বিয়ের পর অনেক নারী সংসারের দায়িত্ব, পরিবার ও সামাজিক প্রত্যাশার ভিড়ে ধীরে ধীরে দূরে সরে যান নিজের স্বপ্ন ও প্রতিভা থেকে। অথচ তাদের ভেতরে লুকিয়ে থাকে অগণিত সম্ভাবনা, অদেখা সুর আর অপূর্ণ শিল্পীসত্তা। সেই হারিয়ে যাওয়া প্রতিভাকে আবার আলোয় ফিরিয়ে আনতেই আয়োজন করা হয়েছে সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। এ অনুষ্ঠানটি বিবাহিত নারীদের জন্য তৈরি করেছে এক অনন্য মঞ্চ, যেখানে তারা নতুন করে নিজের কণ্ঠ, আত্মবিশ্বাস ও স্বপ্নকে প্রকাশের সুযোগ পাবেন। সংসারের গণ্ডি পেরিয়ে প্রতিভার নতুন যাত্রা শুরু করার এ উদ্যোগ অনেক নারীর জীবনে এনে দিতে পারে নতুন অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের গল্প।
বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। এটির আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। এতে বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।
১২ মে থেকে অনলাইনে শুরু হয়েছে ‘বঁধুয়ার গান’ রিয়েলিটি শোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগ্রহীরা ৫০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী ৬ জুন পর্যন্ত। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শেষে নির্বাচিতদের নিয়ে শুরু হবে মূল আয়োজন, যা প্রচার হবে জি টিভিতে। সব রাউন্ড শেষে চ্যাম্পিয়ন পাবেন ট্রফি, ১০ লাখ টাকা এবং মিউজিক ভিডিও রেকর্ড করার সুযোগ। প্রথম রানারআপ পাবেন ৫ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ২ লাখ টাকা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মেধাবী অনেক নারী বিয়ের পর পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রতিভা আড়ালে ঠেলে দেন। বঁধুয়ার গান শুধু একটি গানের লড়াই নয়; এটি বিবাহিত নারীদের হারানো স্বপ্ন পুনরুদ্ধারের গল্প। বিবাহিত জীবনে প্রবেশের পর অনেক নারীর স্বপ্ন, প্রতিভা এবং শিল্পীসত্তা নীরবে হারিয়ে যায়। বঁধুয়ার গান সেই নীরব কণ্ঠকে আবার মঞ্চে ফিরিয়ে আনার একটি প্রয়াস। সংগীতের মাধ্যমে আত্মবিশ্বাস ও পরিচয়ের পুনর্জাগরণ ঘটানো, নিজের স্বপ্নকে নতুনভাবে শুরু করার একটি অধ্যায়। এখানে প্রত্যেক নারীই একজন শিল্পী, প্রতিটি কণ্ঠই একটি গল্প, প্রতিটি গানই একটি নতুন জীবন।
এ আয়োজনের গুরুত্ব তুলে ধরে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে অনেক সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বধূ আছেন, যারা সুযোগের অপেক্ষায় গান গাইতে পারছেন না সবার সামনে। সেই নারীদের জন্য এ রিয়েলিটি শোর আয়োজন। আপনারা কেউ মিস করবেন না। আমি থাকব, আপনাদের গান শুনব। আশা করছি সবাই সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসবেন।’
অন্যদিকে রিজিয়া পারভীন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘গৃহবধূদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম নিয়ে আসছি আমরা। বিবাহিত নারী যারা আছেন, তারা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের সবার জন্য এই বঁধুয়ার গান। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।’