উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?
উজবেকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর তার একাদশে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর একাদশে থাকবেন কি না—সে বিষয়ে খোলামেলা কিছু বলেননি পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্টিনেজ বলেন, ‘আমি শুরুর একাদশ সম্পর্কে কিছু বলতে পারছি না, কারণ আমি এখনো সেটা আমার খেলোয়াড়দের জানাইনি।’ ৪১ বছর বয়সী রোনালদো বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করতে ব্যর্থ হন। ম্যাচের দ্বিতীয়ার্ধে একাধিক ভালো সুযোগ মিস করার পর টেলিভিশন বিশ্লেষক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের একাংশ রোনালদোর সমালোচনা করেন। অনেকেই প্রশ্ন তোলেন, ম্যাচে আক্রমণভাগে দুর্বলতা থাকা সত্ত্বেও কেন তাকে পরিবর্তন করা হয়নি। মার্টিনেজ বলেন, এই ধরনের সমালোচনা তার দলকে প্রভাবিত করে না এবং এটি এ ধরনের বড় টুর্নামেন্টের স্বাভাবিক অংশ। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলছি, তাই স্বাভাবিকভাবেই অনেক শব্দ ও চাপ থাকে, কিন্তু এটা খেলার অংশ। আমাদ
উজবেকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর তার একাদশে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর একাদশে থাকবেন কি না—সে বিষয়ে খোলামেলা কিছু বলেননি পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্টিনেজ বলেন, ‘আমি শুরুর একাদশ সম্পর্কে কিছু বলতে পারছি না, কারণ আমি এখনো সেটা আমার খেলোয়াড়দের জানাইনি।’
৪১ বছর বয়সী রোনালদো বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করতে ব্যর্থ হন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে একাধিক ভালো সুযোগ মিস করার পর টেলিভিশন বিশ্লেষক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের একাংশ রোনালদোর সমালোচনা করেন। অনেকেই প্রশ্ন তোলেন, ম্যাচে আক্রমণভাগে দুর্বলতা থাকা সত্ত্বেও কেন তাকে পরিবর্তন করা হয়নি।
মার্টিনেজ বলেন, এই ধরনের সমালোচনা তার দলকে প্রভাবিত করে না এবং এটি এ ধরনের বড় টুর্নামেন্টের স্বাভাবিক অংশ।
তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলছি, তাই স্বাভাবিকভাবেই অনেক শব্দ ও চাপ থাকে, কিন্তু এটা খেলার অংশ। আমাদের মনোযোগ দলের ওপর। আমরা ইতিবাচক মানসিকতা দেখাতে চাই এবং ম্যাচের জন্য প্রস্তুত থাকতে চাই। আমরা পুরোপুরি মনোযোগী। দল আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ।’
তিনি সরাসরি রোনালদোর নাম উল্লেখ না করলেও বলেন, কিছু সমালোচনা ‘অন্যায্য ও অবিচার’।
ম্যাচ শেষে রোনালদো সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্ট দিয়েছেন। প্রথম পোস্টে তিনি লেখেন, ‘আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম, সেভাবে হয়নি। কিন্তু এটা শেষ নয়। মাথা উঁচু করে পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি।’
রোববার অনুশীলনের চারটি ছবি পোস্ট করে লেখেন, ‘মিশনে ফোকাসড।’
এবারের বিশ্বকাপে রোনালদো ও আর্জেন্টিনার লিওনেল মেসি—দুজনই ছয়টি বিশ্বকাপে খেলা প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন। রোনালদো এখনো ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়ার সুযোগ খুঁজছেন।
অন্যদিকে মেসি এবারের আসরে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে দুই ম্যাচে পাঁচ গোল করে পাঁচ বিশ্বকাপে মোট ১৮ গোল নিয়ে রেকর্ড গড়েছেন। তিনি ২০১০ বিশ্বকাপে গোল করতে ব্যর্থ হয়েছিলেন।
রোনালদোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও মার্টিনেজ তার প্রতি আস্থা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোই সেই খেলোয়াড়, যে শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে সবচেয়ে সক্ষম। পরিসংখ্যান সেটাই বলে। শেষ ৩২ ম্যাচে দেখা গেছে, সে এমন একজন খেলোয়াড় যে অতিরিক্ত নড়াচড়া করে জায়গা তৈরি করে এবং আক্রমণভাগে স্পেস খুঁজে বের করে।’
উজবেকিস্তানের কোচ ফাবিও ক্যানাভারোও রোনালদোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছেন। তিনি বলেন, পর্তুগালের তারকাদের সামগ্রিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি রোনালদোর দিকেই বিশেষ নজর দিতে হবে।
তিনি বলেন, ‘আমাদের বক্সের ভেতরে খুব সতর্ক থাকতে হবে, কারণ এই ধরনের খেলোয়াড়কে একা ফাঁকা রাখা যাবে না। ক্রিশ্চিয়ানো সব পরিস্থিতিতেই গোল করতে পারে—ফ্রি-কিক, এমনকি কর্নার থেকেও। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে।’
What's Your Reaction?