‘বিশ্বকাপকে বিক্রি করে দিচ্ছেন ইনফ্যান্তিনো’

বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক ফিলিপ লাম ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, বর্তমান ফিফা নেতৃত্ব বিশ্বকাপকে অতিরিক্ত বাণিজ্যিকীকরণের পথে নিয়ে যাচ্ছে, যা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি করছে। জার্মান সংবাদপত্র ডি জাইট-এ প্রকাশিত এক কলামে লাম লিখেছেন, ‘বিশ্বকাপকে বিক্রি করে দিচ্ছেন ফিফা সভাপতি ইনফ্যান্তিনো। এর ফলে ফুটবল তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। সমর্থকেরা অস্বস্তি বোধ করছেন এবং ফিফাকে টুর্নামেন্ট থেকে আলাদা করে দেখা তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে।’ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানিকে শিরোপা জেতানো এই সাবেক অধিনায়ক বিশেষভাবে সমালোচনা করেছেন ফিফার সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তকে। তার মতে, নতুন এই টুর্নামেন্ট খেলোয়াড়দের ওপর অতিরিক্ত শারীরিক চাপ সৃষ্টি করছে এবং তাদের ফিটনেস ও দীর্ঘমেয়াদি পারফরম্যান্সের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। লাম মনে করেন, আধুনিক ফুটবলে ম্যাচের সংখ্যা এমনিতেই উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এর মধ্যে আরও একটি বড় টুর্নামেন্ট যোগ হওয়ায় খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ কমে যাচ্ছে। ফলে চ

‘বিশ্বকাপকে বিক্রি করে দিচ্ছেন ইনফ্যান্তিনো’

বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক ফিলিপ লাম ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, বর্তমান ফিফা নেতৃত্ব বিশ্বকাপকে অতিরিক্ত বাণিজ্যিকীকরণের পথে নিয়ে যাচ্ছে, যা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি করছে।

জার্মান সংবাদপত্র ডি জাইট-এ প্রকাশিত এক কলামে লাম লিখেছেন, ‘বিশ্বকাপকে বিক্রি করে দিচ্ছেন ফিফা সভাপতি ইনফ্যান্তিনো। এর ফলে ফুটবল তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। সমর্থকেরা অস্বস্তি বোধ করছেন এবং ফিফাকে টুর্নামেন্ট থেকে আলাদা করে দেখা তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে।’

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানিকে শিরোপা জেতানো এই সাবেক অধিনায়ক বিশেষভাবে সমালোচনা করেছেন ফিফার সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তকে। তার মতে, নতুন এই টুর্নামেন্ট খেলোয়াড়দের ওপর অতিরিক্ত শারীরিক চাপ সৃষ্টি করছে এবং তাদের ফিটনেস ও দীর্ঘমেয়াদি পারফরম্যান্সের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

লাম মনে করেন, আধুনিক ফুটবলে ম্যাচের সংখ্যা এমনিতেই উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এর মধ্যে আরও একটি বড় টুর্নামেন্ট যোগ হওয়ায় খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ কমে যাচ্ছে। ফলে চোটের ঝুঁকি বাড়ছে এবং ফুটবলের মানও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এছাড়া চলমান বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই ডিফেন্ডার। তিনি লিখেছেন, ‘ফিফার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা প্রকৃত চাহিদার সঠিক তথ্য প্রকাশ করছে না এবং রাজস্ব সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করছে।’

বিশ্বকাপকে প্রতি দুই বছর পরপর আয়োজনের ধারণাও তার পছন্দ নয়। কয়েক বছর আগে ফিফার ভেতরে ও বাইরে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। লামের মতে, বিশ্বকাপের বিশেষত্বই হলো এর বিরলতা এবং দীর্ঘ অপেক্ষা।

তিনি বলেন, ‘একটি টুর্নামেন্টের স্থায়ী প্রভাব তৈরি করতে হলে তার আগে পর্যাপ্ত প্রস্তুতি এবং পরে পর্যাপ্ত সময় প্রয়োজন। বিশ্বকাপের মতো আসরের জন্য অপেক্ষা করার মধ্যেও এক ধরনের আবেগ রয়েছে। প্রতি দুই বছর পরপর আয়োজন করলে সেই গুরুত্ব ও আকর্ষণ কমে যেতে পারে।’

তবে সমালোচনার পাশাপাশি ফিফার কিছু উদ্যোগের প্রশংসাও করেছেন লাম। বিশেষ করে ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপ ফরম্যাটকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। তার মতে, এই নতুন কাঠামো অপেক্ষাকৃত ছোট বা কম পরিচিত ফুটবল জাতিগুলোর জন্য বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

স্কটল্যান্ড, কঙ্গো ডিআর এবং কেপ ভার্দের মতো দেশগুলোর অংশগ্রহণকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, এসব দল বিশ্বকাপে নতুন সম্ভাবনা তৈরি করছে এবং টুর্নামেন্টকে আরও বৈচিত্র্যময় করে তুলছে।

এটি অবশ্য প্রথমবার নয় যে লাম প্রকাশ্যে ইনফান্তিনোর সমালোচনা করলেন। ২০২২ কাতার বিশ্বকাপের সময়ও তিনি ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সে সময় তিনি মন্তব্য করেছিলেন যে ইনফান্তিনোর মধ্যে ‘সততা ও নৈতিক দৃঢ়তার অভাব’ রয়েছে।

ফুটবল বিশ্বের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত লামের এই মন্তব্য নতুন করে ফিফার নীতি, বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ এবং খেলোয়াড়দের ওপর বাড়তে থাকা চাপ নিয়ে বিতর্ককে উসকে দিয়েছে। বিশ্বকাপের জনপ্রিয়তা ও আর্থিক সাফল্য যতই বাড়ুক না কেন, ফুটবলের মূল মূল্যবোধ এবং সমর্থকদের অনুভূতির প্রতি সম্মান দেখানো জরুরি বলেই মনে করেন জার্মানির সাবেক এই অধিনায়ক।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow