কঙ্গনার ৫৬ লাখের পার্লামেন্ট লুক: হার্মিস বারকিন থেকে রোলেক্স

ভারতের পার্লামেন্টে চলছে বর্ষাকালীন অধিবেশন। আর এই সময়েও আলোচনায় বলিউড অভিনেত্রী ও বিজেপির লোকসভা সদস্য কঙ্গনা রানাউত। তার অভিনয় কিংবা রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি প্রায়ই নজর কাড়ে তার পোশাক ও ফ্যাশন। পার্লামেন্টে কঙ্গনার পোশাকে সাধারণত থাকে শাড়ি, সঙ্গে চোখধাঁধানো সানগ্লাস, দামি ব্যাগ ও বিভিন্ন বিলাসবহুল অ্যাকসেসরিজ। গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি। পার্লামেন্ট চত্বর থেকে বের হওয়ার সময় তার সাজপোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। সেদিন কঙ্গনাকে দেখা যায় মণিপুরের ব্র্যান্ড নুপির তৈরি হালকা নীল রঙের এরি সিল্ক শাড়িতে। সঙ্গে ছিল সাদা ব্লাউজ ও আইভরি রঙের সুয়েড স্লিপ-অন জুতা। তবে তার পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছে হাতে থাকা ব্যাগ, হাত ঘড়ি এবং ছাতা। ৩৫ লাখ টাকার হার্মিস ব্যাগ কঙ্গনার হাতে ছিল বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড হার্মিসের বারকিন ব্যাগ। টোগো লেদারে তৈরি এই ব্যাগটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লাখ রুপি। টোগো লেদার মূলত বাছুরের চামড়া দিয়ে তৈরি। সোথেবিজের তথ্য অনুযায়ী, এই চামড়ার গায়ে হালকা উঁচু-নিচু দানাদার টেক্সচার থাকে। এটি তুলনামূলকভাবে হালকা এবং আঁচড় ও পানির ক্ষতি প্রতিরোধ করতে প

কঙ্গনার ৫৬ লাখের পার্লামেন্ট লুক: হার্মিস বারকিন থেকে রোলেক্স

ভারতের পার্লামেন্টে চলছে বর্ষাকালীন অধিবেশন। আর এই সময়েও আলোচনায় বলিউড অভিনেত্রী ও বিজেপির লোকসভা সদস্য কঙ্গনা রানাউত। তার অভিনয় কিংবা রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি প্রায়ই নজর কাড়ে তার পোশাক ও ফ্যাশন।

পার্লামেন্টে কঙ্গনার পোশাকে সাধারণত থাকে শাড়ি, সঙ্গে চোখধাঁধানো সানগ্লাস, দামি ব্যাগ ও বিভিন্ন বিলাসবহুল অ্যাকসেসরিজ। গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি। পার্লামেন্ট চত্বর থেকে বের হওয়ার সময় তার সাজপোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।

সেদিন কঙ্গনাকে দেখা যায় মণিপুরের ব্র্যান্ড নুপির তৈরি হালকা নীল রঙের এরি সিল্ক শাড়িতে। সঙ্গে ছিল সাদা ব্লাউজ ও আইভরি রঙের সুয়েড স্লিপ-অন জুতা। তবে তার পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছে হাতে থাকা ব্যাগ, হাত ঘড়ি এবং ছাতা।

৩৫ লাখ টাকার হার্মিস ব্যাগ

কঙ্গনার হাতে ছিল বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড হার্মিসের বারকিন ব্যাগ। টোগো লেদারে তৈরি এই ব্যাগটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লাখ রুপি।

টোগো লেদার মূলত বাছুরের চামড়া দিয়ে তৈরি। সোথেবিজের তথ্য অনুযায়ী, এই চামড়ার গায়ে হালকা উঁচু-নিচু দানাদার টেক্সচার থাকে। এটি তুলনামূলকভাবে হালকা এবং আঁচড় ও পানির ক্ষতি প্রতিরোধ করতে পারে।

টোগো লেদারের আরেকটি বৈশিষ্ট্য হলো এর নরম ও নমনীয় গঠন। এর কারণে ব্যাগটি ব্যবহারে আরামদায়ক এবং দীর্ঘদিন টেকসই থাকে। এই ধরনের চামড়ায় তৈরি হার্মিসের ব্যাগ বাজারে বেশ চাহিদাসম্পন্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হাতে ২১ লাখের রোলেক্স

কঙ্গনার সাজে সবচেয়ে দামি জিনিসগুলোর একটি ছিল তার হাতের ঘড়ি। তার কবজিতে দেখা যায় রোলেক্স লেডি-ডেটজাস্ট, যার ডায়াল ছিল চকোলেট বাদামি রঙের।

বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই ঘড়িটির দাম প্রায় ২১ লাখ রুপি।

রোলেক্সের তথ্য অনুযায়ী, ডেটজাস্ট মডেলের যাত্রা শুরু হয় ১৯৪৫ সালে। এটি ছিল বিশ্বের প্রথম স্বয়ংক্রিয়, পানি-প্রতিরোধী ক্রোনোমিটার হাতঘড়ি, যাতে ডায়ালের ৩টার অবস্থানে তারিখ দেখানোর ব্যবস্থা ছিল।

১৯৫৩ সালে ঘড়িটির তারিখ দেখানোর অংশে ‘সাইক্লপস’ ম্যাগনিফাইং লেন্স যুক্ত করা হয়। এরপর বিভিন্ন সময়ে নকশা ও প্রযুক্তিতে পরিবর্তন এলেও ডেটজাস্ট রোলেক্সের ক্লাসিক নকশার অন্যতম প্রতীক হয়ে রয়েছে।

লেডি-ডেটজাস্ট মডেলটি নারীদের জন্য তৈরি। এতে পাঁচটি ধাতব লিংকের সারি এবং মসৃণ নকশার ব্রেসলেট রয়েছে। ১৯৫৭ সালে এই মডেলের নারীদের সংস্করণ প্রথম বাজারে আসে। বর্তমানে এর ব্যাস ২৮ মিলিমিটার।

৬ হাজার রুপির ছাতাও নজর কাড়ল

কঙ্গনার হাতে ছিল আরেকটি ফ্যাশন অ্যাকসেসরি—গুড আর্থের একটি ছাপা ছাতা। এর দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি।

ছাতাটির বাইরের অংশে ছিল ব্র্যান্ডটির পরিচিত ‘ইন্ডিয়ান ওশান’ প্রিন্ট। ভেতরের অংশে ছিল শেভরন ধরনের নকশা। এই নকশায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের প্রকৃতির প্রভাব রয়েছে।

ব্র্যান্ডটির নকশায় ভারত মহাসাগরের সংস্কৃত নাম ‘রত্নাকর’-এর ধারণাও ব্যবহার করা হয়েছে। সংস্কৃত ভাষায় রত্নাকর শব্দের অর্থ রত্নের স্রষ্টা।

মোট দাম প্রায় ৫৬ লাখ রুপি

কঙ্গনার ওই দিনের সাজের সবচেয়ে ব্যয়বহুল তিনটি অ্যাকসেসরিজের দাম হিসাব করলে দেখা যায়—হার্মিস বারকিন প্রায় ৩৫ লাখ রুপি, রোলেক্স লেডি-ডেটজাস্ট প্রায় ২১ লাখ রুপি এবং ছাতার দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি।

অর্থাৎ শুধু এসব অ্যাকসেসরিজের মূল্যই দাঁড়ায় প্রায় ৫৬ লাখ রুপি। এর সঙ্গে শাড়ি, ব্লাউজ ও জুতার দাম যোগ করলে পুরো পোশাকের মূল্য আরও বাড়বে।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে কঙ্গনার ফ্যাশন বরাবরই আলোচনার বিষয়। তবে এবার পার্লামেন্টে তার ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে বিলাসবহুল আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্যাগ ও ঘড়ির সমন্বয় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow