সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারতের মেঘালয়ে টানা অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকাগুলোতে তীব্র পাহাড়ি ঢল নেমেছে। ঢলের পানিতে ইতোমধ্যে জেলার ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ি ঢলের কারণে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর এলাকায় সড়কের ওপর দিয়ে তীব্র বেগে পানি প্রবাহিত হচ্ছে। ফলে সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ সাময়িকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের মাউসিনরামে ৫২৬ মিলিমিটার, মাওকিয়াতে ৩৮৫ মিলিমিটার এবং চেরাপুঞ্জিতে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে তাহিরপুরের লাউড়েরগড়ে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রোববার সকালের পূর্বাভাসে বলা হয়েছে, সুরমা নদীর পানি ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলার ষোলঘর পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে যেকোনো সময় নদীর পানি বিপৎসীমা অতিক্রম

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারতের মেঘালয়ে টানা অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকাগুলোতে তীব্র পাহাড়ি ঢল নেমেছে। ঢলের পানিতে ইতোমধ্যে জেলার ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পাহাড়ি ঢলের কারণে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর এলাকায় সড়কের ওপর দিয়ে তীব্র বেগে পানি প্রবাহিত হচ্ছে। ফলে সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ সাময়িকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের মাউসিনরামে ৫২৬ মিলিমিটার, মাওকিয়াতে ৩৮৫ মিলিমিটার এবং চেরাপুঞ্জিতে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে তাহিরপুরের লাউড়েরগড়ে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রোববার সকালের পূর্বাভাসে বলা হয়েছে, সুরমা নদীর পানি ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলার ষোলঘর পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে যেকোনো সময় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, আনোয়ারপুর এলাকায় সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় উপজেলা সদরের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে মানুষের যাতায়াত নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের খেয়া নৌকার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৭৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার প্রায় ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী দুইদিনে ভারী বৃষ্টিপাত হলে তা বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে, এমনকি কোথাও কোথাও বিপৎসীমা স্পর্শ করারও আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার নদ-নদীর পানি বাড়ছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow