প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পটুয়াখালীর দুমকি চরগরবদী-বাউফলের বগা এলাকায় প্রস্তাবিত ৯ম চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে আসেন। সেখানের বগা সেতু নির্মাণের সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনার মধ্যে বাউফল প্রান্তের মঞ্চে উঠতে পারেননি তিনি।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পটুয়াখালীর দুমকি চরগরবদী-বাউফলের বগা এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সেখানে নদীর পূর্বপাড়ে জামায়াতের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের সৌজন্যে আয়োজিত সভার ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং মন্ত্রীকে সভাস্থলে যেতে বাধা দেন। এর ফলে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় পৌনে এক ঘণ্টা মন্ত্রী ও তার সফরসঙ্গীরা সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
উদ্ভূত পরিস্থিতির কারণে মন্ত্রী পূর্ব পাড়ের মঞ্চে না গিয়ে ফেরিতে করে পশ্চিমপাড়ে (দুমকি অংশ) ফিরে আসেন এবং সেখানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত পথসভায় অংশ নেন।
পথসভায় সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবিরা বিনতে মাহমুদ ফেরিঘাটে ভোগান্তির শিকার হয়ে সেতু নির্মাণের আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছিল। সেই চিঠির প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তাকে পাঠিয়েছেন এবং শিশু আবিরার জন্য উপহারও পাঠিয়েছেন।
এ সময় মন্ত্রী আশ্বস্ত করেছেন, চলতি বছরের (২০২৬) শেষে অথবা আগামী বছরের (২০২৭) শুরুতেই এই স্বপ্নের বগা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
পথসভায় অংশ নিয়ে সেতু মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এখানে পাঠিয়েছেন সরেজমিন দেখতে। তিনি বলেন শিক্ষার্থী আবিরা বিনতে মাহমুদ প্রধানমন্ত্রী বরাবর যে খোলা চিঠি লিখে বগা সেতু নির্মাণের আকুতি জানিয়েছে, সেটি প্রধানমন্ত্রীর নজরে এসেছে, তাই প্রধানমন্ত্রী তাকে এখানে পাঠিয়েছেন সেতুর বিষয় জানতে এবং শিশু আবিরার জন্য কিছু উপহার পাঠিয়েছেন।
সেতু মন্ত্রী বলেন, চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই এই সেতুর কাজ শুরু হবে এবং এ বিষয়ে তিনি সড়ক বিভাগের সবার সাথে আলোচনা করেছেন।
পথসভায় উপস্থিত ছিলেন, পটুয়াখালী ১ আসনের এমপি আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনের এমপি শফিকুল ইসলাম মাসুদ, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার, জেলা পুলিশ সুপার, জেলা বিএনপির, দুমকি উপজেলা ও বাউফল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
পথসভা শেষে মন্ত্রী গাড়িবহর নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন।
পটুয়াখালীর দুমকি ও বাউফলের বগা লোহালিয়া নদীতে বাংলাদেশ-চীন নবম মৈত্রী সেতু বিগত সরকারের আমলে নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি।
কিছুদিন আগে পটুয়াখালীর বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবিরা বিনতে মাহমুদ এক অসুস্থ রোগী নিয়ে ফেরিঘাটে দীর্ঘ সময় অপেক্ষার অভিজ্ঞতা থেকে ব্যথিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি খোলা চিঠি লিখে বগা সেতু নির্মাণের আকুতি জানিয়েছিলো।
তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জেলা বিএনপির শীর্ষ নেতারাও গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।