টাঙ্গাইলে সাত দিনে ৫ খুন
টাঙ্গাইলের তিন উপজেলায় গত এক সপ্তাহে (৭ দিনে) অন্তত পাঁচটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সর্বশেষ গতকাল শনিবার (৪ জুলাই) রাতের আঁধারে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) সকালে মাসুদ মিয়া (৪৮) নামের ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুইজবাড়ি গ্রামের লাল মাহমুদের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার ভোরে স্থানীয় লোকজন বাজারে মাসুদের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় ইউপি সদস্য ফরহাদ আলীকে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সখিপুরে বিধবা নারীর মরদেহ উদ্ধার: গত ১ জুলাই (বুধবার) নিখোঁজ হওয়ার দুদিন পর সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে পারভীন আক্তার নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার হাতিবান্ধা গ্রামের মৃত হুমায়ুন খানের স্ত্রী। পুলিশ ও পারি
টাঙ্গাইলের তিন উপজেলায় গত এক সপ্তাহে (৭ দিনে) অন্তত পাঁচটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সর্বশেষ গতকাল শনিবার (৪ জুলাই) রাতের আঁধারে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৫ জুলাই) সকালে মাসুদ মিয়া (৪৮) নামের ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুইজবাড়ি গ্রামের লাল মাহমুদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার ভোরে স্থানীয় লোকজন বাজারে মাসুদের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় ইউপি সদস্য ফরহাদ আলীকে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সখিপুরে বিধবা নারীর মরদেহ উদ্ধার:
গত ১ জুলাই (বুধবার) নিখোঁজ হওয়ার দুদিন পর সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে পারভীন আক্তার নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার হাতিবান্ধা গ্রামের মৃত হুমায়ুন খানের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলে ফাহাত ঢাকায় চাকরি করার কারণে পারভীন আক্তার সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে একা থাকতেন।
ঋণগ্রস্ত মোয়াজ্জিনের হাতে গৃহবধূ খুন:
গত ২৯ জুন (সোমবার) সকালে সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় নিজ বাড়ি থেকে নাজমা আলম নাজু নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। চুরির উদ্দেশ্যে স্থানীয় মসজিদের মোয়াজ্জিন মোশারফ হোসেন ঋণের চাপ সইতে না পেরে ওই গৃহবধূর স্বর্ণালংকার লুট করে তাকে শ্বাসরোধে হত্যা করে। গ্রেপ্তারের পর মোশারফ হোসেন পুলিশের কাছে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
নাগরপুরে পাটক্ষেতে অর্ধগলিত লাশ:
নাগরপুর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি পাটক্ষেত থেকে শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে। ১ জুলাই (বুধবার) দুপুরে সহবতপুর ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের এক ব্যক্তির পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কাঁঠাল পাড়া নিয়ে সংঘর্ষে মৃত্যু:
সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর মধ্যপাড়ায় গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সংঘর্ষে ছানোয়ার মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়। গত ২৮ জুন (রোববার) নিজের গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় চাচাতো ভাইদের হামলায় ছানোয়ার গুরুতর আহত হন। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পরদিন সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আবু হানিফের ছেলে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক জানান, আমাদের বর্তমান সমাজে সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। এই অবক্ষয় রোধে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সচেতনতা ভীষণ প্রয়োজন, যা সমাজের তৃণমূল থেকে শিক্ষা নিতে হয়। তা ছাড়া বর্তমান প্রজন্ম বিভিন্ন মোবাইল ডিভাইসে অতিরিক্ত আসক্ত হওয়ার কারণেও সামাজিক মূল্যবোধের এক ধরনের বিপর্যয় ঘটছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আদিবুল ইসলাম সামাজিক ও পারিবারিক সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, পারিবারিক শিক্ষার অভাবে বর্তমান সমাজে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। আগে সন্ধ্যা হলেই প্রতিটি অভিভাবক তাদের সন্তানদের খোঁজ নিতেন, যা এখন অনেকাংশে কমে গেছে। তরুণ প্রজন্ম মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে অপরাধের দিকে ঝুঁকছে। এই সামাজিক অবক্ষয় রোধে প্রত্যেক অভিভাবককে সচেতনভাবে সন্তানদের পারিবারিক শিক্ষা দিতে হবে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনি কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
What's Your Reaction?