জ্বালানি সংকটে বিমানসেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

ইরান যুদ্ধের কারণে জেট জ্বালানির ঘাটতি ও মূল্যবৃদ্ধি তীব্র আকার ধারণ করায় প্রথম বড় এয়ারলাইন হিসেবে বহু উড়োজাহাজ আপাতত বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে লুফথানসা। একই সময়ে আফ্রিকার দেশ নাইজেরিয়ার এয়ারলাইনগুলো সম্পূর্ণভাবে সব ফ্লাইট বন্ধের হুমকি দিচ্ছে, কারণ জ্বালানি সরবরাহ কমে যাওয়া এবং দাম বৃদ্ধির বিষয়ে সরকার ও এয়ারলাইনগুলো ক্রমেই জরুরি সতর্কতা জারি করছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের পর থেকেই এয়ারলাইনগুলো ভাড়া বাড়িয়েছে, জ্বালানি সারচার্জ আরোপ করেছে এবং খরচ কমাতে ও নগদ অর্থ সংরক্ষণে কিছু রুট কমিয়েছে। এয়ারলাইনগুলো সতর্ক করে বলেছে, কয়েক সপ্তাহের মধ্যেই জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে, যা উত্তর গোলার্ধের গ্রীষ্মকালীন ভ্রমণের শীর্ষ মৌসুমের আগে ভ্রমণে বিঘ্ন ঘটাবে ও সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সংকটে ফেলবে উড়োজাহাজ খাতকে। জার্মানির লুফথানসা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জানায়, তারা শিগগির সর্বোচ্চ ২৭টি উড়োজাহাজ বসিয়ে রাখবে। এমন সিদ্ধান্ত নেওয়া প্রথম বড় এয়ারলাইন এটি। অন্যদিকে যুক্তরাজ্যের ইজিজেট সতর্ক করেছে, তাদের বুকিং গত বছরের তুলনায় কমছে। বিশ্লেষকদের

জ্বালানি সংকটে বিমানসেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

ইরান যুদ্ধের কারণে জেট জ্বালানির ঘাটতি ও মূল্যবৃদ্ধি তীব্র আকার ধারণ করায় প্রথম বড় এয়ারলাইন হিসেবে বহু উড়োজাহাজ আপাতত বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে লুফথানসা। একই সময়ে আফ্রিকার দেশ নাইজেরিয়ার এয়ারলাইনগুলো সম্পূর্ণভাবে সব ফ্লাইট বন্ধের হুমকি দিচ্ছে, কারণ জ্বালানি সরবরাহ কমে যাওয়া এবং দাম বৃদ্ধির বিষয়ে সরকার ও এয়ারলাইনগুলো ক্রমেই জরুরি সতর্কতা জারি করছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের পর থেকেই এয়ারলাইনগুলো ভাড়া বাড়িয়েছে, জ্বালানি সারচার্জ আরোপ করেছে এবং খরচ কমাতে ও নগদ অর্থ সংরক্ষণে কিছু রুট কমিয়েছে।

এয়ারলাইনগুলো সতর্ক করে বলেছে, কয়েক সপ্তাহের মধ্যেই জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে, যা উত্তর গোলার্ধের গ্রীষ্মকালীন ভ্রমণের শীর্ষ মৌসুমের আগে ভ্রমণে বিঘ্ন ঘটাবে ও সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সংকটে ফেলবে উড়োজাহাজ খাতকে।

জার্মানির লুফথানসা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জানায়, তারা শিগগির সর্বোচ্চ ২৭টি উড়োজাহাজ বসিয়ে রাখবে। এমন সিদ্ধান্ত নেওয়া প্রথম বড় এয়ারলাইন এটি। অন্যদিকে যুক্তরাজ্যের ইজিজেট সতর্ক করেছে, তাদের বুকিং গত বছরের তুলনায় কমছে।

বিশ্লেষকদের মতে, সামনে আরও সক্ষমতা হ্রাস, বিমান বসিয়ে রাখা ও অতিরিক্ত চার্জ আরোপ হতে পারে। যুদ্ধের প্রভাব কতটা পড়ছে, তা বোঝার জন্য বিনিয়োগকারীরা এয়ারলাইনগুলোর আর্থিক ফলাফলের দিকে নজর রাখছেন।

দুই সপ্তাহের যুদ্ধবিরতি তেমন স্বস্তি দিতে পারেনি, কারণ হরমুজ প্রণালির চলমান বন্ধের কারণে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ বাজার থেকে বাদ পড়েছে। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতি মেরামতে রিফাইনারিগুলোর সময় লাগছে।

শেয়ারবাজারে ইজিজেটের শেয়ার এক পর্যায়ে ৯ শতাংশ পর্যন্ত পড়ে যায়, পরে কমে ৫ শতাংশ ক্ষতিতে বন্ধ হয়। রায়ানএয়ারের শেয়ার ৬ শতাংশ কমে যায় এবং উইজ এয়ার ও লুফথানসার শেয়ার প্রায় ৩ শতাংশ করে কমেছে।

গুডবডি প্রতিষ্ঠানের এভিয়েশন প্রধান ডাডলি শ্যানলি বলেন, এয়ারলাইনগুলোর মুনাফার পূর্বাভাস কমাতে হবে। ধীরগতির বুকিং এবং কম আয় বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ বাড়াচ্ছে।

নাইজেরিয়ার এয়ারলাইনগুলো বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সতর্ক করে বলেছে, জ্বালানির দাম কমানো না হলে তারা সোমবার থেকেই ফ্লাইট বন্ধ করে দিতে পারে। ফেব্রুয়ারির শেষ থেকে জ্বালানির দাম প্রায় ২৭০ শতাংশ বেড়েছে।

এয়ারলাইন অপারেটরস অব নাইজেরিয়া জানিয়েছে, বর্তমানে এয়ারলাইনগুলোর আয় শুধু জ্বালানির খরচই মেটাতে পারছে না।

অস্ট্রেলিয়ায় দেশটির দুইটি তেল শোধনাগারের মধ্যে সবচেয়ে বড়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। এর মালিক ভিভা এনার্জি জানিয়েছে, এতে পেট্রোল ও বিমান জ্বালানির উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে।

দেরিতে বুকিং, বাড়ছে অভ্যন্তরীণ ভ্রমণ

ইজিজেটের প্রধান নির্বাহী কেন্টন জারভিস বলেন, যাত্রীরা এখন ভ্রমণের তারিখের কাছাকাছি সময় বুকিং দিচ্ছেন এবং শুরুতে অভ্যন্তরীণ ও শহরভিত্তিক গন্তব্যে ভ্রমণ বাড়ার প্রবণতা দেখা গেছে। তিনি বলেন, বুকিংয়ের সময়সীমা পিছিয়ে যাচ্ছে ও যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, তা হলো পূর্ব ভূমধ্যসাগর থেকে কিছুটা পশ্চিম ভূমধ্যসাগরের দিকে ঝোঁক। তবে তিনি জানান, সাইপ্রাস, মিশর ও তুরস্কে ভ্রমণ ধীরে ধীরে আবার বাড়ছে।

চাহিদার পরিবর্তন কাজে লাগাতে লুফথানসা এশিয়ায় নতুন ফ্লাইট চালু করেছিল। একই সঙ্গে তারা ব্যয়-সাশ্রয়ী ও কার্যকর কোম্পানি গড়ার লক্ষ্যে পুনর্গঠন কৌশল চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে তাদের সিটিলাইন সহযোগী প্রতিষ্ঠানের ২৭টি বিমান এবং লুফথানসা ব্র্যান্ডের চারটি পুরোনো বিমান বসিয়ে রাখার সিদ্ধান্তে শ্রমিক ইউনিয়নগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাইলট ও কেবিন ক্রুদের ধর্মঘটেও ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি।

এয়ারলাইনগুলো বলছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে চাহিদা কীভাবে পরিবর্তিত হবে তা অনুমান করা কঠিন, কারণ পর্যটকরা ভ্রমণ জটিলতা ও মূল্যবৃদ্ধি নিয়ে শঙ্কায় রয়েছেন।

জারভিস জানান, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের বুকিং এখন পর্যন্ত ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে আসন পূরণের হার (লোড ফ্যাক্টর) অনিশ্চিত রয়েছে। তিনি বলেন, সবকিছু নির্ভর করবে গ্রীষ্মের শেষ ভাগের বাজার পরিস্থিতি ও আগামী এক-দুই সপ্তাহে সংঘাতের কী হয় তার ওপর।

ইজিজেট জানায়, তাদের গ্রীষ্মকালীন জ্বালানির ৭০ শতাংশ প্রতি মেট্রিক টনে ৭০৬ ডলারে আগেই নিশ্চিত করা হয়েছে। তবে গ্রীষ্মের শেষে এই সুরক্ষা কমে গেলে খরচ বাড়তে পারে ও তা ভাড়ার ওপর চাপ ফেলতে পারে।

বিকল্প জ্বালানি খোঁজে তৎপরতা

সংঘাতের কারণে জেট জ্বালানির জন্য হঠাৎ চাহিদা, মজুত বৃদ্ধি ও কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। তবে মধ্যপ্রাচ্যনির্ভর দেশগুলোর পক্ষে সরবরাহ ঘাটতি পূরণ করা কঠিন হতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন জরুরি পরিকল্পনা নিচ্ছে, যাতে শোধনাগারের উৎপাদন বাড়ানো যায় এবং যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড পরিমাণ জেট জ্বালানি আমদানি করা যায়। তাদের পরিবহন জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি আমদানিনির্ভর জেট জ্বালানি, যার প্রায় ৭৫ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আসে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে গেছেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং অর্থনীতিতে ধাক্কা কমাতে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি জানান, অস্ট্রেলিয়া তাদের সম্প্রসারিত কৌশলগত মজুত ব্যবস্থার আওতায় ব্রুনেই ও দক্ষিণ কোরিয়া থেকে ইতোমধ্যে ১০০ মিলিয়ন লিটার ডিজেল সংগ্রহ করেছে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, শোধনাগারে আগুনের ঘটনায় জ্বালানির দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ আরও বাড়তে পারে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow