ট্রাইব্যুনালের রায় উপেক্ষার অভিযোগ, চিটাগাং চেম্বার নির্বাচন নিয়ে বিতর্ক

চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এফবিসিসিআই সালিশী ট্রাইব্যুনালের রায় উপেক্ষা করে পুরোনো তপশিল অনুযায়ী আগামী ২৩ মে নির্বাচন আয়োজনের অভিযোগ তুলেছে ব্যবসায়ীদের একটি অংশ।  তাদের দাবি, ট্রাইব্যুনাল পূর্বের তপশিল বাতিল করে নতুন তপশিল অনুযায়ী নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও নির্বাচন বোর্ড তা আমলে না নিয়ে তড়িঘড়ি ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৮ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) ও চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষণার পরদিন ১৯ মে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়। সংগঠনটির প্রচার ও মিডিয়া সেলের পক্ষে মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, সারাদেশের মতো চট্টগ্রামের ব্যবসায়ীরাও বর্তমানে

ট্রাইব্যুনালের রায় উপেক্ষার অভিযোগ, চিটাগাং চেম্বার নির্বাচন নিয়ে বিতর্ক

চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এফবিসিসিআই সালিশী ট্রাইব্যুনালের রায় উপেক্ষা করে পুরোনো তপশিল অনুযায়ী আগামী ২৩ মে নির্বাচন আয়োজনের অভিযোগ তুলেছে ব্যবসায়ীদের একটি অংশ। 

তাদের দাবি, ট্রাইব্যুনাল পূর্বের তপশিল বাতিল করে নতুন তপশিল অনুযায়ী নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও নির্বাচন বোর্ড তা আমলে না নিয়ে তড়িঘড়ি ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৮ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) ও চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে।

নির্বাচনের তারিখ ঘোষণার পরদিন ১৯ মে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়। সংগঠনটির প্রচার ও মিডিয়া সেলের পক্ষে মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, সারাদেশের মতো চট্টগ্রামের ব্যবসায়ীরাও বর্তমানে ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অনেক ব্যবসায়ী পবিত্র হজ পালনে দেশের বাইরে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে অল্প সময়ের ব্যবধানে ভোটগ্রহণের ঘোষণা দেওয়াকে তারা প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছেন।

বিবৃতিতে বলা হয়, চিটাগাং চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন নিশ্চিত করতে এর আগে এফবিসিসিআই সালিশী ট্রাইব্যুনালে ১১/২০২৫ ও ১৩/২০২৫ নম্বর আবেদন করা হয়। শুনানি চলাকালে চেম্বারের সদস্য নির্বাচনসংক্রান্ত বিষয়ে হাইকোর্টে রিট দায়ের হলে ট্রাইব্যুনাল কার্যক্রম স্থগিত রাখে। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে ১২ মার্চ ২০২৬ তারিখে আপিল বিভাগ চিটাগাং চেম্বারের নির্বাচনসংক্রান্ত সব আবেদন চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য এফবিসিসিআই ট্রাইব্যুনালকে নির্দেশ দেয়।

এরপর সংশ্লিষ্ট পক্ষগুলোর শুনানি শেষে ২২ এপ্রিল ২০২৬ তারিখে এফবিসিসিআই সালিশী ট্রাইব্যুনাল পূর্বের নির্বাচনী তপশিল বাতিল করে নতুন তপশিল অনুযায়ী নির্বাচন আয়োজনের রায় দেয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। একইসঙ্গে বাণিজ্য সংগঠন আইন-২০২২, বিধিমালা-২০২৫, কোম্পানি আইন ও আয়কর আইন অনুসরণের কথাও বলা হয়। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের দাবি, আপিল বিভাগও পরবর্তীতে ওই অবস্থান বহাল রাখে।

বিবৃতিতে আরও বলা হয়, ট্রাইব্যুনালের রায় কার্যকর থাকা অবস্থায় নির্বাচন বোর্ড বাতিল হওয়া তপশিল অনুযায়ী ২৩ মে ভোট আয়োজনের ঘোষণা দিয়েছে, যা বেআইনি ও অবৈধ। এ অবস্থায় নতুন তপশিল ঘোষণা করে নির্বাচন আয়োজনের দাবিতে মহাপরিচালক, বাণিজ্য সংগঠন বরাবর ১৮ মে লিখিত আবেদনও করা হয়েছে।

বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক, জসিম উদ্দিন চৌধুরী, ডা. এটিএম রেজাউল করিম, আহমেদুল আলম চৌধুরী (রাসেল), মোহাম্মদ আইয়ুব, এস এম কামাল উদ্দিন, কাজী ইমরান এফ রহমান, কামরুল হুদা, মো. রফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ, আহমেদ রশীদ আমু, নুরুল আবছার, মো. আজিজুল হক, মো. রাশেদ আলী, মো. মুসা, মো. আরিফ হোসেন ও মো. হুমায়ুন কবির পাটোয়ারীসহ আরও অনেকে।

এদিকে চেম্বারের সভাপতি পদপ্রার্থী ও ব্যবসায়ী এস এম নুরুল হক অভিযোগ করে কালবেলাকে বলেন,'আইন ও বিধি অনুসরণ না করেই এ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী নির্বাচন হচ্ছে না, ফলে পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে থাকলেও হঠাৎ করে ১৮ মে তপশিল ঘোষণা করে ২৩ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আবার শুক্রবার রয়েছে, পাশাপাশি অনেকে হজ পালনে দেশের বাইরে অবস্থান করছেন।'

অন্যদিকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম কালবেলাকে বলেন,' তারা কোন আদালতের আদেশের কথা বলছেন, সে বিষয়ে আমাদের জানা নেই। আমরা আপিল বিভাগের রায়ের আলোকে নির্বাচনের তারিখ ঘোষণা করেছি।'

চিটাগাং চেম্বারের নির্বাচন গত কয়েক মাস ধরে মামলা-পাল্টা মামলা ও আদালতের নির্দেশনার কারণে একাধিকবার স্থগিত হয়। সংশ্লিষ্টরা জানান, উচ্চ আদালতের নির্দেশে পাঁচবার পর্যন্ত নির্বাচন স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম চেম্বারের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ৩০ মার্চ। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়ীদের আন্দোলনের মুখে ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন তৎকালীন পরিচালনা বোর্ড পদত্যাগ করলে ওই বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর থেকে প্রশাসকের মাধ্যমেই পরিচালিত হচ্ছে সংগঠনটি।

বর্তমানে চেম্বারে সাধারণ সদস্য ৪ হাজার ১ জন, সহযোগী সদস্য ২ হাজার ৭৬৪ জন, শহর সমিতির সদস্য ৫ জন এবং ট্রেড গ্রুপের সদস্য ১০ জনসহ মোট ৬ হাজার ৭৮০ জন সদস্য রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow