিদ্যমান যুদ্ধ এবং আধিপত্যবাদ শক্তিগুলোর আগ্রাসী নীতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ক্রমেই দীর্ঘমেয়াদি বাস্তবতায় রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে আমদানিনির্ভর নিম্ন আয়ের দেশগুলোতে মারাত্মক জ্বালানি তেল সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেল ব্যবহারে এখনই সচেতন হওয়া জরুরি। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন এখনও বৃহদাংশে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল। ফলে তেলের দাম বৃদ্ধি মানেই বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহে চাপ সৃষ্টি। এই পরিস্থিতিতে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময় কমানো, লোড ম্যানেজমেন্ট জোরদার করা এবং বিভিন্ন খাতে নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করার মতো পদক্ষেপ নিয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোও এই নী
চলমান ইরান-ইসরাইল-আমেরিকা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন এবং জ্বালানি বাজারের অস্থিরতা— সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে আমদানিনির্ভর দেশগুলোর ওপর, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।
বিদ্যমান যুদ্ধ এবং আধিপত্যবাদ শক্তিগুলোর আগ্রাসী নীতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ক্রমেই দীর্ঘমেয়াদি বাস্তবতায় রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে আমদানিনির্ভর নিম্ন আয়ের দেশগুলোতে মারাত্মক জ্বালানি তেল সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেল ব্যবহারে এখনই সচেতন হওয়া জরুরি।
উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন এখনও বৃহদাংশে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল। ফলে তেলের দাম বৃদ্ধি মানেই বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহে চাপ সৃষ্টি। এই পরিস্থিতিতে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময় কমানো, লোড ম্যানেজমেন্ট জোরদার করা এবং বিভিন্ন খাতে নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করার মতো পদক্ষেপ নিয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোও এই নীতির অংশ হিসেবে তাদের লেনদেন ও অফিস সময় সীমিত করেছে।
কিন্তু এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, সেটি হলো— ব্যাংকিংসেবা কি শুধু সময়নির্ভর, নাকি এটি প্রযুক্তিনির্ভর একটি সেবা, যা সময়ের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে? বর্তমান সংকট আমাদের সেই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে।
প্রকৃতপক্ষে, জ্বালানি সংকট ব্যাংকিং খাতের জন্য এক ধরনের ‘স্ট্রেস টেস্ট’ হিসেবে কাজ করছে। এটি দেখিয়ে দিচ্ছে, প্রচলিত শাখাভিত্তিক ব্যাংকিং মডেল কতটা টেকসই এবং ভবিষ্যতের জন্য কতটা উপযোগী। একই সঙ্গে এটি একটি নতুন সুযোগও তৈরি করছে, তা হলো-ব্যাংকিং ব্যবস্থাকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর এবং টেকসই রূপে পুনর্গঠন করার।
প্রথমত, ডিজিটাল ব্যাংকিং এখন আর বিকল্প পদ্ধতি নয়, বরং এটি অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। আজকের দিনে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গ্রাহক ঘরে বসেই অধিকাংশ ব্যাংকিং কাজ সম্পন্ন করতে পারেন। অর্থ স্থানান্তর, বিল পরিশোধ, সঞ্চয় ব্যবস্থাপনা কিংবা ঋণের কিস্তি প্রদান-সব কিছুই হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকের হাতের ছোঁয়ায়।
এতে শাখায় যাওয়ার প্রয়োজন কমে, গ্রাহকের সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয় হয় এবং ব্যাংকের বিদ্যুৎ ও পরিচালন ব্যয়ও কমে।
তবে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে শুধু প্রযুক্তি স্থাপনই যথেষ্ট নয়। এর ব্যবহারযোগ্যতা, নিরাপত্তা এবং গ্রাহকের আস্থা সমানভাবে গুরুত্বপূর্ণ। সাইবার নিরাপত্তা জোরদার করা, সহজ ও ব্যবহারবান্ধব অ্যাপ তৈরি করা এবং গ্রাহকদের ডিজিটাল সাক্ষরতা বাড়ানো-এসব বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে ব্যাংকগুলোকে।
দ্বিতীয়ত, সীমিত কর্মঘণ্টার মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হলে ব্যাংকগুলোকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ‘ডিমান্ড ম্যানেজমেন্ট’ বা চাহিদা ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকদের আগমনের ধরণ বিশ্লেষণ করে সেবাগুলোকে সময়ভিত্তিক ভাগ করা যেতে পারে।
যেমন-নির্দিষ্ট সময়ে ক্যাশ লেনদেন, অন্য সময়ে ঋণ বা পরামর্শ সেবা। পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টভিত্তিক ব্যাংকিং চালু করা গেলে ভিড় কমবে এবং সেবার মান বাড়বে।
তৃতীয়ত, বিকল্প সেবা চ্যানেলগুলোর কার্যকারিতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এটিএম, ক্যাশ ডিপোজিট মেশিন, পয়েন্ট-অফ-সেল (পিওএস) এবং এজেন্ট ব্যাংকিং-এসব ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। বিশেষ করে এজেন্ট ব্যাংকিং গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে শুধু শাখার ওপর চাপ কমে না, বরং জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তিও বাড়ে।
চতুর্থত, ব্যাংকের নিজস্ব কার্যক্রমেও শক্তি দক্ষতা বাড়াতে হবে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো, এলইডি লাইট, স্মার্ট সেন্সর এবং আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা-এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নযোগ্য। পাশাপাশি সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো গেলে দীর্ঘমেয়াদে ব্যয় কমবে এবং পরিবেশগত দিক থেকেও ইতিবাচক প্রভাব পড়বে।
পঞ্চমত, মানবসম্পদ ব্যবস্থাপনায় নমনীয়তা আনা সময়ের দাবি। সব কাজ অফিসে বসে করার প্রয়োজন নেই। অনেক ব্যাক-অফিস কাজ, আইটি সাপোর্ট বা বিশ্লেষণধর্মী কার্যক্রম দূরবর্তীভাবে সম্পাদন করা সম্ভব। হাইব্রিড বা রিমোট কাজ চালু করা গেলে কর্মীদের যাতায়াত কমবে, উৎপাদনশীলতা বাড়বে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয় হবে।
ষষ্ঠত, গ্রাহক আচরণে পরিবর্তন আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এখনও নগদ লেনদেনের প্রবণতা বেশি, যা ব্যাংক শাখার ওপর চাপ সৃষ্টি করে। এই প্রবণতা পরিবর্তনের জন্য ব্যাংকগুলোকে সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে। আর্থিক আন্তর্ভূক্তিকরণ ও ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধিতে কাজ করতে হবে। পাশাপাশি ডিজিটাল ডিভাইড কমাতে কাজ করতে হবে। জিটাল লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও খরচ সাশ্রয়ের বিষয়গুলো সহজভাবে তুলে ধরতে হবে। প্রয়োজনে প্রণোদনা বা ছাড় দিয়ে গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা যেতে পারে।
সপ্তমত, কাগজবিহীন বা পেপারলেস ব্যাংকিংয়ের দিকে অগ্রসর হওয়া জরুরি। ই-স্টেটমেন্ট, ই-কেওয়াইসি, ই-সিগনেচার এবং ডিজিটাল আর্কাইভিং ব্যবস্থার মাধ্যমে কাগজের ব্যবহার কমানো সম্ভব। এতে শুধু ব্যয় কমে না, বরং ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ এবং পরিবেশবান্ধব হয়।
অষ্টমত, এই রূপান্তরকে সফল করতে হলে নীতিগত সমন্বয় অপরিহার্য। কেন্দ্রীয় ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ডিজিটাল ব্যাংকিং, গ্রিন ফাইন্যান্সিং এবং প্রযুক্তিনির্ভর বিনিয়োগে প্রণোদনা দেয়, তবে ব্যাংকগুলো দ্রুত এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। একই সঙ্গে একটি সুস্পষ্ট গাইডলাইন থাকলে পুরো খাতে দক্ষতা ও সাশ্রয় নিশ্চিত করা সহজ হবে।
তবে এই পরিবর্তনের পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। সাইবার নিরাপত্তা ঝুঁকি, প্রযুক্তিগত অবকাঠামোর সীমাবদ্ধতা, গ্রাহকের আস্থার অভাব এবং ডিজিটাল সাক্ষরতার ঘাটতি-এসব বিষয় সমাধান করতে না পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে। তাই প্রযুক্তির প্রসারের পাশাপাশি নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির ওপর সমান গুরুত্ব দিতে হবে।
সবশেষে বলা যায়, বর্তমান জ্বালানি সংকট একটি সতর্কবার্তা হলেও এটি একই সঙ্গে একটি বড় সুযোগ। এটি আমাদের দেখিয়ে দিচ্ছে যে প্রচলিত ব্যাংকিং কাঠামোকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর এবং টেকসই করে তোলা এখন সময়ের দাবি।
যদি বাণিজ্যিক ব্যাংকগুলো এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের কার্যক্রম পুনর্গঠন করতে পারে, তবে তারা শুধু বর্তমান সংকট মোকাবিলা করতে পারবে না, বরং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী, প্রতিযোগিতামূলক এবং গ্রাহকবান্ধব অবস্থানে পৌঁছাতে পারবে।
অতএব, জ্বালানি সাশ্রয়কে যদি আমরা কেবল খরচ কমানোর কৌশল হিসেবে না দেখে একটি নতুন ব্যাংকিং দর্শনের ভিত্তি হিসেবে বিবেচনা করি-যেখানে দক্ষতা, প্রযুক্তি ও দায়িত্বশীলতা একসঙ্গে কাজ করে-তাহলেই একটি আধুনিক, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
লেখক : মো. খায়রুল হাসান, সিএসএএ, ব্যাংকার ও আর্থিক খাতের বিশ্লেষক।
What's Your Reaction?