পরীক্ষার ফলাফল, একটি জীবন ও আমাদের সামাজিক মনস্তত্ত্ব
তাসনিয়া তাবাচ্ছুম প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফল ঘিরে শিক্ষার্থীদের হাসিমুখ যেমন দেখা যাবে, তেমনি অনেক ঘরে নেমে আসবে এক বিষাদময় নীরবতা। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো ফল প্রকাশের দিন কিংবা তার পরবর্তী সময়ে কিছু শিক্ষার্থী হতাশাগ্রস্ত হয়ে প্রাণটাই নিজের হাতে বিসর্জন দেয়। কেন এই চরম পরিণতি? একদিকে যেমন পড়াশোনা না করে অলসতায় সময় নষ্টের মানসিকতা দায়ী, অন্যদিকে তেমন ফলাফল খারাপ হলে সমাজের অমানবিক প্রত্যাশা ও পরিবারের মানসিক নির্যাতন দায়ী। পরিসংখ্যান কী বলে? বাংলাদেশে প্রতি বছর গড়ে ৩০০ থেকে ৫০০ জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশজুড়ে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শিক্ষাসংশ্লিষ্ট মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণা ও সার্ভে (আঁচল ফাউন্ডেশনের প্রতিবেদন) অনুযায়ী, দেশে গত বছর প্রতি মাসে গড়ে ৩৩ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যার মধ্যে ৪৭ শতাংশই স্কুলের শিক্ষার্থী। এই বয়সে শিক্ষার্থীদের আত্মহত্যার পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে: অপ্রত্যাশিত ফলাফল বা প্রাতিষ্ঠানিক চাপ, আবেগজনিত আঘাত এবং পারিবারিক অবহেলা বা মানসিক নির্যাতন।
তাসনিয়া তাবাচ্ছুম
প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফল ঘিরে শিক্ষার্থীদের হাসিমুখ যেমন দেখা যাবে, তেমনি অনেক ঘরে নেমে আসবে এক বিষাদময় নীরবতা। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো ফল প্রকাশের দিন কিংবা তার পরবর্তী সময়ে কিছু শিক্ষার্থী হতাশাগ্রস্ত হয়ে প্রাণটাই নিজের হাতে বিসর্জন দেয়। কেন এই চরম পরিণতি? একদিকে যেমন পড়াশোনা না করে অলসতায় সময় নষ্টের মানসিকতা দায়ী, অন্যদিকে তেমন ফলাফল খারাপ হলে সমাজের অমানবিক প্রত্যাশা ও পরিবারের মানসিক নির্যাতন দায়ী।
পরিসংখ্যান কী বলে?
বাংলাদেশে প্রতি বছর গড়ে ৩০০ থেকে ৫০০ জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশজুড়ে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শিক্ষাসংশ্লিষ্ট মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণা ও সার্ভে (আঁচল ফাউন্ডেশনের প্রতিবেদন) অনুযায়ী, দেশে গত বছর প্রতি মাসে গড়ে ৩৩ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যার মধ্যে ৪৭ শতাংশই স্কুলের শিক্ষার্থী। এই বয়সে শিক্ষার্থীদের আত্মহত্যার পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে: অপ্রত্যাশিত ফলাফল বা প্রাতিষ্ঠানিক চাপ, আবেগজনিত আঘাত এবং পারিবারিক অবহেলা বা মানসিক নির্যাতন। এই উপাত্ত প্রমাণ করে, ফল প্রকাশের মুহূর্তটি শুধু উদযাপনের নয়, আমাদের দেশের তরুণ প্রজন্মের জীবন রক্ষার জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি সময়।
শিক্ষার্থীদের প্রতি: ভুলের দায় স্বীকার এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি
পরিশ্রমের কোনো বিকল্প নেই। সারা বছর পড়াশোনা না করে বা সময়ের অপব্যবহার করে ভালো ফলাফলের আশা করা ভুল। পড়াশোনা ও মেধার বিকাশই একজন শিক্ষার্থীর প্রাথমিক দায়িত্ব। ফলাফলের ঘাটতি নিজেরই ভুলের মাশুল। তবে ভুল স্বীকার করা মানেই জীবন শেষ করা নয়, বরং ভুল চিহ্নিত করে পুনরায় নতুন উদ্যমে শুরু করার সুযোগ সর্বদা খোলা থাকে। যে কোনো পাবলিক পরীক্ষার একটি মার্কশিট শুধু নির্দিষ্ট কিছু বিষয়ের মূল্যায়নের সনদ। এটি ব্যক্তিত্ব, যোগ্যতা, সততা বা ভবিষ্যতের মেধা পরিমাপের একমাত্র মাপকাঠি নয়। বিশ্বের অসংখ্য সফল ব্যক্তিত্ব প্রাতিষ্ঠানিক শিক্ষায় ছিটকে পড়েও পরবর্তীতে সফল হয়েছেন।
বাবা-মায়েরা যা করবেন
সন্তানের চরম সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় প্রভাব ফেলে তাদের পরিবারের প্রতিক্রিয়া। অভিভাবক হিসেবে আপনার করণীয়-
তুলনামূলক মানসিক নির্যাতন বন্ধ করুন
‘তার ছেলে/মেয়ে জিপিএ-৫ পেল, তুমি পেলে না কেন?’ এই একটি বাক্য শিক্ষার্থীর মনে আত্মহত্যার বীজ বুনে দিতে পারে। সামাজিক মর্যাদার চেয়ে সন্তানের বেঁচে থাকা হাজার গুণ গুরুত্বপূর্ণ।
ভুল করলে শাসন করুন, কিন্তু দূরে ঠেলে দেবেন না
সন্তান পড়ালেখা না করলে নিশ্চয়ই তাকে পথ দেখাবেন এবং দায়িত্বশীল হতে শেখাবেন। কিন্তু ফলাফল খারাপের মুহূর্তে তাকে মানসিক বকাঝকা, একঘরে করা বা লাঞ্ছিত করা বন্ধ করুন। তাকে বলুন, ‘তোমার চেষ্টা কম ছিল বা ভুল হয়েছে, কিন্তু আমরা সবসময় তোমার পাশে আছি।’
ঝুঁকিপূর্ণ আচরণ পর্যবেক্ষণ করুন
রেজাল্টের পর সন্তান নিজেকে গুটিয়ে নিচ্ছে কি না, খাওয়া-দাওয়া বন্ধ করেছে কি না বা অতিরিক্ত বিষণ্নতায় ভুগছে কি না তা গভীরভাবে খেয়াল করুন। তাদের একা রেখে কোনো কাজে বের হবেন না।
সমাজের প্রতি: অহেতুক কৌতূহল ও ট্রোল সংস্কৃতি বন্ধ হোক
রেজাল্ট জানার জন্য বারবার ফোন করা বা অহেতুক প্রশ্ন তুলে খোঁচানো বন্ধ করুন। অন্যের ফলাফলে অহেতুক কৌতূহল সৃষ্টি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফল নিয়ে ব্যঙ্গ বা ট্রোল করা বাদ দিয়ে প্রতিটি শিক্ষার্থীকে তাদের আগামী দিনের পথচলার জন্য উৎসাহিত করুন।
পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে বা প্রত্যাশিত ফলাফল না পেয়ে প্রতিবছর বহু শিক্ষার্থী আত্মহত্যার মতো মর্মান্তিক পথ বেছে নেয়, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। একদিকে যেমন অলসতা বা হেলাফেলা না করে শিক্ষার্থীদের যথাসময়ে সততার সঙ্গে পড়াশোনা করা উচিত, তেমনি অন্যদিকে ফলাফল যাই হোক না কেন অভিভাবক ও সমাজকে বুঝতে হবে একটি কাগজের সার্টিফিকেটের চেয়ে সন্তানের জীবনের মূল্য হাজার গুণ বেশি। রেজাল্টের অজুহাতে সন্তানকে মানসিক নির্যাতন বা অন্যের সঙ্গে তুলনা করে মৃত্যুর দিকে ঠেলে না দিয়ে, বরং তাদের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর মতো সহমর্মী ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
কেএসকে
What's Your Reaction?

