বিমার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার

প্রথম নারী হিসেবে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করা নাদিয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন। তিনি বেসরকারি জীবন বিমা কোম্পানি ডেল্টা লাইফের একজন স্বতন্ত্র পরিচালক। আন্তর্জাতিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়ায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জাতিসংঘে যোগদানের আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগের পর জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিমা খাতের আস্থা সংকট, পলিসিহোল্ডারদের স্বার্থ সুরক্ষা, অটোমেশন এবং নারী নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন। জাগো নিউজ: নতু

বিমার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার

প্রথম নারী হিসেবে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করা নাদিয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন। তিনি বেসরকারি জীবন বিমা কোম্পানি ডেল্টা লাইফের একজন স্বতন্ত্র পরিচালক।

আন্তর্জাতিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়ায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জাতিসংঘে যোগদানের আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগের পর জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিমা খাতের আস্থা সংকট, পলিসিহোল্ডারদের স্বার্থ সুরক্ষা, অটোমেশন এবং নারী নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন

জাগো নিউজ: নতুন দায়িত্ব পাওয়ার পর আপনার অনুভূতি কী?

মীর নাদিয়া নিভিন: আমি খুবই কৃতজ্ঞ। প্রথমত মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এমন একটি দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞ, তারা আমাকে এ দায়িত্বের জন্য যোগ্য মনে করেছেন। আমি চেষ্টা করবো আইডিআরএর মূল দায়িত্ব, অর্থাৎ পলিসিহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং তাদের জন্য বিমা সেবা আরও উন্নত ও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করতে। পাশাপাশি বিমা খাত আরও শক্তিশালী করে দেশের আর্থিক খাতে এর অবদান বাড়ানোর চেষ্টা থাকবে।

জাগো নিউজ: দেশের বিমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট রয়েছে। এ আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আপনার পরিকল্পনা কী?

মীর নাদিয়া নিভিন: এটি নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে বিমা খাতের প্রতি মানুষের আস্থা কম বলেই বিমার প্রসার বা পেনিট্রেশনও কম। বর্তমানে জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) বিমা খাতের অবদান মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন। এটি স্পষ্ট করে যে পলিসিহোল্ডারদের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। আইডিআরএর সবচেয়ে বড় এবং মৌলিক দায়িত্ব হচ্ছে পলিসিহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ করা। ফলে আস্থা ফিরিয়ে আনা অবশ্যই আমাদের অন্যতম প্রধান দায়িত্ব ও অগ্রাধিকার হবে।

জাগো নিউজ: বিমা খাতের অটোমেশন ও প্রযুক্তিনির্ভর সেবার বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?

মীর নাদিয়া নিভিন: এ বিষয়ে আগে আমাকে বিস্তারিতভাবে বর্তমান অবস্থা পর্যালোচনা করতে হবে। কী ধরনের পরিকল্পনা রয়েছে, কী করা সম্ভব এবং কতটুকু করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে, সেসব বিষয় যাচাই-বাছাই করতে হবে। আমাদের নিজস্ব সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

জাগো নিউজ: আপনি দেশের প্রথম নারী, যিনি বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান। এ অর্জনকে কীভাবে দেখছেন?

মীর নাদিয়া নিভিন: বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ আমি মনে করি, বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত যোগ্যতাভিত্তিক নিয়োগ ব্যবস্থা আরও শক্তিশালী করা। একজন ব্যক্তি নারী না পুরুষ সেটির চেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি দায়িত্ব পালনের জন্য কতটা যোগ্য। যোগ্যতার ভিত্তিতে যখন নিয়োগ হয়, তখন সেটি একটি ইতিবাচক বার্তা দেয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং বিষয়টি আমাকে অনুপ্রাণিত করে।

জাগো নিউজ: দেশের বিমা খাতের বর্তমান অবস্থাকে আপনি কীভাবে দেখছেন?

মীর নাদিয়া নিভিন: আমি মনে করি বিমা খাতের অনেক সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে হলে মানুষের আস্থা অর্জন করতে হবে। বিমা খাত আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং গ্রাহকবান্ধব করতে পারলে দেশের অর্থনীতিতেও এর অবদান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

জাগো নিউজ: আইডিআরএর চেয়ারম্যান হিসেবে আপনার প্রথম অগ্রাধিকার কী হবে?

মীর নাদিয়া নিভিন: পলিসিহোল্ডারদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করাই হবে আমার প্রথম অগ্রাধিকার। মানুষ যাতে বিমা সেবা নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা পায় এবং প্রয়োজনের সময় প্রতিশ্রুত সুবিধা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে চাই।

জাগো নিউজ: বাংলাদেশে বিমা খাতের জিডিপিতে অবদান তুলনামূলকভাবে কম।

মীর নাদিয়া নিভিন: যখন মানুষ বিশ্বাস করবে যে তাদের অর্থ নিরাপদ এবং প্রয়োজনের সময় তারা সঠিক সুবিধা পাবে, তখন বিমার আওতা বাড়বে। ফলে খাতটির জিডিপিতে অবদানও বৃদ্ধি পাবে। আমাদের লক্ষ্য হবে বিমার প্রতি মানুষের আস্থা বাড়ানো। সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জাগো নিউজ: দায়িত্ব নেওয়ার পর বিমা কোম্পানিগুলোর সঙ্গে কীভাবে কাজ করতে চান?

মীর নাদিয়া নিভিন: আমি সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। বিমা কোম্পানি, পলিসিহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং গণমাধ্যম সবার মতামত ও অভিজ্ঞতা গুরুত্ব দিয়ে খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এমএএস/এমএএইচ/এমএফএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow