টানা দুদিন বিদ্যুৎহীন দুই উপজেলা

কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর উপজেলা টানা দুই দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পুরো এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে।  একই সঙ্গে চার্জের অভাবে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোভ্যান চলাচল সীমিত হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, গ্রাহক এবং ঈদ উদযাপনে বাড়ি ফেরা মানুষ। সোমবার (২৫ মে) সকাল থেকে শুরু করে মঙ্গলবার (২৬ মে) রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকাটি অন্ধকার ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ব্যাটারিচালিত অটোভ্যান চালক ওমর ফারুক কালবেলাকে জানান, ‘কারেন্ট না থাকায় অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতে পারছি না, ফলে গাড়ি চালানো বন্ধ। আমি দিন এনে দিন খাই, কারেন্ট না থাকায় পরিবার নিয়ে খুব বিপদে পড়েছি।’ রৌমারীর দক্ষিণ টাপুরচর বাজারের মোবাইল মেকানিক জুলফিকার কালবেলাকে বলেন, ‘দুদিন ধরে বিদ্যুৎ নেই। নষ্ট মোবাইল ফোনগুলো মেরামত করতে পারছি না। আয়-রোজগার একবারে কমে গেছে।’ রাজীবপুর বাজারের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী মো. হামিদুল ইসলাম কালবেলাকে বলেন, ‘বিদ্যুৎ ও নেটওয়ার্ক না থাকায় আমরা মোমবাতি জ্বালিয়ে কোনো মতে ব্যবসা প্রতিষ্ঠ

টানা দুদিন বিদ্যুৎহীন দুই উপজেলা

কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর উপজেলা টানা দুই দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পুরো এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

একই সঙ্গে চার্জের অভাবে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোভ্যান চলাচল সীমিত হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, গ্রাহক এবং ঈদ উদযাপনে বাড়ি ফেরা মানুষ।

সোমবার (২৫ মে) সকাল থেকে শুরু করে মঙ্গলবার (২৬ মে) রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকাটি অন্ধকার ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ব্যাটারিচালিত অটোভ্যান চালক ওমর ফারুক কালবেলাকে জানান, ‘কারেন্ট না থাকায় অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতে পারছি না, ফলে গাড়ি চালানো বন্ধ। আমি দিন এনে দিন খাই, কারেন্ট না থাকায় পরিবার নিয়ে খুব বিপদে পড়েছি।’

রৌমারীর দক্ষিণ টাপুরচর বাজারের মোবাইল মেকানিক জুলফিকার কালবেলাকে বলেন, ‘দুদিন ধরে বিদ্যুৎ নেই। নষ্ট মোবাইল ফোনগুলো মেরামত করতে পারছি না। আয়-রোজগার একবারে কমে গেছে।’

রাজীবপুর বাজারের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী মো. হামিদুল ইসলাম কালবেলাকে বলেন, ‘বিদ্যুৎ ও নেটওয়ার্ক না থাকায় আমরা মোমবাতি জ্বালিয়ে কোনো মতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছি। কিন্তু বিকাশ, নগদ, রকেট, উপায়সহ সব ধরনের এজেন্ট ব্যাংকিং লেনদেন পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে টাকা পাঠানো বা উত্তোলন করতে না পেরে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।’

রৌমারী হক ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কালবেলাকে জানান, ‘বিদ্যুৎ না থাকায় সাধারণ রোগীদের নিয়মিত সেবা দেওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থায় (জেনারেটর) মেশিন চালিয়ে সীমিত আকারে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা চলছে।’

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন কালবেলাকে জানান, ‘বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে।’

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, ‘শেরপুর জোনে মেইন লাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে রৌমারী ও চর রাজীবপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালানো হচ্ছে।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow