বঙ্গোপসাগরে গ্যাস চুরি ঠেকাতে বাংলাদেশের পদক্ষেপ নেওয়া জরুরি
বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য শুধু একটি সমুদ্র নয়; এটি দেশের ভবিষ্যৎ অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক সার্বভৌমত্ব এবং ভূরাজনৈতিক অবস্থানের অন্যতম প্রধান ভিত্তি। স্থলভাগের গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন ধীরে ধীরে কমে আসছে। বিদ্যুৎ উৎপাদন, শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে বাংলাদেশকে এখন ক্রমেই ব্যয়বহুল আমদানিকৃত এলএনজির ওপর নির্ভর করতে হচ্ছে। এই বাস্তবতায় বঙ্গোপসাগরের সম্ভাব্য গ্যাসসম্পদ বাংলাদেশের জন্য কেবল একটি অর্থনৈতিক সম্পদ নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নও। বাংলাদেশ ২০১২ ও ২০১৪ সালে আন্তর্জাতিক সমুদ্র আইন আদালতের রায়ের মাধ্যমে তার সমুদ্রসীমার ওপর আইনগত অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছিল। এই রায় বাংলাদেশের জন্য প্রায় ১১৮,০০০ বর্গকিলোমিটারেরও বেশি সমুদ্রাঞ্চল উন্মুক্ত করে দেয়, যেখানে সম্ভাব্যভাবে উল্লেখযোগ্য জ্বালানি সম্পদ থাকতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু আইনগত বিজয়ের এক দশক পরও এই সম্পদের বাস্তব অর্থনৈতিক রূপান্তর অত্যন্ত সীমিত। এমন এক সময়ে দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা
বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য শুধু একটি সমুদ্র নয়; এটি দেশের ভবিষ্যৎ অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক সার্বভৌমত্ব এবং ভূরাজনৈতিক অবস্থানের অন্যতম প্রধান ভিত্তি। স্থলভাগের গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন ধীরে ধীরে কমে আসছে। বিদ্যুৎ উৎপাদন, শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে বাংলাদেশকে এখন ক্রমেই ব্যয়বহুল আমদানিকৃত এলএনজির ওপর নির্ভর করতে হচ্ছে। এই বাস্তবতায় বঙ্গোপসাগরের সম্ভাব্য গ্যাসসম্পদ বাংলাদেশের জন্য কেবল একটি অর্থনৈতিক সম্পদ নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নও।
বাংলাদেশ ২০১২ ও ২০১৪ সালে আন্তর্জাতিক সমুদ্র আইন আদালতের রায়ের মাধ্যমে তার সমুদ্রসীমার ওপর আইনগত অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছিল। এই রায় বাংলাদেশের জন্য প্রায় ১১৮,০০০ বর্গকিলোমিটারেরও বেশি সমুদ্রাঞ্চল উন্মুক্ত করে দেয়, যেখানে সম্ভাব্যভাবে উল্লেখযোগ্য জ্বালানি সম্পদ থাকতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু আইনগত বিজয়ের এক দশক পরও এই সম্পদের বাস্তব অর্থনৈতিক রূপান্তর অত্যন্ত সীমিত।
এমন এক সময়ে দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের সীমান্তবর্তী সমুদ্রাঞ্চলে পরিচালিত একটি গ্যাসক্ষেত্র থেকে এমনভাবে উত্তোলন কার্যক্রম চলছে, যার ফলে বাংলাদেশের জলসীমার নিচে থাকা গ্যাসও টেনে নেওয়া হতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে বিদেশি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রযুক্তিগত আশঙ্কার কথা উঠে এসেছে। অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। কারণ, যদি এ ধরনের আশঙ্কার বাস্তব ভিত্তি থাকে, তাহলে বিষয়টি কেবল একটি অর্থনৈতিক ক্ষতির নয়; এটি বাংলাদেশের সার্বভৌম সম্পদের সম্ভাব্য ক্ষয় এবং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে সম্পর্কিত।
তবে এখানেই সাংবাদিকতা এবং রাষ্ট্রনীতি- দুই ক্ষেত্রেই সতর্কতা অপরিহার্য। অভিযোগ যত গুরুতরই হোক না কেন, সেটিকে প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠা করার আগে স্বাধীন বৈজ্ঞানিক যাচাই, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং সরকারি অনুসন্ধান জরুরি। কিন্তু একই সঙ্গে এটিও সমান সত্য যে, এত বড় একটি অভিযোগকে নীরবে উপেক্ষা করারও কোনো সুযোগ নেই।
বিশ্বে সীমান্তবর্তী তেল ও গ্যাসক্ষেত্র নিয়ে বিরোধ নতুন কোনো বিষয় নয়। বহু দেশ একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। সমুদ্র বা স্থলসীমার নিচে থাকা একটি রিজার্ভার অনেক সময় একাধিক দেশের ভূখণ্ডের নিচে বিস্তৃত থাকে। আধুনিক ড্রিলিং প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট কোণে কূপ খনন করা সম্ভব, যাকে সাধারণভাবে ডাইরেকশনাল ড্রিলিং বা হরাইজন্টাল ড্রিলিং বলা হয়। এই প্রযুক্তি নিজেই অবৈধ নয়; বরং বিশ্বজুড়ে বৈধভাবে ব্যবহৃত হয়। কিন্তু যদি একটি যৌথ বা সীমান্তবর্তী রিজার্ভার থেকে একতরফাভাবে উত্তোলন করা হয় এবং এর ফলে প্রতিবেশী দেশের অংশের গ্যাসও দ্রুত নিঃশেষ হতে থাকে, তখন তা আন্তর্জাতিক বিরোধের কারণ হয়ে দাঁড়ায়।
এ কারণেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে সীমান্তবর্তী গ্যাসক্ষেত্র পরিচালনার জন্য যৌথ উন্নয়ন চুক্তি, তথ্য বিনিময় এবং রিজার্ভ ব্যবস্থাপনার মতো ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ ভূগর্ভস্থ গ্যাস রাজনৈতিক সীমারেখা মানে না; কিন্তু রাষ্ট্রকে তার সম্পদের ন্যায্য হিস্যা নিশ্চিত করতেই হয়।
বাংলাদেশের উদ্বেগ এখানেই। বঙ্গোপসাগরের সামুদ্রিক সীমানা নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর আন্তর্জাতিক রায়ের মাধ্যমে বাংলাদেশ তার বিশাল সমুদ্রসীমার অধিকার নিশ্চিত করেছে। কিন্তু সমুদ্রসীমা অর্জনের পর সেই সম্পদের ওপর কার্যকর নজরদারি, নিয়মিত বৈজ্ঞানিক জরিপ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ কতটা জোরদার করা হয়েছে- সেই প্রশ্ন এখন সামনে আসছে।
আজকের বিশ্বে স্যাটেলাইট ডেটা, সিসমিক জরিপ, রিজার্ভার মডেলিং এবং উৎপাদন বিশ্লেষণের মাধ্যমে অনেক তথ্য যাচাই করা সম্ভব। বাংলাদেশ চাইলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাধীন জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান, সামুদ্রিক ভূতত্ত্ববিদ এবং রিজার্ভার বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি মূল্যায়ন করাতে পারে। যদি অভিযোগ ভিত্তিহীন হয়, সেটিও জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। আর যদি অভিযোগের পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়, তাহলে দ্রুত কূটনৈতিক, আইনি এবং আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এ নিয়ে হেলাফেলা করার সুযোগ একদমই নেই, জাতীয় সম্পদ বলে কথা।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। জ্বালানি নিরাপত্তা কেবল অর্থনৈতিক ইস্যু নয়; এটি কৌশলগত নিরাপত্তারও অংশ। যে রাষ্ট্র তার নিজস্ব জ্বালানি সম্পদ রক্ষা করতে পারে না, সে দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা বৈদেশিক মুদ্রার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, শিল্প উৎপাদনের ব্যয় বাড়ায় এবং বৈশ্বিক বাজারের অস্থিরতার কাছে দেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।
বাংলাদেশ এরইমধ্যে এলএনজি আমদানিতে বিপুল অর্থ ব্যয় করছে। যদি বঙ্গোপসাগরে থাকা সম্ভাব্য গ্যাসসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যতে সেই চাপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। ফলে এই সম্পদ রক্ষার প্রশ্নে কোনো ধরনের উদাসীনতা জাতীয় স্বার্থের পরিপন্থী হবে।
এখানে সরকারের করণীয়ও স্পষ্ট। প্রথমত, পেট্রোবাংলা, জ্বালানি বিভাগ এবং সংশ্লিষ্ট বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কারিগরি তদন্ত কমিটি গঠন করা উচিত। দ্বিতীয়ত, সীমান্তবর্তী সমুদ্রাঞ্চলের সর্বশেষ সিসমিক তথ্য, উৎপাদন প্রবণতা এবং রিজার্ভারের আচরণ বিশ্লেষণে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা দরকার। তৃতীয়ত, প্রয়োজনে প্রতিবেশী দেশের সঙ্গে প্রযুক্তিগত তথ্য বিনিময়ের উদ্যোগ নিতে হবে। চতুর্থত, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কূটনৈতিক পর্যায়ে বিষয়টি উত্থাপন করতে হবে।
এর পাশাপাশি বাংলাদেশের অফশোর গ্যাস অনুসন্ধানেও নতুন গতি আনা জরুরি। বছরের পর বছর ধরে সম্ভাবনাময় বহু ব্লকে অনুসন্ধান কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোয়নি। এতে যেমন সম্ভাব্য সম্পদ অনাবিষ্কৃত থেকে গেছে, তেমনি প্রতিবেশী দেশগুলো তাদের অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রমে তুলনামূলকভাবে এগিয়ে গেছে। কেবল অভিযোগ তোলাই যথেষ্ট নয়; নিজেদের সক্ষমতাও বাড়াতে হবে।
গণমাধ্যমেরও এখানে একটি বড় দায়িত্ব রয়েছে। জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এমন সংবেদনশীল বিষয়ে আবেগ নয়, তথ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতাই হওয়া উচিত প্রধান শক্তি। সরকারের বক্তব্য, স্বাধীন বিশেষজ্ঞের মতামত, আন্তর্জাতিক আইন এবং বৈজ্ঞানিক তথ্য- সবকিছুকে একসঙ্গে বিবেচনায় এনে জনগণের সামনে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে হবে। কারণ জাতীয় সম্পদের প্রশ্নে স্বচ্ছতা যেমন প্রয়োজন, তেমনি দায়িত্বশীলতাও অপরিহার্য।
আজকের পৃথিবীতে প্রাকৃতিক সম্পদকে ঘিরে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। জ্বালানি, খনিজ, বিরল ধাতু কিংবা সামুদ্রিক সম্পদ- সবকিছুই এখন ভূরাজনীতির গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশও এই বাস্তবতার বাইরে নয়। আমাদের সমুদ্র, আমাদের গ্যাস এবং আমাদের সার্বভৌম সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিজ্ঞান, কূটনীতি, আইন এবং রাষ্ট্রনৈতিক দূরদর্শিতাকে একসঙ্গে কাজে লাগাতে হবে।
বঙ্গোপসাগরের গ্যাস নিয়ে ওঠা অভিযোগ সত্য হোক বা অসত্য- একটি বিষয় অনস্বীকার্য। এই অভিযোগ এমন একটি প্রশ্ন সামনে নিয়ে এসেছে, যার উত্তর জাতি জানতে চায়। বাংলাদেশের সমুদ্রসম্পদ কি যথাযথভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে? সীমান্তবর্তী রিজার্ভারের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা কতটা? এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্ধারিত এই সম্পদ রক্ষায় রাষ্ট্র কতটা প্রস্তুত?
এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া এখন সময়ের দাবি। অভিযোগের সত্যতা যাচাই হোক সর্বোচ্চ বৈজ্ঞানিক মানদণ্ডে, প্রয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে। কিন্তু তদন্তের আগেই নীরবতা কিংবা তদন্ত ছাড়াই সিদ্ধান্ত- দুটিই সমান ক্ষতিকর।
বঙ্গোপসাগর বাংলাদেশের ভবিষ্যতের অন্যতম ভরসা। সেই ভরসা যেন অবহেলা, অদক্ষতা বা বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত না হয়- এটাই আজকের সবচেয়ে বড় জাতীয় প্রত্যাশা।
লেখক: সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।
এইচআর/এএসএম
What's Your Reaction?