অসুস্থতা ও ইনজুরি-জর্জর একটি মৌসুম কাটালেও অভিজ্ঞ হামেস রদ্রিগেজের ওপর আস্থা রেখেছে কলম্বিয়া। ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই মিডফিল্ডারকে নিয়েই আট বছর পর বিশ্বকাপে ফিরছে দক্ষিণ আমেরিকার দলটি। বায়ার্ন মিউনিখের উইঙ্গার লুইস দিয়াজ, গোলকিপার ডেভিড অস্পিনা ও প্রিমিয়ার লিগে খেলা কয়েকজন পরিচিত মুখও জায়গা পেয়েছেন ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে।
রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও এভারটনের সাবেক তারকা বর্তমানে খেলছেন মেজর লিগ সকারে। মিনেসোটা ইউনাইটেডের হয়ে ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে শুরুর একাদশে ছিলেন তিনি। সব মিলিয়ে মাঠে কাটিয়েছেন ১৯৪ মিনিট।
গত মার্চে ফ্রান্সের বিপক্ষে কলম্বিয়ার ৩-১ গোলের হারের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েন হামেস। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তীব্র পানিশূণ্যতার কারণে তিন দিন পর্যবেক্ষণেও রাখা হয়েছিল তাকে।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে সম্ভাব্য প্রাণঘাতী পেশিক্ষয় রোগ র্যাবডোমায়োলিসিসে আক্রান্ত হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যমেও এমন দাবি করা হয়। তবে মিনেসোটা ইউনাইটেড জোরালোভাবে সেই খবর নাকচ করে দেয়।
২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী হামেস গত ফেব্রুয়ারিতে এমএলএস মৌসুম শুরুর আগে মিনেসোটায় যোগ দেন। ২০২২ বিশ্বকাপে জায়গা না পাওয়া কলম্বিয়া এবার হামেসের পাশাপাশি শিরোনামে রেখেছে বায়ার্ন মিউনিখ উইঙ্গার লুইস দিয়াজকে।
স্কোয়াডে আছেন ক্রিস্টাল প্যালেসের ড্যানিয়েল মুনোজ ও জেফারসন লার্মাও। জায়গা পেয়েছেন সাবেক আর্সেনাল গোলকিপার ডেভিড অস্পিনা।
আগামী ১ ও ৭ জুন কোস্টারিকা ও জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে কলম্বিয়া। ম্যাচ দুটির আগে বোগোটায় অনুশীলন করবে দলটি। ১২ বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা কলম্বিয়া নিজেদের সপ্তম বিশ্বকাপ অভিযান শুরু করবে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো ও পর্তুগাল।
কলম্বিয়ার ২৬ সদস্যের স্কোয়াড
গোলকিপার: কামিলো ভার্গাস, আলভারো মন্তেরো ও ডেভিড অস্পিনা।
ডিফেন্ডার: ডেভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্য, ড্যানিয়েল মুনোজ, সান্তিয়াগো আরিয়াস, জোহান মোজিকা ও ডেইভার মাচাদো।
মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লার্মা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্টিলা, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কিনতেরো, হামেস রদ্রিগেজ ও হামিন্টন কাম্পাস।
ফরোয়ার্ড: হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ ও জন কর্ডোবা।