দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর। শনিবার (১৫ আগস্ট) সাভারের বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ডা. এম এ মুহিত বলেন, সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে চায়। শুধু রাজনৈতিক বক্তব্য কিংবা কথার ফুলঝুরি নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের সমস্যাগুলোর সমাধান করতে চায় সরকার। তিনি আরও বলেন, গত প্রায় ১৭ বছর ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অবহেলার শিকার হয়েছে। জনগণ বঞ্চিত হয়েছে এবং সব সেক্টরে সংকট তৈরি হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করছেন। কীভাবে দেশের মানুষকে স্বস্তি দেওয়া যায় এবং তাদের জন্য ভালো কিছু করা যায়, সে লক্ষ্যেই সরকারের কার্যক্রম চলছে। এর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর।
শনিবার (১৫ আগস্ট) সাভারের বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডা. এম এ মুহিত বলেন, সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে চায়। শুধু রাজনৈতিক বক্তব্য কিংবা কথার ফুলঝুরি নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের সমস্যাগুলোর সমাধান করতে চায় সরকার।
তিনি আরও বলেন, গত প্রায় ১৭ বছর ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অবহেলার শিকার হয়েছে। জনগণ বঞ্চিত হয়েছে এবং সব সেক্টরে সংকট তৈরি হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করছেন। কীভাবে দেশের মানুষকে স্বস্তি দেওয়া যায় এবং তাদের জন্য ভালো কিছু করা যায়, সে লক্ষ্যেই সরকারের কার্যক্রম চলছে। এর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণেই এবারের বাজেটে দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার গঠনের প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন। মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সময়মতো সরকারি কর্মপরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন।
পুরোনো ধারার রাজনীতি ও শুধু বক্তব্যনির্ভর রাজনীতি থেকে সরকার বেরিয়ে এসেছে মন্তব্য করে ডা. এম এ মুহিত বলেন, যারা নতুন বন্দোবস্তের কথা বলেন, তাদের উদ্দেশে বলতে চাই, এটাই নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশের পথচলা।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বীসহ স্থানীয় নেতা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
What's Your Reaction?