ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই শোবিজ অঙ্গনে আবারও সামনে এলো পরকীয়া ও নারী নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ। এবার ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া, মাদকাসক্তি এবং অমানবিক শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন তার স্ত্রী জান্নাত দীপ্তি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর অন্ধকার জীবনের নানা দিক তুলে ধরে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জান্নাত দীপ্তি। তার দাবি, আফজাল সুজন বর্তমানে মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। প্রমাণ হিসেবে তৃষ্ণার সঙ্গে সুজনের বেশ কিছু অশালীন কথোপকথন ও আপত্তিকর ছবির স্ক্রিনশট জনসমক্ষে এনেছেন তিনি। একই সঙ্গে নিজের শরীরে আঘাতের চিহ্ন সংবলিত ছবি পোস্ট করে দীপ্তি অভিযোগ করেন, দীর্ঘ ছয় বছরের সংসার জীবনে তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি অসুস্থ বাবার সামনে এবং নিজের বাড়িতেও সুজন তাকে মারধর করতেন।
সুজনের বিরুদ্ধে চরম অমানবিকতার চিত্র তুলে ধরে দীপ্তি দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, তার চোখের সামনেই সুজন মদ ও গাঁজাসহ বিভিন্ন নেশায় ডুবে থাকতেন। সবচেয়ে মর্মান্তিক তথ্য হলো, দীপ্তি যখন গর্ভবতী ছিলেন, তখন সুজন অন্য এক নারীর সঙ্গে প্রায় ৪-৫ মাস লিভ-ইন সম্পর্কে ছিলেন। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন চুপ থাকলেও, সুজনের মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি।
বর্তমানে আফজাল সুজন উল্টো তাঁর স্ত্রীর বিরুদ্ধে ‘টাকার লোভে সংসার ছাড়ার’ অভিযোগ তুলছেন। এর কড়া প্রতিবাদ জানিয়ে দীপ্তি প্রশ্ন তুলেছেন, “একজন জালিমের ঘর ছেড়ে শান্তিতে বাঁচার চেষ্টা করা কি চরিত্রের দোষ? আত্মহত্যা করলেই কি সমাজ আমাকে ভালো বলত?” জানা গেছে, নির্যাতনের শিকার হয়ে দীপ্তি বিচ্ছেদ চাইলেও মিডিয়াতে নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে সুজন তাকে তালাক দিচ্ছেন না, উল্টো স্ত্রীর সামাজিক স্বীকৃতি বা মর্যাদাও দিচ্ছেন না।
এসব গুরুতর অভিযোগের বিষয়ে অভিনেতা আফজাল সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, “এসব বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না। এ বিষয়ে আমি নিজেই সবার সঙ্গে কথা বলব, ওইটুকু পর্যন্ত সময় আমাকে দিন। আপনারা এক পাশ থেকে শুনেছেন, এ বিষয়ে আমারও বলার আছে, আমি এইটার জন্য একটু সময় চাচ্ছি। এমন একটা সময়ের মধ্যে আছি, কিছু বলার মতো পরিস্থিতি নেই।” অন্যদিকে, মডেল তৃষ্ণাকে কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, ২০১৮ সালে ঈগল মিউজিকের ব্যানারে ক্যারিয়ার শুরু করা তরুণ অভিনেতা আফজাল সুজন বর্তমানে নিয়মিত নাটকে অভিনয় করছেন। স্ত্রীর এমন বিস্ফোরক অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।