ঈদ ঘিরে জমে উঠতে শুরু করেছে নিউমার্কেট
ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর নিউমার্কেট এলাকায় জমে উঠতে শুরু করেছে কেনাকাটা। শুক্রবার (১৫ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বিভিন্ন বিপণিবিতানে ছিল ক্রেতাদের ভিড়। বিশেষ করে পোশাক, জুতা, প্রসাধনী, ব্যাগসহ বিভিন্ন পণ্যের দোকানে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্রেতারা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে বেচাকেনা। নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেটসহ আশপাশের কয়েকটি বিপণিবিতান ঘুরে দেখা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ঈদের কেনাকাটা করতে এসেছেন। নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ছিল সবচেয়ে বেশি ভিড়। দোকানে দোকানে নতুন ডিজাইনের থ্রি-পিস, শাড়ি, শিশুদের পোশাক ও পাঞ্জাবি সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের আকৃষ্ট করতে। ব্যবসায়ীরা জানান, ঈদুল ফিতরের পর বিক্রি কিছুটা কম থাকলেও এখন ধীরে ধীরে ক্রেতা বাড়ছে। সামনে আরও ভালো বেচাকেনার আশা করছেন তারা। নিউমার্কেটের পোশাক বিক্রেতা জীবন আহমেদ বলেন, ‘আজ ছুটির দিন হওয়ায় অনেক মানুষ মার্কেটে এসেছেন। তারা দেখছেন, দাম যাচাই করছেন এবং কিনছেনও। আশা করছি এবার ঈদে ভালো ব্যবসা হবে।’ ক্রেতাদের অনেকেই জানিয়েছেন, শেষ মুহূর্তের ভিড় ও যানজট এড়াতেই আগেভাগে ক
ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর নিউমার্কেট এলাকায় জমে উঠতে শুরু করেছে কেনাকাটা। শুক্রবার (১৫ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বিভিন্ন বিপণিবিতানে ছিল ক্রেতাদের ভিড়।
বিশেষ করে পোশাক, জুতা, প্রসাধনী, ব্যাগসহ বিভিন্ন পণ্যের দোকানে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্রেতারা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে বেচাকেনা।
নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেটসহ আশপাশের কয়েকটি বিপণিবিতান ঘুরে দেখা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ঈদের কেনাকাটা করতে এসেছেন। নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ছিল সবচেয়ে বেশি ভিড়। দোকানে দোকানে নতুন ডিজাইনের থ্রি-পিস, শাড়ি, শিশুদের পোশাক ও পাঞ্জাবি সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের আকৃষ্ট করতে।
ব্যবসায়ীরা জানান, ঈদুল ফিতরের পর বিক্রি কিছুটা কম থাকলেও এখন ধীরে ধীরে ক্রেতা বাড়ছে। সামনে আরও ভালো বেচাকেনার আশা করছেন তারা।
নিউমার্কেটের পোশাক বিক্রেতা জীবন আহমেদ বলেন, ‘আজ ছুটির দিন হওয়ায় অনেক মানুষ মার্কেটে এসেছেন। তারা দেখছেন, দাম যাচাই করছেন এবং কিনছেনও। আশা করছি এবার ঈদে ভালো ব্যবসা হবে।’
ক্রেতাদের অনেকেই জানিয়েছেন, শেষ মুহূর্তের ভিড় ও যানজট এড়াতেই আগেভাগে কেনাকাটা সেরে নিতে এসেছেন তারা।
পরিবার নিয়ে শপিং করতে আসা মিলি সুলতানা বলেন, ‘ঈদের আগে খুব ভিড় হয়, তখন স্বস্তিতে কেনাকাটা করা যায় না। তাই আগে থেকেই প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছি।’
আরেক ক্রেতা আরফান জানান, বাজারে পোশাকের দাম আগের তুলনায় কিছুটা বেশি হলেও পছন্দের জিনিস কিনতে চেষ্টা করছেন তারা। তবে দরদাম করতে পারলে পণ্য কিনে কিছুটা স্বস্তি মিলছে বলেও জানালেন কয়েকজন।
এদিকে, ক্রেতাদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। মার্কেট সংশ্লিষ্টরা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, নিউমার্কেট এলাকায় মানুষের চাপ আরও বাড়বে।
এনএস/একিউএফ
What's Your Reaction?