অ্যাডাম আব্বাসকে নিয়ে ‘বিশেষ পরিকল্পনা’ বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে যশোরে আবাসিক ক্যাম্পে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। স্থানীয় প্রতিভার সঙ্গে প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন কোচিং স্টাফ। দলের লক্ষ্য একটাই, ইতিবাচক মানসিকতা নিয়ে বাছাইপর্বে জয় ছিনিয়ে নিয়ে বহুদূর এগিয়ে যাওয়া। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে দলের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এসব কথা বলেন প্রধান কোচ জেরার্ড এমলিন জোন্স ও দলের নতুন মুখ অ্যাডাম আব্বাস। কোচ জেরার্ড এমলিন জোন্স বলেন, দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে দলের ফুটবলারদের সামর্থ্য ও মান যাচাই করার সুযোগ হয়েছে। শুধু আসন্ন প্রতিযোগিতা নয়, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ে ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতার কথা মাথায় রেখেই খেলোয়াড়দের প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে চারটির বেশি প্রস্তুতি ম্যাচ খেলেছে দল। এসব ম্যাচে ফুটবলাররা শারীরিক সক্ষমতা, কৌশলগত অবস্থান এবং চাপের মধ্যে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে। মাঠের পিচ বা পরিস্

অ্যাডাম আব্বাসকে নিয়ে ‘বিশেষ পরিকল্পনা’ বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে যশোরে আবাসিক ক্যাম্পে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। স্থানীয় প্রতিভার সঙ্গে প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন কোচিং স্টাফ। দলের লক্ষ্য একটাই, ইতিবাচক মানসিকতা নিয়ে বাছাইপর্বে জয় ছিনিয়ে নিয়ে বহুদূর এগিয়ে যাওয়া।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে দলের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এসব কথা বলেন প্রধান কোচ জেরার্ড এমলিন জোন্স ও দলের নতুন মুখ অ্যাডাম আব্বাস।

কোচ জেরার্ড এমলিন জোন্স বলেন, দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে দলের ফুটবলারদের সামর্থ্য ও মান যাচাই করার সুযোগ হয়েছে। শুধু আসন্ন প্রতিযোগিতা নয়, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ে ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতার কথা মাথায় রেখেই খেলোয়াড়দের প্রস্তুত করা হচ্ছে।

প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে চারটির বেশি প্রস্তুতি ম্যাচ খেলেছে দল। এসব ম্যাচে ফুটবলাররা শারীরিক সক্ষমতা, কৌশলগত অবস্থান এবং চাপের মধ্যে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে। মাঠের পিচ বা পরিস্থিতি যেমনই হোক, তা ইতিবাচকভাবে গ্রহণ করে খেলোয়াড়দের স্ট্যামিনা ও ভারসাম্য বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান কোচ।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের জন্য সেরাটা দেওয়া এবং জয় ছিনিয়ে আনা।’

দলে নতুন যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাডাম আব্বাসকে নিয়েও আশাবাদী কোচ। তার ভাষ্য, ‘অ্যাডাম অত্যন্ত পেশাদার, নম্র এবং শেখার মানসিকতাসম্পন্ন একজন ফুটবলার। তাকে দক্ষ খেলোয়াড় ও কার্যকর গোলদাতা হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা রয়েছে।’

বাংলাদেশের হয়ে প্রথমবার মাঠে নামার অনুভূতি জানাতে গিয়ে অ্যাডাম আব্বাস বলেন, দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। জাতীয় দলের কোচিং স্টাফ ও টেকনিক্যাল টিম যেভাবে কঠোর পরিশ্রম করছে, সেটিও তাকে অনুপ্রাণিত করছে।

অ্যাডাম বলেন, ‘হামজা চৌধুরী ও ইয়াসিন আরাফাতের মতো তরুণ ফুটবলারদের জাতীয় দলে খেলা আমাকে অনুপ্রাণিত করেছে। আমিও বাংলাদেশের হয়ে বড় মঞ্চে ভালো করতে চাই।’ দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ বড় সাফল্য অর্জন করতে পারবে।

১৯ বছর বয়সী অ্যাডাম আব্বাস ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন। তার মূল পজিশন রাইট উইঙ্গার। তবে প্রয়োজন হলে সেন্টার ফরোয়ার্ড কিংবা নম্বর নাইন হিসেবেও খেলতে পারেন তিনি। এর আগে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির যুব পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের।

এবারের অনূর্ধ্ব-২০ দলে পাঁচজন প্রবাসী ফুটবলার রয়েছেন। তাদের মধ্যে ইংল্যান্ডপ্রবাসী ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ডিফেন্ডার জিদান ইউসুফও রয়েছেন। এছাড়া ইঙ্কিম মানিকসহ অন্য প্রবাসী ফুটবলারদের যুক্ত হওয়ায় দলের শক্তি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে ভালো করার পাশাপাশি ২০২৭ সালে চীনে অনুষ্ঠেয় মূল পর্বে জায়গা করে নেওয়াই বাংলাদেশের বড় লক্ষ্য। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার মূল পর্বে এখনো খেলতে পারেনি বাংলাদেশ। ফলে এবার বাছাইপর্বের বাধা পেরোতে পারলে সেটি হবে দেশের বয়সভিত্তিক ফুটবলে নতুন ইতিহাস।

যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে সেই ইতিহাসের লক্ষ্যেই ঘাম ঝরাচ্ছেন তরুণ ফুটবলাররা। স্থানীয় প্রতিভা, প্রবাসীদের অভিজ্ঞতা এবং বিজয়ের মানসিকতা কতটা কাজে আসে, তার পরীক্ষা হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow