জর্জিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের মধ্যে হাতাহাতি

জর্জিয়ার সংসদে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল হট্টগোল, বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) বসন্তকালীন অধিবেশনের শেষ বৈঠকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংসদের ওই অধিবেশনে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে তার সরকারের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করছিলেন। প্রশ্নোত্তর পর্বে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী জর্জি গাখারিয়ার নেতৃত্বাধীন বিরোধী দল ‘ফর জর্জিয়া’র সংসদ সদস্য জর্জি শারাশিদজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন। তার বক্তব্যের পরই সংসদ কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শারাশিদজে অভিযোগ করেন, আলিয়েভের সফরকালে প্রকাশিত ছবিগুলোতেই সরকারের ভেতরে প্রধানমন্ত্রী কোবাখিদজের প্রকৃত অবস্থান স্পষ্ট হয়েছে। তিনি বলেন, “প্রেসিডেন্ট আলিয়েভের সফরের সময় পুরো দেশ সেই ছবিগুলো দেখেছে। সেখানে আপনাকে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যা সরকারের মধ্যে আপনার অবস্থানকে প্রকাশ করে।” তিনি আরও বলেন, “জর্জিয়ায় অনেক প্রধানমন্ত্রী এসেছেন, কিন্তু এমন দৃশ্য আগে দেখা যায়নি।” একই সঙ্গে ক্ষমতাসীন দলের সদস্যদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “আপ

জর্জিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের মধ্যে হাতাহাতি

জর্জিয়ার সংসদে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল হট্টগোল, বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) বসন্তকালীন অধিবেশনের শেষ বৈঠকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংসদের ওই অধিবেশনে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে তার সরকারের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করছিলেন। প্রশ্নোত্তর পর্বে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী জর্জি গাখারিয়ার নেতৃত্বাধীন বিরোধী দল ‘ফর জর্জিয়া’র সংসদ সদস্য জর্জি শারাশিদজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন। তার বক্তব্যের পরই সংসদ কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শারাশিদজে অভিযোগ করেন, আলিয়েভের সফরকালে প্রকাশিত ছবিগুলোতেই সরকারের ভেতরে প্রধানমন্ত্রী কোবাখিদজের প্রকৃত অবস্থান স্পষ্ট হয়েছে। তিনি বলেন, “প্রেসিডেন্ট আলিয়েভের সফরের সময় পুরো দেশ সেই ছবিগুলো দেখেছে। সেখানে আপনাকে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যা সরকারের মধ্যে আপনার অবস্থানকে প্রকাশ করে।”

তিনি আরও বলেন, “জর্জিয়ায় অনেক প্রধানমন্ত্রী এসেছেন, কিন্তু এমন দৃশ্য আগে দেখা যায়নি।” একই সঙ্গে ক্ষমতাসীন দলের সদস্যদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “আপনাদের নির্লজ্জতা ও অভদ্রতা অন্য কোথাও নিয়ে যান।”

এসব মন্তব্যের পর ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির সদস্যরা তীব্র প্রতিবাদ জানাতে শুরু করলে সংসদ কক্ষের পরিবেশ দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শারাশিদজে মঞ্চ থেকে নামার সময় দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

সংঘর্ষে প্রথমে জড়িয়ে পড়েন জর্জিয়ান ড্রিমের সংসদ সদস্য ইরাকলি খেলাদজে এবং ফর জর্জিয়ার সদস্য গিগা পারুলাভা। পরে উভয় দলের আরও কয়েকজন নারী ও পুরুষ আইনপ্রণেতা সংঘর্ষে অংশ নেন। প্রকাশিত ভিডিওতে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য লাশা তালাখাদজে—যিনি ভারোত্তোলনে তিনবারের অলিম্পিক স্বর্ণজয়ী—এবং সংসদের আইনি বিষয়ক কমিটির চেয়ারম্যান আর্চিল গোরদুলাদজেকেও সংঘর্ষে জড়িত থাকতে দেখা যায়।

হাতাহাতির সময় প্রধানমন্ত্রী কোবাখিদজে ও তার মন্ত্রিসভার সদস্যদের নিজেদের আসনে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংসদের নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করে বিরোধী দলের কয়েকজন সদস্যকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেন। এ সময় সংসদের সরাসরি সম্প্রচারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে পরে সংসদ ভবনে জরুরি চিকিৎসা সেবা দল ডাকা হয়। সংঘর্ষের পর চিকিৎসাকর্মীদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow