অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি, ব্যাগভর্তি টাকা লুট
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চলে অস্ত্রের মুখে ব্র্যাকের দুই মাঠকর্মীকে জিম্মি করে প্রায় পৌনে আট লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে কাবিলের চর এলাকায় নদে এ ঘটনা ঘটে। এতে এনজিও কর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্র্যাক ও স্থানীয় সূত্র জানায়, কাবিলের চর এলাকায় ক্ষুদ্রঋণ কর্মসূচির সাপ্তাহিক কিস্তি, সঞ্চয় ও ঋণের অর্থ সংগ্রহ শেষে ব্র্যাকের দুই মাঠকর্মী মোট ৭ লাখ ৭৯ হাজার ৮০ টাকা নিয়ে নৌকাযোগে কালির বাজার শাখায় ফিরছিলেন। বিকেল ৪টার দিকে তাদের বহনকারী নৌকাটি কাবিলের চরসংলগ্ন নদীপথে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে আসা ৬ থেকে ৭ জনের একদল দুর্বৃত্ত গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা পিস্তল ও ধারালো দেশীয় অস্ত্র প্রদর্শন করে কয়েক মিনিটের মধ্যেই দুই মাঠকর্মীকে জিম্মি করে ফেলে। পরে তাদের কাছে থাকা টাকাভর্তি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে আশপাশের কেউ কার্যকরভাবে বাধা দেওয়ার সুযোগ পাননি। স্থানীয়দের অভিযোগ, ব্রহ্মপুত্রের দু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চলে অস্ত্রের মুখে ব্র্যাকের দুই মাঠকর্মীকে জিম্মি করে প্রায় পৌনে আট লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে কাবিলের চর এলাকায় নদে এ ঘটনা ঘটে। এতে এনজিও কর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ব্র্যাক ও স্থানীয় সূত্র জানায়, কাবিলের চর এলাকায় ক্ষুদ্রঋণ কর্মসূচির সাপ্তাহিক কিস্তি, সঞ্চয় ও ঋণের অর্থ সংগ্রহ শেষে ব্র্যাকের দুই মাঠকর্মী মোট ৭ লাখ ৭৯ হাজার ৮০ টাকা নিয়ে নৌকাযোগে কালির বাজার শাখায় ফিরছিলেন। বিকেল ৪টার দিকে তাদের বহনকারী নৌকাটি কাবিলের চরসংলগ্ন নদীপথে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে আসা ৬ থেকে ৭ জনের একদল দুর্বৃত্ত গতিরোধ করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা পিস্তল ও ধারালো দেশীয় অস্ত্র প্রদর্শন করে কয়েক মিনিটের মধ্যেই দুই মাঠকর্মীকে জিম্মি করে ফেলে। পরে তাদের কাছে থাকা টাকাভর্তি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে আশপাশের কেউ কার্যকরভাবে বাধা দেওয়ার সুযোগ পাননি।
স্থানীয়দের অভিযোগ, ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই নদীপথে নিরাপত্তার ঘাটতি রয়েছে। নিয়মিত পুলিশ টহলের অভাব এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে অপরাধীরা সক্রিয় হয়ে উঠছে। অতীতেও বিচ্ছিন্নভাবে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটলেও দিনের আলোতে এত বড় অঙ্কের অর্থ লুটের ঘটনা এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
চরাঞ্চলে কর্মরত বিভিন্ন এনজিওর কর্মকর্তারা জানান, প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ নিয়ে নদীপথে যাতায়াত করতে হলেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয় না। তারা চরাঞ্চলে নিয়মিত নৌ-পুলিশ বা যৌথ টহল জোরদার, ঝুঁকিপূর্ণ রুট চিহ্নিতকরণ এবং নগদ অর্থ পরিবহনে বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশাররফ হোসেন বলেন, আমাদের মাঠকর্মীরা নিয়মিত কার্যক্রম শেষে শাখায় ফিরছিলেন। পথিমধ্যে সশস্ত্র ডাকাতরা তাদের জিম্মি করে ৭ লাখ ৭৯ হাজার ৮০ টাকা লুট করে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ফুলছড়ি থানার ওসি বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ শুরু করেছে। লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা গ্রহণ করা হবে। জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুট হওয়া অর্থ উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
What's Your Reaction?