পিআইও অফিস সহকারীর বাসায় মিলল ত্রাণের পণ্য

ফেনীর ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহকারী আবদুল বাকেরের বাসা থেকে ১০ বস্তা সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করে জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা এসব ত্রাণসামগ্রী উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ। উদ্ধার হওয়া ত্রাণসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে। স্থানীয়দের দাবি, আবদুল বাকেরের বাসার খাটের নিচেসহ বিভিন্ন কক্ষে এসব সরকারি ত্রাণসামগ্রী রাখা হয়েছিল। এছাড়া বাসার বিভিন্ন কক্ষ থেকে কয়েকটি সরকারি কম্বলও পাওয়া গেছে। স্থানীয় যুবদল নেতা মো. শাহিনের নেতৃত্বে স্থানীয়রা গোপন সংবাদের ভিত্তিতে বাকেরের বাসায় গিয়ে ত্রাণসামগ্রীগুলো দেখতে পান। খবর পেয়ে ফুলগাজী উপজেলা ইউএনও ঘটনাস্থলে পৌঁছে মোট ১০ বস্তা ত্রাণসামগ্রী জব্দ করেন। এর মধ্যে দুটি ছোট এবং আটটি বড় বস্তা রয়েছে। ইউএনও মো. কাউসার হামিদ বলেন, ‘উদ্ধার হওয়া মালামালের মধ্যে চাল, ডাল ও তেল রয়েছে। এসব ত্রাণসামগ্রী ২০২৪-২৫ অর্থবছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। অফিসের কর্মচারী আবদুল বাকের

পিআইও অফিস সহকারীর বাসায় মিলল ত্রাণের পণ্য

ফেনীর ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহকারী আবদুল বাকেরের বাসা থেকে ১০ বস্তা সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করে জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা এসব ত্রাণসামগ্রী উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ। উদ্ধার হওয়া ত্রাণসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে।

স্থানীয়দের দাবি, আবদুল বাকেরের বাসার খাটের নিচেসহ বিভিন্ন কক্ষে এসব সরকারি ত্রাণসামগ্রী রাখা হয়েছিল। এছাড়া বাসার বিভিন্ন কক্ষ থেকে কয়েকটি সরকারি কম্বলও পাওয়া গেছে।

স্থানীয় যুবদল নেতা মো. শাহিনের নেতৃত্বে স্থানীয়রা গোপন সংবাদের ভিত্তিতে বাকেরের বাসায় গিয়ে ত্রাণসামগ্রীগুলো দেখতে পান। খবর পেয়ে ফুলগাজী উপজেলা ইউএনও ঘটনাস্থলে পৌঁছে মোট ১০ বস্তা ত্রাণসামগ্রী জব্দ করেন। এর মধ্যে দুটি ছোট এবং আটটি বড় বস্তা রয়েছে।

ইউএনও মো. কাউসার হামিদ বলেন, ‘উদ্ধার হওয়া মালামালের মধ্যে চাল, ডাল ও তেল রয়েছে। এসব ত্রাণসামগ্রী ২০২৪-২৫ অর্থবছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। অফিসের কর্মচারী আবদুল বাকেরের বাসায় এসব ত্রাণসামগ্রী কীভাবে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার বিকেলের দিকে আবদুল বাকের তার বাসার মালামালের সঙ্গে আরও কিছু ত্রাণসামগ্রী পিকআপে করে অন্যত্র নিয়ে গেছেন। পরে রাতে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত সেখান থেকে চলে যান।

তবে এসব অভিযোগের বিষয়ে আবদুল বাকেরের বক্তব্য পাওয়া যায়নি।

পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, পরশুরাম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব আহমেদ ফুলগাজী উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি পরশুরামে অবস্থান করেন। ফুলগাজী পিআইও কার্যালয়ের দৈনন্দিন অনেক কাজ অফিস সহকারী আবদুল বাকের দেখাশোনা করতেন। সম্প্রতি বাকেরকে ফুলগাজী থেকে অন্যত্র বদলি করা হয়েছে।

ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যুবদলের নেতৃবৃন্দসহ স্থানীয়রা ওই কর্মচারীর বাসায় যান। সেখান থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। আমরা খবর পেয়েছি, বিকেলেও তিনি কিছু ত্রাণসামগ্রী গাড়িতে করে নিয়ে গেছেন।’

পরশুরাম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, ‘আমি ফুলগাজীতে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ইউএনও মহোদয়কে অবহিত করেছি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ বলেন, ‘জব্দ করা ত্রাণসামগ্রীর তালিকা ও উৎস যাচাই করা হচ্ছে। তদন্তের মাধ্যমে সরকারি ত্রাণসামগ্রী আবদুল বাকেরের বাসায় কীভাবে গেল এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা বের করার চেষ্টা চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow