কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়
আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে একটি মৌলিক সত্য বারবার প্রমাণিত হয়েছে— যুদ্ধ কখনোই হঠাৎ ঘটে না; এটি দীর্ঘদিন ধরে জমে থাকা কূটনৈতিক ব্যর্থতার অনিবার্য পরিণতি। রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা নিরাপত্তা উদ্বেগ যখন আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না, তখন সেই সংকট ধীরে ধীরে সামরিক সংঘর্ষে রূপ নেয়। International Crisis Group’র বিশ্লেষণে বলা হয়েছে, ‘ধারণাগত কূটনীতি এবং ধারাবাহিক আলোচনাই সংঘাত-উত্তেজনা কমানোর সবচেয়ে কার্যকর উপায়।’ (ICG, ২০২৪)। আলোচনার দরজা বন্ধ হলেই সংঘর্ষের দরজা খুলে যায়; এই সত্য আজ কেবল তত্ত্বকথা নয়, বরং ২০২৬ সালের ইরান যুদ্ধ সম্ভবত এই সত্যের সবচেয়ে ভয়াবহ প্রমাণ।এই কূটনৈতিক ব্যর্থতার পরিণতি আজ রক্তাক্ত বাস্তবতায় স্পষ্ট। ইরান-ইসরায়েল-আমেরিকা সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রায় পনেরোরও অধিক সৈন্য নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছে। ইরানে ১০ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস এবং তেরশর বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। ইরানের মিনাব শহরে বালিকা বিদ্যালয়ের প্রাণ হারিয়েছেন ১৬৫ জনের মতো শিশু শিক্ষার্থী, আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্র
আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে একটি মৌলিক সত্য বারবার প্রমাণিত হয়েছে— যুদ্ধ কখনোই হঠাৎ ঘটে না; এটি দীর্ঘদিন ধরে জমে থাকা কূটনৈতিক ব্যর্থতার অনিবার্য পরিণতি। রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা নিরাপত্তা উদ্বেগ যখন আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না, তখন সেই সংকট ধীরে ধীরে সামরিক সংঘর্ষে রূপ নেয়। International Crisis Group’র বিশ্লেষণে বলা হয়েছে, ‘ধারণাগত কূটনীতি এবং ধারাবাহিক আলোচনাই সংঘাত-উত্তেজনা কমানোর সবচেয়ে কার্যকর উপায়।’ (ICG, ২০২৪)।
আলোচনার দরজা বন্ধ হলেই সংঘর্ষের দরজা খুলে যায়; এই সত্য আজ কেবল তত্ত্বকথা নয়, বরং ২০২৬ সালের ইরান যুদ্ধ সম্ভবত এই সত্যের সবচেয়ে ভয়াবহ প্রমাণ।এই কূটনৈতিক ব্যর্থতার পরিণতি আজ রক্তাক্ত বাস্তবতায় স্পষ্ট। ইরান-ইসরায়েল-আমেরিকা সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রায় পনেরোরও অধিক সৈন্য নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছে। ইরানে ১০ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস এবং তেরশর বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। ইরানের মিনাব শহরে বালিকা বিদ্যালয়ের প্রাণ হারিয়েছেন ১৬৫ জনের মতো শিশু শিক্ষার্থী, আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়েছে এবং এর অর্থনৈতিক ক্ষতি পুরো মানবজাতিকে ভোগান্তিতে ফেলছে। আন্তর্জাতিক রাজনীতির এক নির্মম সত্য হলো— যারা যুদ্ধ বাধান, তারা জবাবদিহিতার বাইরে থাকেন। আর যারা যুদ্ধ ঘোষণা করেন না, তারাই সবচেয়ে বেশি মূল্য চোকান। CSIS’র বিশ্লেষক ড. জন অ্যালটারম্যান স্পষ্টভাবে বলেছেন, ইরান-মার্কিন সংকট দেখিয়ে দিয়েছে যে সামরিক শক্তি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, যদি কূটনৈতিক হাতিয়ারগুলো অনুপস্থিত থাকে (CSIS, ২০২৬)।
কূটনীতি নিজে নিজে সফল হয় না। এটি সম্পূর্ণভাবে নির্ভর করে সেই মানুষদের ওপর যারা আন্তর্জাতিক আলোচনার টেবিলে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। কূটনীতির জন্য প্রয়োজন সৎ, মেধাবী, চরিত্রবান, নম্র এবং উচ্চশিক্ষিত মানুষ, যারা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে গভীর ও পরিপক্ব ধারণা রাখেন। একজন প্রকৃত কূটনীতিকের শুধু রাজনৈতিক নির্দেশনা অনুসরণ করার ক্ষমতা থাকলেই যথেষ্ট নয়; তার মধ্যে থাকতে হয় বিশ্লেষণী বুদ্ধিমত্তা, ধৈর্য, জটিল পরিস্থিতিতে দরকষাকষির দক্ষতা এবং বহু বছরের বাস্তব মাঠ-অভিজ্ঞতা। কূটনীতিকে বাইরে থেকে দেখলে হয়তো সহজ মনে হয়, কিন্তু এর ভেতরের জটিলতা কেবল তারাই জানেন যারা এই পথে বছরের পর বছর হেঁটেছেন। একটি তীক্ষ্ণ উপমায় বিষয়টি বোঝানো যায়; একজন দর্জি কাপড় সেলাই করেন, একজন মুচি জুতা সেলাই করেন, আবার একজন মেডিকেল সার্জনও সেলাই করেন। তিনটি ক্ষেত্রেই সুই-সুতার কাজ, তবু প্রেক্ষাপট, দক্ষতা ও প্রশিক্ষণ সম্পূর্ণ আলাদা। দর্জির হাতে অস্ত্রোপচার যেমন মারাত্মক ভুল, রাজনৈতিক অনুগতদের হাতে কূটনীতি তুলে দেওয়াও ঠিক তেমনি বিপজ্জনক।
আন্তর্জাতিক রাজনীতিতে বহু ক্ষেত্রে দেখা যায় যে অদক্ষ বা রাজনৈতিকভাবে অনুগত কূটনীতিকরা নিজেদের কূটনৈতিক ব্যর্থতা আড়াল করতে জাতীয় নিরাপত্তার অজুহাত ব্যবহার করেন। কখনো কখনো রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির অতিরঞ্জিত বা ভুয়া যুক্তি তুলে ধরে যুদ্ধের পথে এগিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন উঠে আসে: যদি যুদ্ধের প্রধান উদ্দেশ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হয়, তাহলে সেই যুদ্ধে প্রাণ হারান কারা? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সেই যুদ্ধে প্রাণ দেন সাধারণ সৈনিকরা যারা সেই জনগণেরই অংশ যাদের নিরাপত্তার কথা বলে যুদ্ধের যুক্তি তৈরি করা হয়।এই বাস্তবতা আন্তর্জাতিক রাজনীতির এক গভীর দ্বন্দ্বকে সামনে আনে। যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার এই পদ্ধতি কতটা বাস্তবসম্মত তা আজ এক বড় অমীমাংসিত প্রশ্ন। ইতিহাসের নির্মম সত্য হলো, রাষ্ট্রীয় ও জননিরাপত্তার ভুয়া অজুহাতে যারা এই যুদ্ধ বাধান, তারা জবাবদিহিতার ধরাছোঁয়ার বাইরে থাকেন। সংঘাতের মূল্য চোকায় সাধারণ মানুষ তাদের জীবন দিয়ে, স্বজন হারিয়ে, জীবিকা হারিয়ে। অথচ যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, যারা কূটনীতির টেবিলকে সামরিক থিয়েটারে পরিণত করেছেন, তারা ক্ষমতার আলোয় নিরাপদ থাকেন।
এই নিদারুণ বৈষম্য আন্তর্জাতিক ন্যায়বিচারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। মার্কিন গবেষক ডেভিড লুকাস উল্লেখ করেছেন, কূটনীতি ব্যর্থ হলে সেনা অপারেশনগুলো প্রায়শই দীর্ঘমেয়াদি শান্তির চেয়ে বড় ক্ষতিকর প্রভাব ফেলে। এমনকি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচিত যুক্তরাষ্ট্রেও এই প্রশ্ন বহুবার উঠেছে।যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী নানা কারণে আলোচিত ও সমালোচিত হলেও আন্তর্জাতিক কূটনীতিতে তার একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন, শান্তি চুক্তি মধ্যস্থতা এবং সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বহু গবেষক মনে করছেন যে সেই ঐতিহ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে।এই বিতর্ক বিশেষভাবে তীব্র হয়ে ওঠে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়। গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক নিয়োগ নীতিতে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ভেঙে যায়।
২০১৫ সালের ইরানি পারমাণবিক চুক্তি ছিল কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বহু বছরের আলোচনার মাধ্যমে তৈরি হওয়া এই চুক্তি যা আনুষ্ঠানিকভাবে Joint Comprehensive Plan of Action বা JCPOA নামে পরিচিত প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। কিন্তু যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে শুরু করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কূটনৈতিক কাঠামোকে দুর্বল করে এবং পারস্পরিক অবিশ্বাস বাড়িয়ে দেয়, ফলে অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় এবং সামরিক সংঘর্ষের ঝুঁকি বেড়ে যায়। MIT’র নিরাপত্তা বিশেষজ্ঞ জিম ওয়ালশ বলেন, ২০১৮ সালের চুক্তি বাতিলের পরেও ইরান একটি সময় পর্যন্ত চুক্তির নিয়মগুলো মেনে চলছিল এবং আন্তর্জাতিক পরিদর্শন চলছিল, যা প্রমাণ করে কূটনীতি একটি কার্যকর বিকল্প ছিল। এই সময়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও কূটনৈতিক পদে যেসব ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের পেশাগত পটভূমিও আলোচনার বিষয় হয়ে ওঠে। সমালোচকদের মতে, প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ নিয়োগে পেশাদার কূটনৈতিক অভিজ্ঞতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্য বা মিডিয়া পরিচিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
গুড অথরিটি বিশ্লেষণ প্ল্যাটফর্মে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে: ট্রাম্প ও রুবিও যেভাবে মার্কিন কূটনীতিকে ভেঙে দিয়েছেন, তা ইরান যুদ্ধকে আরও জটিল করে তুলেছে। পেশাদার ফরেন সার্ভিস অফিসারদের বরখাস্ত করে এবং মধ্যপ্রাচ্য নিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই এমন ব্যক্তিদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় পাঠিয়ে প্রশাসন কার্যত শান্তির সম্ভাবনাকেই হতাশ করেছে। (Good Authority— Trump and Rubio dismantled U.S. diplomacy, মার্চ ২০২৬)।
আজকের দলীয় রাজনীতির যুগে এই প্রেস্টিজিয়াস পেশাটি তার স্বকীয়তা হারাচ্ছে। বিশেষত যুক্তরাষ্ট্রের মতো পরাক্রমশালী দেশেও রাজনৈতিক আনুগত্য, ব্যক্তিগত সম্পর্ক এবং মিডিয়া পরিচিতির ভিত্তিতে কূটনৈতিক পদে নিযুক্তি দেওয়া হচ্ছে। আর সেই অদক্ষতার মূল্য চোকাচ্ছে সাধারণ মানুষ, তাদের জীবন দিয়ে, তাদের স্বজন হারিয়ে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের প্রায় ৭০ শতাংশই ক্যারিয়ার ফরেন সার্ভিস কর্মকর্তা হয়ে থাকেন (AFSA Ambassador Tracker, ২০২৩-২০২৫)। কিন্তু দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে ৭৫টি রাষ্ট্রদূত পদের মধ্যে মাত্র ৬ জন ছিলেন পেশাদার ফরেন সার্ভিস কর্মকর্তা; মাত্র ৮ শতাংশ। এই পরিসংখ্যান Politico এবং Foreign Policy পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে (ফেব্রুয়ারি-মার্চ ২০২৫) বিস্তারিতভাবে তুলে ধরা হয়। Council on Foreign Relations (CFR)’র বিশ্লেষকরাও তাদের ২০২৪ সালের প্রতিবেদনে সতর্ক করেছিলেন যে পেশাদার কূটনীতিকদের প্রতিস্থাপনের এই প্রবণতা মার্কিন বৈদেশিক নীতির কার্যকারিতায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বর্তমান ইরান–ইসরায়েল–আমেরিকা সংঘাত এই বিতর্ককে আরও স্পষ্ট করে তুলেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এমনিতেই অত্যন্ত জটিল। এখানে ধর্মীয় পরিচয়, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, জ্বালানি রাজনীতি এবং বৈশ্বিক শক্তির কৌশলগত স্বার্থ একসঙ্গে কাজ করে। এই বাস্তবতায় কূটনীতির গুরুত্ব অপরিসীম।
মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি বোঝার জন্য কেবল ভৌগোলিক জ্ঞান নয়, দশকের পর দশক ধরে গড়ে ওঠা সংঘাতের ইতিহাস, বিভিন্ন রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় শক্তির মধ্যে সম্পর্কের জটিল বিন্যাস এবং আন্তর্জাতিক আইনের সূক্ষ্ম প্রয়োগ সম্পর্কে গভীর ধারণা থাকা প্রয়োজন। এই নিয়োগ-সংকটের বাস্তব চেহারা স্পষ্ট হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত পিট হেগসেথ মূলত একজন টেলিভিশন উপস্থাপক; বৃহৎ সামরিক প্রশাসন পরিচালনা বা জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়নে তার উচ্চপর্যায়ের অভিজ্ঞতা সীমিত বলে সমালোচকরা মনে করেন। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড সাবেক কংগ্রেস সদস্য হলেও গোয়েন্দা বিশ্লেষণ ও সমন্বিত গোয়েন্দা ব্যবস্থাপনায় তার বিশেষজ্ঞ অভিজ্ঞতা তুলনামূলকভাবে সীমিত বলে বহু বিশ্লেষক উল্লেখ করেছেন।
মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, যাকে ওমান ও জেনেভায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনায় প্রধান আলোচক হিসেবে পাঠানো হয়েছিল। এটি আন্তর্জাতিক অংশীদারদের কাছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান সম্পর্কে গভীর সন্দেহের সৃষ্টি করে। সমালোচকদের মতে, এই ব্যক্তিরা তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিভাবান এবং দক্ষ হতে পারেন; যেমন গণমাধ্যমে যোগাযোগ দক্ষতা, রাজ্য পর্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতা বা আইনি দক্ষতা। কিন্তু আন্তর্জাতিক কূটনীতি এমন একটি পেশা যেখানে গভীর ঐতিহাসিক জ্ঞান, জটিল ভূরাজনৈতিক বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আলোচনার প্রেক্ষাপটে বাংলাদেশের কূটনৈতিক বাস্তবতাও নতুনভাবে বিবেচনার দাবি রাখে। গ্লোবাল পাওয়ার পলিটিক্স ও স্থানীয় রাজনৈতিক টানাপোড়েনের সংযোগস্থলে দাঁড়িয়ে কূটনীতি এখন অত্যন্ত সংবেদনশীল ও হিসেবি এক ক্ষেত্র. সরকারকে কূটনৈতির এই বহুমাত্রিক প্রভাব কাজে লাগাতে হবে বিদ্যমান ইমেজ সুরক্ষায়। দক্ষ ও পেশাদার কূটনৈতিক বলয় সক্রিয় করতে হবে আন্তর্জাতিক মঞ্চে। বাংলাদেশের প্রকৃত অবস্থান তুলে ধরতে এবং মিথ্যা প্রচারণার জবাব দিতে একটি শক্তিশালী, অভিজ্ঞ ও প্রশিক্ষিত কূটনৈতিক দলের কোনো বিকল্প নেই।
আন্তর্জাতিক সম্প্রদায় যদি ভবিষ্যতে সংঘাত এড়াতে চায়, তবে তাদের কূটনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং পেশাদার কূটনীতিকদের ভূমিকা পুনরায় গুরুত্ব দিতে হবে। কূটনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ কোনো রাতারাতি সম্পন্ন হওয়ার বিষয় নয়। এটি এমন একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ যার ফল বছরের পর বছর ধরে পাওয়া যায়। যে রাষ্ট্র এই বিনিয়োগ উপেক্ষা করে, সে রাষ্ট্র পরবর্তী সংকটে সর্বদাই অপ্রস্তুত থাকে। এই বিপর্যয় থেকে যে শিক্ষা নেওয়া দরকার তা হলো: পেশাদার কূটনীতি কোনো বিলাসিতা নয়, এটি রাষ্ট্রীয় অস্তিত্বের একটি মৌলিক প্রয়োজনীয়তা। কূটনৈতিক বলয় শক্তিশালী করতে হবে, বিশেষ প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়তে হবে, কূটনীতিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক নিয়োগের বদলে মেধা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে হবে।
জেরুজালেম স্ট্র্যাটেজিক ট্রিবিউনে প্রকাশিত একটি প্রবন্ধে প্রশ্ন তোলা হয়েছে, কূটনীতি কি আদৌ একটি পেশা? লেখক উত্তরে বলেছেন: হ্যাঁ, এবং এটি সবচেয়ে জটিল পেশাগুলোর একটি। একজন আইনজীবী বা চিকিৎসক যেমন বছরের পর বছর পেশাদার প্রশিক্ষণ ছাড়া অনুশীলন করতে পারেন না, তেমনি একজন কূটনীতিকও গভীর শিক্ষা ও অভিজ্ঞতা ছাড়া আন্তর্জাতিক সংকট সামলানোর যোগ্য নন। রাষ্ট্রীয়ভাবে পেশাদার কূটনৈতিক একাডেমি প্রতিষ্ঠা এবং কূটনীতিকদের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিচর্যা নিশ্চিত করা এখন সময়ের দাবি (Jerusalem Strategic Tribune — Is Diplomacy A Profession? ২০২৬)।
কূটনীতির ইতিহাস আমাদের শেখায় যে শান্তি প্রতিষ্ঠায় অস্ত্রের চেয়ে যুক্তি, অভিজ্ঞতা এবং মানবিক দৃষ্টিভঙ্গিই বেশি শক্তিশালী। যখন সেই শক্তি দুর্বল হয়ে যায়, তখন যুদ্ধের ঝুঁকি বাড়ে এবং তার সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। আগামী দিনগুলোয় বিশ্ববাসী যদি আন্তর্জাতিক টেবিলে শান্তি চুক্তি করতে চায়, তবে প্রথমেই কূটনীতিতে দক্ষতা ও অভিজ্ঞতা ফিরিয়ে আনতে হবে। মিসাইল নয়, কথাবার্তাই হবে শেষ চাবিকাঠি; কারণ মানবিক বুদ্ধি দিয়ে কূটনীতির মাধ্যমে সমস্যা মীমাংসার ক্ষমতাই মানব সভ্যতার সবচেয়ে বড় সম্পদ।
লেখক: মানবাধিকার কর্মী, গবেষক, পর্যবেক্ষক।
গণতন্ত্র (সীমান্তহীন) প্যারিস, ফ্রান্স
What's Your Reaction?