চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়ার নৈরাজ্য ঠেকাতে নতুন ভাড়া নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। হাসপাতাল এলাকায় ‘বাড়তি ভাড়া’ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বসে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। সোমবার (৮ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি মতবিনিময় সভায় অ্যাম্বুলেন্সের ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধি করে নতুন তালিকা চূড়ান্ত করা হয়। ‘চমেক হাসপাতালের রোগী ও লাশ পরিবহনের নীতিমালায় বর্ণিত অ্যাম্বুলেন্সের ভাড়া পুনর্মূল্যায়ন ও যৌক্তিককরণ’ শীর্ষক এই সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির নেতা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডা. শাহাদাত হোসেন বলেন, অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে কয়েক দিন ধরে নানা ধরনের কথা শোনা যাচ্ছিল। অ্যাম্বুলেন্সচালকরা নির্ধারিত ভাড়া
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়ার নৈরাজ্য ঠেকাতে নতুন ভাড়া নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। হাসপাতাল এলাকায় ‘বাড়তি ভাড়া’ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বসে নতুন ভাড়া নির্ধারণ করা হয়।
সোমবার (৮ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি মতবিনিময় সভায় অ্যাম্বুলেন্সের ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধি করে নতুন তালিকা চূড়ান্ত করা হয়।
‘চমেক হাসপাতালের রোগী ও লাশ পরিবহনের নীতিমালায় বর্ণিত অ্যাম্বুলেন্সের ভাড়া পুনর্মূল্যায়ন ও যৌক্তিককরণ’ শীর্ষক এই সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির নেতা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে কয়েক দিন ধরে নানা ধরনের কথা শোনা যাচ্ছিল। অ্যাম্বুলেন্সচালকরা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কয়েক গুন বেশি নেয় বলে অভিযোগ আসছিল। এসব অভিযোগ নিয়ে আমরা বসেছি। অ্যাম্বুলেন্স মালিক সমিতি জ্বালানি, যন্ত্রাংশসহ সবকিছুর দাম বৃদ্ধির কথা বলে ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর দাবি জানায়। পরবর্তীতে আমরা তা ৩০ শতাংশে নামিয়ে আনি। এতে রোগীরাও ঠকবে না, অ্যাম্বুলেন্স মালিকরা ঠকবে না।
তিনি আরও বলেন, নতুন ভাড়ার তালিকা হাসপাতাল এলাকায় চার্ট আকারে টানিয়ে দেওয়া হবে। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কেউ এক টাকাও নিতে পারবে না। এতে করে রোগী ও তাদের স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছি।
মেয়র কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কোনোভাবেই কেউ যদি অতিরিক্ত ভাড়া নেয়, তবে সেই টাকা মালিক সমিতির নেতাদের অবশ্যই ভুক্তভোগীকে ফেরত দিতে হবে।
অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, সবকিছুর খরচ বেড়ে যাওয়ায় তারা আগের ভাড়ার ওপর ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছিলেন। তবে দীর্ঘ আলোচনার পর ৩০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাইরের কোনো অ্যাম্বুলেন্স মেডিকেলের ভেতরে প্রবেশ করতে পারবে না। তবে কারও নিজস্ব গাড়ি থাকলে তারা রোগী ও মরদেহ পরিবহন করতে পারবেন।
সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ চৌধুরী বলেন, আজ সোমবার থেকেই এই নতুন ভাড়া কার্যকর হয়েছে। আগামী তিন মাস এই ভাড়া বহাল থাকবে এবং এরপর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আবারও তা পর্যালোচনা করা হবে। এর আগে সর্বশেষ গত বছরের ১৮ জুন চমেকের অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ করা হয়েছিল।
এদিকে হাসপাতাল সংলগ্ন এলাকার তীব্র যানজট নিয়ন্ত্রণে চমেক রোডের অলি খাঁ মসজিদ থেকে প্রবর্তক মোড় পর্যন্ত প্রধান সড়কে কোনো অ্যাম্বুলেন্স পার্কিং না করার কঠোর নির্দেশনা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
চসিক মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল, আশপাশের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পুরো চট্টগ্রাম বিভাগ থেকে রোগীরা আসেন। রাস্তায় গাড়ি রেখে সাধারণ মানুষের ভোগান্তি ও যানজট সৃষ্টি করতে কাউকেই দেওয়া হবে না। অ্যাম্বুলেন্সগুলো এখন থেকে পাঁচলাইশ আবাসিক এলাকার মুখে (পপুলার ডায়াগনস্টিক সংলগ্ন) এবং জাতিসংঘ পার্ক সংলগ্ন গণপূর্ত মন্ত্রণালয়ের খালি জায়গায় নিয়মতান্ত্রিকভাবে রাখতে হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, এই এলাকায় কোনো ডাবের দোকান, ফলের দোকানও বসতে পারবে না। আমরা ফুটপাতকে মানুষের হাঁটার উপযোগী করে সাজিয়ে দেব। বাগান করে দেব। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুনত্ব আনার চেষ্টা করছি।
What's Your Reaction?