বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী ইইউ
ইউরোপে শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে দক্ষ ও যোগ্য জনশক্তি নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। একই সঙ্গে তারা বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং এ খাতে বাংলাদেশ-ইইউ সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে। বুধবার (১০ জুন) প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন, দক্ষতা উন্নয়ন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়। মাহদী আমিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার চলমান উদ্যোগ তুলে ধরেন। তিনি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, সরকার নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাস
ইউরোপে শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে দক্ষ ও যোগ্য জনশক্তি নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। একই সঙ্গে তারা বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং এ খাতে বাংলাদেশ-ইইউ সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।
বুধবার (১০ জুন) প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন, দক্ষতা উন্নয়ন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়।
মাহদী আমিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার চলমান উদ্যোগ তুলে ধরেন। তিনি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে প্রবাসী কর্মীদের জন্য উন্নত সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে ‘এক্সপ্যাট্রিয়েট কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো, স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় বিভিন্ন নীতিগত উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও তিনি জানান।
বৈঠকে উভয়পক্ষ অভিবাসন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে পুনর্ব্যক্ত করে।
ইইউ প্রতিনিধিদলে ছিলেন হেনরিক নিয়েলসেন, আলেকসান্দ্রা ডোমানস্কা, বাইবা জারিনা এবং জুরাতে স্মালস্কিতে মেরভিল।
এদিকে শিক্ষা, প্রযুক্তি ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) একটি প্রতিনিধিদল মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলে ছিলেন এসিইউয়ের সেক্রেটারি জেনারেল প্রফেসর কলিন রিওর্ডান, দক্ষিণ এশিয়ায় এসিইউয়ের রিজিওনাল এনগেজমেন্ট লিড ইকিতা পোখরনা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফেরহাত আনোয়ার, রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড, ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট ফারহান হক এবং ডেপুটি ডিরেক্টর (গভর্নমেন্ট লিয়াজোঁ) মো. মশিয়ার রহমান।
সাক্ষাৎকালে বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সংযোগ জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মাহদী আমিন বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নে বিএনপি সরকারের নীতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, সরকার এমন একটি আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি নির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।
এসিইউয়ের প্রতিনিধিরা বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারত্ব বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক শিক্ষা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। তারা কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা আরও সম্প্রসারণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষ শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেএইচ/ইএ
What's Your Reaction?