দেশ বদলাইছি, কিন্তু নৈতিকতা বদলায়নি

গোটা বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দেখার সুযোগ হয়েছে। যেমন লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো, বাংলা বাজার এবং বিভিন্ন কমিউনিটির মানুষের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা, পাশাপাশি ইতালি, পর্তুগাল এবং অন্যান্য দেশে বসবাসকারী বাংলাদেশিদের জীবনযাত্রা নিয়ে শোনা নানা পর্যবেক্ষণ—সব মিলিয়ে একটি প্রশ্ন বারবার সামনে এসেছে। আমরা দেশ ছেড়েছি, ঠিকানা পরিবর্তন করেছি, কিন্তু নৈতিকতা কি সত্যিই বদলেছে? অনেকেই মনে করেন, ইউরোপ বা আমেরিকায় গেলেই মানুষ স্বয়ংক্রিয়ভাবে উন্নত মূল্যবোধ অর্জন করে। কিন্তু বাস্তবতা তা বলে না। পাসপোর্ট বদলায়, নাগরিকত্ব বদলায়, ঠিকানা বদলায়, কিন্তু বিবেক বদলানো সবচেয়ে কঠিন কাজ। লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে ব্যক্তিগত পর্যবেক্ষণ ছিল মিশ্র। অর্থনৈতিক উন্নতি, ব্যবসা এবং বাহ্যিক সমৃদ্ধি আছে, কিন্তু মানবিক ও সামাজিক আচরণে মৌলিক পরিবর্তনের অভাব অনেক ক্ষেত্রেই স্পষ্ট। কোথাও কোথাও মনে হয়েছে, বাংলাদেশের সামাজিক বাস্তবতা যেন নতুন ভৌগোলিক রূপে পুনরাবৃত্ত হয়েছে। এই চিত্র শুধু লন্ডনের নয়। নিউইয়র্ক, লস এঞ্জেলেস এবং অন্যান্য শহরেও একই ধরনের অভিজ্ঞতার কথা শোনা যায়। ধর্মীয় পরিচয়ের প্রকাশ বাড়ল

দেশ বদলাইছি, কিন্তু নৈতিকতা বদলায়নি

গোটা বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দেখার সুযোগ হয়েছে। যেমন লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো, বাংলা বাজার এবং বিভিন্ন কমিউনিটির মানুষের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা, পাশাপাশি ইতালি, পর্তুগাল এবং অন্যান্য দেশে বসবাসকারী বাংলাদেশিদের জীবনযাত্রা নিয়ে শোনা নানা পর্যবেক্ষণ—সব মিলিয়ে একটি প্রশ্ন বারবার সামনে এসেছে।

আমরা দেশ ছেড়েছি, ঠিকানা পরিবর্তন করেছি, কিন্তু নৈতিকতা কি সত্যিই বদলেছে?

অনেকেই মনে করেন, ইউরোপ বা আমেরিকায় গেলেই মানুষ স্বয়ংক্রিয়ভাবে উন্নত মূল্যবোধ অর্জন করে। কিন্তু বাস্তবতা তা বলে না। পাসপোর্ট বদলায়, নাগরিকত্ব বদলায়, ঠিকানা বদলায়, কিন্তু বিবেক বদলানো সবচেয়ে কঠিন কাজ।

লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে ব্যক্তিগত পর্যবেক্ষণ ছিল মিশ্র। অর্থনৈতিক উন্নতি, ব্যবসা এবং বাহ্যিক সমৃদ্ধি আছে, কিন্তু মানবিক ও সামাজিক আচরণে মৌলিক পরিবর্তনের অভাব অনেক ক্ষেত্রেই স্পষ্ট। কোথাও কোথাও মনে হয়েছে, বাংলাদেশের সামাজিক বাস্তবতা যেন নতুন ভৌগোলিক রূপে পুনরাবৃত্ত হয়েছে।

এই চিত্র শুধু লন্ডনের নয়। নিউইয়র্ক, লস এঞ্জেলেস এবং অন্যান্য শহরেও একই ধরনের অভিজ্ঞতার কথা শোনা যায়। ধর্মীয় পরিচয়ের প্রকাশ বাড়লেও সততা, পারস্পরিক আস্থা, সহমর্মিতা এবং সামাজিক সংহতির ঘাটতি অনেক ক্ষেত্রে দৃশ্যমান।

প্রশ্নটি তাই স্বাভাবিকভাবেই উঠে আসে—কেন? সম্ভবত কারণ অর্থনৈতিক অভিবাসন ঘটেছে, কিন্তু মূল্যবোধের পরিবর্তন ঘটেনি। পর্তুগালসহ দক্ষিণ ইউরোপের নতুন অভিবাসী বাস্তবতায় দেখা যায়, মানুষ ধীরে ধীরে অনানুষ্ঠানিক শ্রমনির্ভর অর্থনীতির ভেতরে প্রবেশ করছে। ভাষা, কাগজপত্র এবং বৈধ কর্মসংস্থানের সীমাবদ্ধতা এখানে বড় ভূমিকা রাখে।

অনেক সময় আবাসন, কাজ এবং সামাজিক নিরাপত্তার অভাবে মানুষ ছোট ছোট নেটওয়ার্কের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা আবার কখনও শোষণমূলক সম্পর্ক তৈরি করে।

একই সঙ্গে দেখা যায়, নতুন দেশে গিয়েও সামাজিক আচরণ, অবিশ্বাস এবং বিভাজন আগের দেশের সামাজিক কাঠামোরই প্রতিফলন বহন করে।

তাই প্রশ্নটি আবার ফিরে আসে—ভৌগোলিক পরিবর্তন কি সত্যিই নৈতিক পরিবর্তন আনছে, নাকি মানসিক কাঠামো একই থেকে যাচ্ছে?

দেশ ছাড়ার কারণ এক নয়। কেউ যায় বেঁচে থাকার তাগিদে, কেউ নিরাপত্তার খোঁজে, কেউ সুযোগের অভাবে, আবার কেউ যায় ক্ষমতা হারানোর ভয় বা জবাবদিহিতা এড়াতে। কিন্তু যখন সমাজের বিভিন্ন স্তরের মানুষ একই সময়ে দেশ ছাড়ে, তখন সেটি ব্যক্তিগত সিদ্ধান্তের বাইরে গিয়ে রাষ্ট্রের ভেতরের গভীর বাস্তবতার সংকেত হয়ে দাঁড়ায়—অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অস্থিরতা বা প্রাতিষ্ঠানিক দুর্বলতার প্রতিফলন হিসেবে।

ইতালির অভিজ্ঞতায় দেখা যায়, ভেনিস, মেস্ত্রে, মিলান ও রোমসহ বিভিন্ন শিল্পাঞ্চলে অভিবাসী শ্রমিকদের আবাসন সংকট বাস্তবতা। অনেক ক্ষেত্রে একাধিক শ্রমিক একটি ফ্ল্যাটে বসবাস করে। কখনও বাড়ির মালিক নিজেও অভিবাসী, যিনি আর্থিক চাপ সামলাতে অতিরিক্ত ভাড়াটিয়া রাখেন। আবার কখনও মানুষের অসহায়ত্বই ব্যবসার সুযোগে পরিণত হয়।

এখানে অবশ্যই একটি বিষয় স্পষ্ট করা জরুরি। এই ধরনের অভিজ্ঞতা দিয়ে কোনো সম্প্রদায়কে সাধারণীকরণ করা যায় না। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা পরিশ্রম, সততা এবং অর্থনৈতিক অবদানের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তবুও এটাও সত্য যে, অভিবাসী সমাজের ভেতরেও কখনও কখনও শোষণমূলক কাঠামো তৈরি হয়, যেখানে একই কমিউনিটির দুর্বলতাকে পুঁজি করা হয়।

নতুন অভিবাসীরা অনেক সময় ভাষা, আইন বা ব্যবস্থার সঙ্গে পরিচিত নয়। বিকল্প সুযোগ সীমিত। ফলে তারা উচ্চ ভাড়া, অনিশ্চিত কর্মপরিবেশ এবং নীরব শোষণের মধ্যে আটকে পড়ে।

এই বাস্তবতা শুধু একটি দেশের নয়, এটি বহু অভিবাসী সমাজের সাধারণ চিত্র। এখান থেকেই প্রশ্নটি অর্থনীতি থেকে সরে গিয়ে নৈতিকতার কেন্দ্রে চলে আসে। কারণ সমস্যা কেবল কোনো দেশ নয়—ইতালি, পর্তুগাল, লন্ডন বা নিউইয়র্ক নয়।

সমস্যা মানুষের ভেতরের সেই প্রবণতা, যা সুযোগ পেলেই দুর্বলতার ওপর প্রভাব বিস্তার করতে চায়। যে ব্যক্তি দেশে ক্ষমতার অপব্যবহারকে স্বাভাবিক মনে করে, বিদেশেও অনেক সময় একই মানসিকতা বহন করে।

যে ব্যক্তি দেশে দুর্বল মানুষের সুযোগ নেয়, বিদেশেও সেই আচরণ পুনরাবৃত্তি হতে পারে। যে ব্যক্তি দেশে দুর্নীতিকে গ্রহণযোগ্য মনে করে, বিদেশে গিয়েও সেই মানসিকতার নতুন রূপ দেখা যেতে পারে।

তাই প্রশ্ন ওঠে রাষ্ট্র ও প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে। বিদেশে অর্থপাচার বা সম্পদ স্থানান্তর নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। তবে এসব বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হলে আবেগ নয়, প্রমাণভিত্তিক ও নিরপেক্ষ বিশ্লেষণ জরুরি।

কারণ নৈতিকতা শুধু অন্যায়ের বিরোধিতা নয়, ন্যায়বিচারের প্রতিও সমান দায়বদ্ধতা। আমরা উন্নয়নকে প্রায়ই অর্থনৈতিক সূচকে সীমাবদ্ধ করি। কিন্তু প্রকৃত উন্নয়ন কি শুধু আয়, ভবন বা সম্পদের পরিমাণ?

ইতিহাস বলে অন্য কথা। একটি সমাজের প্রকৃত উন্নয়ন নির্ধারিত হয় সে সমাজ দুর্বল মানুষের সঙ্গে কেমন আচরণ করে তার মাধ্যমে। একজন শ্রমিককে কতটা মর্যাদা দেওয়া হয়। একজন অভিবাসীকে কতটা মানবিকভাবে গ্রহণ করা হয়।

একজন অসহায় মানুষের প্রতি কতটা সহমর্মিতা দেখানো হয়। ক্ষমতা পাওয়ার পর মানুষ কতটা সংযম দেখাতে পারে। এসবই সভ্যতার আসল মাপকাঠি।

আজ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিউনিটির দিকে তাকালে প্রশ্নটি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। আমরা কি সত্যিই উন্নত হচ্ছি, নাকি শুধু অর্থনৈতিকভাবে ওপরে উঠছি?

বিদেশে গিয়ে কি শুধু আয় বাড়াচ্ছি, নাকি মানবিক মূল্যবোধও শক্তিশালী করছি? যদি শোষণ, অবিশ্বাস এবং ক্ষমতার অপব্যবহার একইভাবে দেশ থেকে বিদেশে বহমান থাকে, তাহলে বাস্তবতা দাঁড়ায় একটি কঠিন সত্যে—

ঠিকানা বদলেছে, কিন্তু মানসিকতা বদলায়নি। এখানেই নৈতিক সংকট। শেষ পর্যন্ত প্রশ্নটি কোনো একটি দেশের নয়। এটি আমাদের নিজেদের। আমরা কি শুধু স্থান বদলাচ্ছি, নাকি সত্যিই মানুষ হিসেবে পরিবর্তিত হচ্ছি?

কারণ দেশ বদলানো সহজ। ঠিকানা বদলানো সহজ। কিন্তু বিবেক বদলানো সবচেয়ে কঠিন। ভৌগোলিক অভিবাসন ঘটেছে, কিন্তু নৈতিক অভিবাসন এখনও প্রশ্নসাপেক্ষ।

গত কয়েক দশকে লাখ লাখ মানুষ দেশ ছেড়েছে। কেউ সুযোগের জন্য, কেউ শিক্ষার জন্য, কেউ পেশাগত উন্নতির জন্য। তাদের জীবন বদলেছে, অবস্থান বদলেছে, অনেক ক্ষেত্রে মর্যাদাও বদলেছে। কিন্তু একটি প্রশ্ন থেকে গেছে—মূল্যবোধ কি বদলেছে?

যদি দুর্বলতার সুযোগ নেওয়া স্বাভাবিক থাকে, তাহলে সেটি সীমান্ত পেরিয়েও বহমান হয়। যদি দেশে ক্ষমতার অপব্যবহার গ্রহণযোগ্য হয়, তাহলে বিদেশেও তার নতুন রূপ দেখা যায়। যদি ব্যক্তি স্বার্থ সমাজের উপরে থাকে, তাহলে স্থান পরিবর্তনেও তা বদলায় না।

তাই আধুনিক শহরের মাঝেও অনেক সময় পুরনো অন্যায় কাঠামো টিকে থাকে। প্রযুক্তি বদলায়, পরিবেশ বদলায়, কিন্তু নৈতিক ভিত্তি একই থেকে যায়।

এই কারণেই অর্থনৈতিক উন্নয়ন একা কোনো সমাজকে উন্নত করতে পারে না। নৈতিক উন্নয়ন ছাড়া তা অনেক সময় নতুন বৈষম্য ও নতুন শোষণের কাঠামো তৈরি করে।

তাহলে করণীয় কী?

প্রথমত, আত্মসমালোচনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের পাশাপাশি নৈতিক দায়িত্ববোধকে গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত, অভিবাসী সমাজে সহায়তাকে ব্যবসা নয়, দায়িত্ব হিসেবে দেখতে হবে।

চতুর্থত, নেতৃত্বকে শুধু অনুষ্ঠান নয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়তে হবে। পঞ্চমত, পরিবার থেকেই মূল্যবোধের শিক্ষা শুরু করতে হবে।

নৈতিক অভিবাসন কোনো বিমানবন্দরে হয় না। এটি শুরু হয় তখন, যখন একজন মানুষ নিজেকে প্রশ্ন করে—আমি কি শুধু নিজের জীবন উন্নত করছি, নাকি অন্যের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলছি?

এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করে আমরা সত্যিই উন্নত হচ্ছি, নাকি শুধু ঠিকানা বদলাচ্ছি। অভিবাসনের এই বাস্তবতা শুধু সাধারণ মানুষের নয়।

বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস আরও একটি বাস্তবতা সামনে আনে। একদিকে মেধা ও দক্ষতার মানুষ দেশ ছেড়ে যাচ্ছে, অন্যদিকে ক্ষমতার অপব্যবহার বা অনিয়মের অভিযোগে আলোচিত কিছু প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনিক স্তরের মানুষও দেশের বাইরে অবস্থান করছেন বা বিদেশে সম্পদ গড়েছেন বলে জনপরিসরে আলোচনা রয়েছে।

এটি শুধু ব্যক্তিগত বিষয় নয়। এটি রাষ্ট্রের আস্থার প্রশ্ন। যদি মেধা যায় সম্ভাবনার জন্য, আর ক্ষমতা যায় জবাবদিহিতা এড়ানোর জন্য, তাহলে সেটি শুধু অভিবাসন নয়, রাষ্ট্রের নৈতিক সংকেতের সংকট। রাষ্ট্রের প্রকৃত সংকট তখনই স্পষ্ট হয়, যখন মেধা এবং দুর্নীতি একই সময়ে দেশ ছাড়ে, কিন্তু ভিন্ন কারণে।

এবং শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো—

বিদেশ কোনো নৈতিকতা তৈরি করে না। বিদেশ শুধু একটি কাঠামো। নৈতিকতা তৈরি হয় মানুষের মূল্যবোধ এবং রাষ্ট্রের জবাবদিহিমূলক ব্যবস্থার ভেতরে।

রহমান মৃধা, গবেষক ও লেখক, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
[email protected]

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow