দক্ষতার অভাবে বিদেশে শ্রমবাজারের সুযোগ কাজে লাগানো যাচ্ছে না
বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়ার চাহিদা থাকলেও দক্ষতার অভাবে অনেক সময় সেই চাহিদা পূরণ করা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বর্তমান বিশ্ববাজারে সাধারণ শ্রমিকের তুলনায় প্রশিক্ষিত ও দক্ষ কর্মীর চাহিদা বেশি। তাই বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে তরুণদের নির্দিষ্ট দক্ষতায় প্রশিক্ষিত হতে হবে। শুধু শ্রমিক হিসেবে নয় দক্ষ জনশক্তি হিসেবেই বিদেশে যেতে হবে। শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, অবৈধভাবে বিদেশে গমন বা বিভিন্ন জটিলতার কারণে অনেক বাংলাদেশি বিভিন্ন দেশের কারাগারে আটক রয়েছেন। তাদের মধ্যে অনেকেই অর্থনৈতিক সমস্যার কারণে দেশে ফিরতে পারছিলেন না। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পর্যায়ক্রমে তাদের দেশে ফেরানোর কার্যক্রম শুরু করেছে, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তিনি বলেন, শুধু আটকদের ফেরানোই নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানেও সরকার
বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়ার চাহিদা থাকলেও দক্ষতার অভাবে অনেক সময় সেই চাহিদা পূরণ করা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, বর্তমান বিশ্ববাজারে সাধারণ শ্রমিকের তুলনায় প্রশিক্ষিত ও দক্ষ কর্মীর চাহিদা বেশি। তাই বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে তরুণদের নির্দিষ্ট দক্ষতায় প্রশিক্ষিত হতে হবে। শুধু শ্রমিক হিসেবে নয় দক্ষ জনশক্তি হিসেবেই বিদেশে যেতে হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, অবৈধভাবে বিদেশে গমন বা বিভিন্ন জটিলতার কারণে অনেক বাংলাদেশি বিভিন্ন দেশের কারাগারে আটক রয়েছেন। তাদের মধ্যে অনেকেই অর্থনৈতিক সমস্যার কারণে দেশে ফিরতে পারছিলেন না। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পর্যায়ক্রমে তাদের দেশে ফেরানোর কার্যক্রম শুরু করেছে, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
তিনি বলেন, শুধু আটকদের ফেরানোই নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানেও সরকার কাজ করছে। বিশেষ করে ভিসার মেয়াদ, চাকরির অনুমতি ও অন্যান্য প্রশাসনিক জটিলতা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন মিশনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। বিশেষ করে জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈদেশিক কর্মসংস্থানের এই সুযোগ কাজে লাগাতে হলে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এছাড়া ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি, জাপানি ও কোরিয়ান ভাষা শেখার সুযোগ বাড়াতে পারলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত হবে।
তিনি আরও বলেন, আমাদের কাছে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়ার চাহিদা আসে কিন্তু দক্ষতার অভাবে আমরা অনেক সময় সেই চাহিদা পূরণ করতে পারি না। তাই এখনই পরিকল্পিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে। প্রবাসী কর্মীদের জন্য সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম চালু করেছে এবং বিদেশে কর্মসংস্থানের নতুন বাজার সৃষ্টিতে কাজ করছে।
তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করে নিজেদের প্রস্তুত করতে পারলেই বৈদেশিক কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এছাড়া তিনি জানান, জেলা পরিষদের মাধ্যমে উপজেলাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা গেলে স্থানীয় তরুণরা সহজেই দক্ষতা অর্জন করতে পারবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস ও প্রশাসনিক কর্মকর্তা কামারুজ্জামান মাসুমের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।
এদিকে সিলেটে জেলা পরিষদের অর্থায়নে প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ ও জুলাই যোদ্ধাসহ পিছিয়ে পড়া মানুষের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
What's Your Reaction?