ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চনা, অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার সশস্ত্র বাহিনীর ১৫০ জন কর্মকর্তাকে পুনর্বাসন, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বুধবার (১ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশটি বাস্তবায়ন করবে সশস্ত্র বাহিনী বিভাগ। একই সঙ্গে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এ-সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। সুবিধাভোগীদের তালিকা ও প্রাপ্ত সুবিধা নতুন এই আদেশের আওতায় তিন বাহিনীর মোট ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্তকৃত (চাকরিচ্যুত) অফিসার বিশেষ সুবিধা পাচ্ছেন। এর মধ্যে রয়েছেন: বাংলাদেশ সেনাবাহিনী: ১১৫ জন বাংলাদেশ নৌবাহিনী: ২১ জন বাংলাদেশ বিমানবাহিনী: ১৪ জন এই কর্মকর্তাদের তাঁদের যোগ্যতা অনুযায়ী স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতিসহ স্বাভাবিক অবসর, অকালীন (বাধ্যতামূলক) অ
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চনা, অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার সশস্ত্র বাহিনীর ১৫০ জন কর্মকর্তাকে পুনর্বাসন, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বুধবার (১ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশটি বাস্তবায়ন করবে সশস্ত্র বাহিনী বিভাগ। একই সঙ্গে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এ-সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।
সুবিধাভোগীদের তালিকা ও প্রাপ্ত সুবিধা
নতুন এই আদেশের আওতায় তিন বাহিনীর মোট ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্তকৃত (চাকরিচ্যুত) অফিসার বিশেষ সুবিধা পাচ্ছেন।
এর মধ্যে রয়েছেন:
বাংলাদেশ সেনাবাহিনী: ১১৫ জন
বাংলাদেশ নৌবাহিনী: ২১ জন
বাংলাদেশ বিমানবাহিনী: ১৪ জন
এই কর্মকর্তাদের তাঁদের যোগ্যতা অনুযায়ী স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতিসহ স্বাভাবিক অবসর, অকালীন (বাধ্যতামূলক) অবসর বা পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া, বিধি মোতাবেক তাঁদের বকেয়া বেতন-ভাতা, অন্যান্য আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ আর্থিক প্রণোদনাও প্রদান করা হবে।
প্রেক্ষাপট ও কমিটির সুপারিশ
জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত তিন বাহিনীতে চাকরিতে বৈষম্য ও প্রতিহিংসার শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাহিনী সদর দপ্তরগুলো পৃথক পর্ষদ গঠন করেছিল। পরবর্তীতে গত ৩ মে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি এসব প্রস্তাব ও সুপারিশ বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করে।
প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজের নেতৃত্বে এই উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়। এই কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কমিটির সুপারিশে উল্লেখ করা হয়েছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যায়ের শিকার হওয়া কর্মকর্তাদের মান-মর্যাদা ও প্রাপ্য সুযোগ-সুবিধা পুনর্বহালের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই বিগত সরকারের আমলে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর ও স্বেচ্ছায় অবসরে যাওয়া কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার আবেদন করেন। এর আগে, অন্তর্বর্তী সরকার একইভাবে বঞ্চিত ১৪১ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করেছিল।
What's Your Reaction?