এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের ওপর ছাত্রশক্তির নেতাদের হামলার অভিযোগ
রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলের ভেন্যুতে প্রবেশকে কেন্দ্র করে জাতীয় যুবশক্তি ও এনসিপির কয়েকজন নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির মহানগর কমিটির নেতাদের বিরুদ্ধে। এতে যুবশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ইফতারের আগে প্রথম দফার হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। সন্ধ্যায় অনুষ্ঠান শেষে আবারও মারামারি হয়। হামলায় আহতদের মধ্যে জাতীয় যুব শক্তির মহানগর কমিটির সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, জেলা কমিটির সংগঠক রাশেদুজ্জামান ও লেমন শাহ বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরত গেছেন। বিভাগীয় এ ইফতার মাহফিলে দলের আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলের ভেন্যু স্টেডিয়াম গেটে অভ্যর্থনার দায়িত্বে ছিল রংপুর মহানগর ছাত
রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলের ভেন্যুতে প্রবেশকে কেন্দ্র করে জাতীয় যুবশক্তি ও এনসিপির কয়েকজন নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির মহানগর কমিটির নেতাদের বিরুদ্ধে। এতে যুবশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ইফতারের আগে প্রথম দফার হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। সন্ধ্যায় অনুষ্ঠান শেষে আবারও মারামারি হয়।
হামলায় আহতদের মধ্যে জাতীয় যুব শক্তির মহানগর কমিটির সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, জেলা কমিটির সংগঠক রাশেদুজ্জামান ও লেমন শাহ বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরত গেছেন।
বিভাগীয় এ ইফতার মাহফিলে দলের আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলের ভেন্যু স্টেডিয়াম গেটে অভ্যর্থনার দায়িত্বে ছিল রংপুর মহানগর ছাত্রশক্তি নেতাকর্মীরা। দাওয়াত কার্ড ছাড়া আসায় কিছু নেতাকর্মীদের ভেন্যুতে প্রবেশ করা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে এনসিপি ও যুবশক্তির কয়েকজন নেতাকে মারধর করা হয়।
এনসিপির রংপুর মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন জানান, বিকেলের দিকে কাউনিয়া-পীরগাছা থেকে আসা যুবশক্তির ৫ কর্মীর কাছে দাওয়াত কার্ড ছিল না। ছাত্রশক্তির নেতারা তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তিনি কল পেয়ে সেখানে যান। তখন ছাত্রশক্তির নেতারা ওখানে হট্টগোল শুরু করেন।
তিনি অভিযোগ করেন, ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব ফারহান তানভীর ফাহিম, যুগ্ম আহ্বায়ক রাজিমুজ্জামান হৃদয়সহ কয়েকজন গেটে তাকে দুদফায় ধাক্কা দেন। এসময় সামনে এগিয়ে গেলে যুবশক্তির জেলা কমিটির সংগঠক রাশেদুজ্জামান ও বদরগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আকাশ ইসলামকে পেটানো হয়।
এ ঘটনার প্রতিবাদ করায় যুবশক্তির মহানগরের সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকিরকে দুদফায় মারধর করেন মহানগর জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব ফারহান তানভীর ফাহিম, যুগ্ম আহ্বায়ক রাজিমুজ্জামান হৃদয়, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মীম, সংগঠক নাঈম, জেলা কমিটির বহিষ্কৃত সদস্য তাহমীদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মীম মিমসহ আরও কয়েকজন নেতাকর্মী।
হাসপাতালে চিকিৎসাধীন মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির অভিযোগ বলেন, সিনিয়র একজন নেতাকে মারধরের প্রতিবাদ করায় তাকে প্রথম দফায় ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঙ্গুলে আঘাত করে ফাহিম। পরে ইফতার শেষে ফেরার সময় তাকে আটকে টেবিলের কাঠ দিয়ে মারধর করার একপর্যায়ে তিনি হামাগুড়ি দিয়ে স্টেডিয়ামের মাঠে গিয়ে পড়ে যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন জেলা যুব শক্তির সংগঠক লেমন শাহ, জেলা ছাত্রশক্তির সংগঠক সীমান্ত হোসেনসহ ৪-৫ জন নেতাকর্মী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব ফারহান তানভীর ফাহিম বলেন, রাজনৈতিক প্রোগ্রামে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমরা মিটিংয়ে বসেছি। এটা নিয়ে স্টেটমেন্ট দেওয়ার কিছু নেই।
যুগ্ম আহ্বায়ক রাজিমুজ্জামান হৃদয় বলেন, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। হামলা বা কারো গায়ে আঘাত করা হয়েছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কেউ হাসপাতালে ভর্তি হলে তারা নাটক করছে।
মহানগর জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নিজেদের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল এবং তা সমাধান হয়েছে।
এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে রংপুর সার্কিট হাউসে বৈঠকে বসেছেন দলের কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহ কালবেলাকে বলেন, রংপুরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বৈঠক করেছেন। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?