এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

প্রিয় এইচএসসি ২০২৬-এর পরীক্ষার্থী, জীবন নদীর স্রোতে মাঝে মাঝে এমন এক অবস্থান আসে, যেখান থেকে ভবিষ্যৎ পথের দিক নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশের উচ্চমাধ্যমিক পরীক্ষা এমন এক একাডেমিক সংযোগস্থল, যেখানে তোমাদের দীর্ঘদিনের প্রস্তুতি, বোধশক্তি ও মানসিক দৃঢ়তা একত্রে পরীক্ষিত হয়। ২০২৬ সালের পরীক্ষার্থী হিসেবে তোমরা শুধু একটি পরীক্ষার সামনে নও; বরং দাঁড়িয়ে আছো ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় জীবন, পেশাগত সম্ভাবনা এবং বুদ্ধিবৃত্তিক পরিচয়ের দ্বারপ্রান্তে। সুতরাং প্রস্তুতিটিও হতে হবে বহুমাত্রিক— যেখানে জ্ঞান, কৌশল, সময়নিয়ন্ত্রণ এবং আত্মসংযম এক সুসমন্বিত রূপ পায়। ভালো ফলাফল কেবল একটি অর্জন নয়, এটি একটি প্রবেশপত্র, যা তোমাদের দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগিতায় এগিয়ে রাখে। তবে এর গভীরতর তাৎপর্য হলো : এই ফলাফল তোমাদের অধ্যয়নশৈলী, মনোযোগ এবং বোধের প্রতিফলন। তাই লক্ষ্য হওয়া উচিত— ‘উচ্চ নম্বর’ নয়, বরং ‘উচ্চমানের বোঝাপড়া’, যার স্বাভাবিক ফলই হবে ভালো ফলাফল। যেহেতু পরীক্ষা সন্নিকটে, কিন্তু সময় বাকি অল্প সেহেতু তোমাদের পড়াশোনার ধারা পরিবর্তন করো। শুধু বারবার পড়ে মুখস্থ করা বা ‘প্যাসিভ রিডিং’ ফলপ্রসূ হয় না। তোমর

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

প্রিয় এইচএসসি ২০২৬-এর পরীক্ষার্থী,
জীবন নদীর স্রোতে মাঝে মাঝে এমন এক অবস্থান আসে, যেখান থেকে ভবিষ্যৎ পথের দিক নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশের উচ্চমাধ্যমিক পরীক্ষা এমন এক একাডেমিক সংযোগস্থল, যেখানে তোমাদের দীর্ঘদিনের প্রস্তুতি, বোধশক্তি ও মানসিক দৃঢ়তা একত্রে পরীক্ষিত হয়। ২০২৬ সালের পরীক্ষার্থী হিসেবে তোমরা শুধু একটি পরীক্ষার সামনে নও; বরং দাঁড়িয়ে আছো ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় জীবন, পেশাগত সম্ভাবনা এবং বুদ্ধিবৃত্তিক পরিচয়ের দ্বারপ্রান্তে। সুতরাং প্রস্তুতিটিও হতে হবে বহুমাত্রিক— যেখানে জ্ঞান, কৌশল, সময়নিয়ন্ত্রণ এবং আত্মসংযম এক সুসমন্বিত রূপ পায়। ভালো ফলাফল কেবল একটি অর্জন নয়, এটি একটি প্রবেশপত্র, যা তোমাদের দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগিতায় এগিয়ে রাখে।

তবে এর গভীরতর তাৎপর্য হলো : এই ফলাফল তোমাদের অধ্যয়নশৈলী, মনোযোগ এবং বোধের প্রতিফলন। তাই লক্ষ্য হওয়া উচিত— ‘উচ্চ নম্বর’ নয়, বরং ‘উচ্চমানের বোঝাপড়া’, যার স্বাভাবিক ফলই হবে ভালো ফলাফল।

যেহেতু পরীক্ষা সন্নিকটে, কিন্তু সময় বাকি অল্প সেহেতু তোমাদের পড়াশোনার ধারা পরিবর্তন করো। শুধু বারবার পড়ে মুখস্থ করা বা ‘প্যাসিভ রিডিং’ ফলপ্রসূ হয় না। তোমরা দুটি আধুনিক পদ্ধতি অবলম্বন করতে পার :

সক্রিয় স্মৃতিচারণ (Active Recall) :  কোনো অধ্যায় পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো— “আমি কী পড়লাম?” নিজের ভাষায় উত্তরটি বলার চেষ্টা করো। যদি বলতে না পার, তবে বই খুলে দেখ। মস্তিষ্ককে দিয়ে তথ্য মনে রাখার জন্য কাজ করিয়ে নাও।

বারবার পুনরাবৃত্তি (Repetition) :  আজ যা পড়েছ, তা পরের ২৪ ঘণ্টা পর, তারপর এক সপ্তাহ পর এবং পরীক্ষার পূর্বে পুনরায় রিভিশন দাও। নির্দিষ্ট ব্যবধানে পড়লে তথ্য দীর্ঘসময় মস্তিষ্কে গেঁথে থাকে।

MCQ-এ দক্ষতা : ২৫-৩০ নম্বরের নিশ্চিত সাফল্য

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের মূল চাবিকাঠি হলো বহুনির্বাচনী বা এমসিকিউ অংশ। সৃজনশীল প্রশ্নে নম্বর কমে গেলেও এমসিকিউতে পূর্ণ নম্বর পাওয়া গেলে ফলাফল স্বাভাবিকভাবেই ভালো হয়।

MCQ-এ ভালো করতে হলে :
পাঠ্যবইকে প্রধান আস্থায় রাখো : সহায়ক বই বা নোটের ওপর অতিরিক্ত নির্ভরতা এড়িয়ে চলো। এমসিকিউর বেশিরভাগ প্রশ্ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইয়ের পাশের ছোট খাতা, ছবির নিচের লেখা এবং প্যারাগ্রাফের শেষ বাক্যগুলো থেকে তৈরি হয়। টেস্ট পেপার থেকে ভালো কলেজগুলোর MCQ অনুশীলন করে সমাধান করো।

বিলোপন পদ্ধতি (Elimination Method) : পরীক্ষার খাতায় কোনো প্রশ্নের উত্তর না জানলে অন্ধভাবে অনুমান করো না। চারটি অপশনের মধ্যে যেগুলো একদম অসম্ভব বা বিভ্রান্তিকর, সেগুলো আগেই বাদ দিয়ে দাও। অনেক সময় দুটি অপশন একেবারে বিপরীত থাকে, তখন সঠিকটি ধরা সহজ হয়।

নিয়মিত অনুশীলন এবং বিশ্লেষণ : প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল সংখ্যক বহুনির্বাচনী প্রশ্নের অনুশীলন করো এবং ভুলগুলো চিহ্নিত করে সংশোধন করো। এতে পরীক্ষার হলে দ্রুত উত্তর দেওয়ার ক্ষমতা বা ‘স্পিড অ্যাক্যুরেসি’ বাড়বে।

  • প্রতি অধ্যায় শেষে বোর্ড বইয়ের সব MCQ এবং পূর্ববর্তী বছরের প্রশ্ন অনুশীলন করো।
  • ভুল উত্তরের কারণ বিশ্লেষণ করো।
  • সায়েন্স : সূত্র, প্রক্রিয়া ও গাণিতিক MCQ-তে জোর দাও। 
  • ব্যবসায় শিক্ষা : হিসাব, সংজ্ঞা ও প্রয়োগভিত্তিক বিষয়গুলোকে প্রাধান্য দাও।
  • মানবিক : তথ্য, কারণ-ফলাফল ও সমসাময়িক উদাহরণভিত্তিক তথ্যগুলোর উপর গুরুত্ব দাও।

পরীক্ষাকক্ষের তিন ঘণ্টা : কৌশলগত পরিকল্পনা

প্রস্তুতি ভালো থাকলেও অনেক মেধাবী শিক্ষার্থী পরীক্ষার হলে সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে না পেরে ব্যর্থ হয়। একজন দক্ষ প্রতিযোগীর মতো এই তিন ঘণ্টা তোমাদের যুদ্ধক্ষেত্রে লড়াই করতে হবে। অভিজ্ঞদের মতে এই তিন ঘণ্টাকে তিনটি সুনির্দিষ্ট ধাপে ভাগ করা উচিত :

প্রথম ধাপ : পর্যবেক্ষণ ও মানসিক মানচিত্র তৈরি (প্রথম ১০ মিনিট) :
প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথেই লেখা শুরু করো না। প্রথমে পুরো প্রশ্নপত্রটি একবার গভীরভাবে পড়ে নাও। কোন প্রশ্নগুলো তোমার কাছে সহজ মনে হচ্ছে, কোনগুলো মাঝারি এবং কোনগুলো কঠিন— তা চিহ্নিত করো। মনে মনে একটি ক্রম বা সিকোয়েন্স ঠিক করে নাও কোন প্রশ্নটি আগে এবং কোনটি পরে উত্তর দেবে। এটি তোমার মানসিক প্রস্তুতি শক্ত করবে এবং দুশ্চিন্তা কমাবে। MCQ-এর ক্ষেত্রে ‘অনিশ্চিত বা পারা’ প্রশ্নে অতিরিক্ত সময় ব্যয় করো না ।

দ্বিতীয় ধাপ : কার্যকরী লেখন ও বিষয়বস্তু উপস্থাপন (পরবর্তী ২ ঘণ্টা ২০ মিনিট) :

সহজ থেকে কঠিনের ধারা : আগে সেই প্রশ্নগুলোর উত্তর দাও যা তোমার নখদর্পণে অর্থাৎ সবচেয়ে সহজ। এতে তুমি দ্রুত নম্বর নিশ্চিত করবে এবং আত্মবিশ্বাস বাড়বে।

উত্তর না জানা প্রশ্নে করণীয় : কোনো প্রশ্নে আটকে গেলে বেশিক্ষণ সময় নষ্ট করো না। তা ফাঁকা রেখে পরের প্রশ্নে চলে যাও। শেষে সময় পাওয়া গেলে সেগুলোর দিকে ফিরে আসবে।

কাঠামোবদ্ধ উত্তর : উত্তর লেখার সময় ভূমিকা, মূল অংশ এবং উপসংহার— এই কাঠামো মেনে লিখলে পরীক্ষকের পড়া সহজ হয়। প্রয়োজনে মূল অংশের তথ্যগুলো বিন্দু বা ছোট অনুচ্ছেদে উপস্থাপন করো। পরীক্ষক সহজে বোঝার জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা তারিখ এবং সূত্র আন্ডারলাইন করে দিতে পার।

তৃতীয় ধাপ : পর্যালোচনা করা (শেষ ২০ মিনিট) :
সবশেষে ৫-১০ মিনিট খাতা দ্রুত চোখ বুলিয়ে দেখে নাও কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না, এবং বানান বা গাণিতিক ভুল আছে কি না। কোনো প্রশ্নের ক্রমিক নম্বর বা সেট কোড ঠিক আছে কি না তা দেখে নাও। অনেক সময় ছোট ভুলেও অনেক নম্বর কাটা যায়, তাই সতর্কতার সাথে রিভিউ করা অত্যন্ত জরুরি ।

বিশেষ সতর্কতা :

  • তোমাদের হাতে এখনো যেটুকু সময় রয়েছে, এই সময়টাকে নষ্ট না করে সাজিয়ে নিতে হবে। দিনের শুরুতে মস্তিস্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তাই সকালে কঠিন বিষয়গুলো (যেমন অঙ্ক বা বিজ্ঞান) এবং শেষের দিকে তুলনামূলক সহজ বিষয়গুলো (যেমন সাহিত্য বা গল্প) পড়ার তালিকায় রাখো। পড়ার ফাঁকে ফাঁকে ছোট ছোট বিরতি নিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দাও। 
  • মনে রাখবে, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্যাভ্যাস তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। পরীক্ষার চাপে বা উদ্বেগে নিজেকে ভেঙে পড়তে দেবে না। মানসিক চাপ বা উদ্বেগ তোমাদের শক্তি ক্ষয় করে। পরিবারের সদস্য বা শিক্ষকদের সাথে তোমাদের মনের কথা শেয়ার করো। এ সময় পিতা-মাতা-অভিভাবকদের তাদের সন্তানের খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও মনোবলের দিকে সচেতন দৃষ্টি রাখতে হবে । শিক্ষার্থীদেরকে পারিবারিক সমস্যা বা দায়িত্ব থেকে দূরে রেখে, যথাযথ পাঠের পরিবেশ নিশ্চিত করে, তাদের মানসিকভাবে ভরসা ও সাহস জোগাতে হবে ।
  • অসচেতনভাবে একদিন বৃষ্টিতে ভিজেও যদি তোমরা জ্বর-সর্দি বা কাশিতে আক্রান্ত হও, তাহলে মহামূল্যবান কয়েকটি দিনের তোমাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হবে । এছাড়াও ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়া ইত্যাদি রোগের ব্যাপারে যাবতীয় প্রতিকারমূলক ব্যাবস্থা গ্রহণ ও সাবধানতা অবলম্বন করতে হবে ।
  • সামাজিক যোগাযোগমাধ্যম এবং মোবাইল গেমস তোমার মূল্যবান সময় এবং মনোযোগ কেড়ে নিতে পারে। এগুলো থেকে নিজেকে দূরে রাখো। 
  • পরীক্ষার খাতায় সেট কোড, রেজিস্ট্রেশান নম্বর বা রোল নম্বর পূরণে অত্যন্ত সতর্কতা অবলম্বন করো ।
  • পরীক্ষার রুটিন যথাযথভাবে অনুসরণ করতে হবে । ভুল তারিখে ভুল বিষয়ের প্রস্তুতি গ্রহণ কিংবা পরীক্ষার সময় নিয়ে যেন কোন বিভ্রান্তি তৈরি না হয়। পরীক্ষার রুটিন অনুযায়ী যে সকল বিষয়ের পূর্বে বিরতি কম, সে সব বিষয়ের পড়াশোনা পরীক্ষা শুরুর আগেই সম্পন্ন করে রাখতে হবে।
  • কোনো কারণবশত একটি পরীক্ষা আশানুরূপ ভালো না হলে, হতাশ না হয়ে, পূর্ণ মনোবল নিয়ে পরবর্তী পরীক্ষাগুলোতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে হবে।

সফলতা অর্জনের পথ কখনো সহজ হয় না, কিন্তু ধৈর্য, অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনা তোমাদের সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে।  

উপসংহার
তোমরা ভবিষ্যতের কান্ডারী, তোমাদের হাতেই রয়েছে নিজেদের এবং দেশের ভাগ্য গড়ার হাতিয়ার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা তোমাদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করবে। তোমাদের হাতে যে কলমটি আছে, তা শুধু কাগজে লেখার জন্য নয়, বরং তোমাদের ভাগ্যের রেখা টানার জন্য। তাই নিজেকে গড়ে তোলো— পরিকল্পনায়, শৃঙ্খলায় এবং জ্ঞানের গভীরতায়। তোমরা কেবল পরীক্ষায় অংশগ্রহণ করতে আসনি; বরং এসেছো নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ প্রকাশ ঘটাতে। আজ থেকেই নিজেদের ওপর আস্থা রাখ, সঠিক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাও। বাধা আসবে, ব্যর্থতার ভয় তাড়া করবে, কিন্তু থেমে যেও না। অধ্যয়ন করো নিষ্ঠা ও প্রজ্ঞার সাথে, স্বপ্ন দেখো বৃহৎ করে এবং লক্ষ্য অর্জন করো দৃঢ় সংকল্পের সাথে। শুভকামনা তোমাদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য।

লেখক : অধ্যক্ষ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (DMRC), ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow