পথ হারিয়ে ভারতে, পতাকা বৈঠকে দেশে ফিরলেন বিশেষ চাহিদাসম্পন্ন যুবক
ফেনীর পরশুরামে মো. মোস্তাফিজুর রহমান রুবেল (২২) নামে বিশেষ চাহিদাসম্পন্ন এক যুবক অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর তাকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। বুধবার (১ জুলাই) বিকেলে বিলোনিয়া স্থলবন্দরসংলগ্ন চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে আনা হয়। রুবেল পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল বেশকিছু দিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে আসার পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন হয়ে পড়েন। পরিবার ও সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রুবেল সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। পরে পথ হারিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ভারতের ঈশানচন্দ্রনগর এলাকার স্থানীয় লোকজন তাকে আটক করে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মন্ডুবস্তি ক্যাম্পের টহলরত সদস্যদের কাছে হস্তান্তর করেন। এদিকে রুবেলকে খুঁজে না পেয়ে তার নানা জয়নাল আ
ফেনীর পরশুরামে মো. মোস্তাফিজুর রহমান রুবেল (২২) নামে বিশেষ চাহিদাসম্পন্ন এক যুবক অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর তাকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।
বুধবার (১ জুলাই) বিকেলে বিলোনিয়া স্থলবন্দরসংলগ্ন চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে আনা হয়।
রুবেল পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল বেশকিছু দিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে আসার পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন হয়ে পড়েন।
পরিবার ও সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রুবেল সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। পরে পথ হারিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ভারতের ঈশানচন্দ্রনগর এলাকার স্থানীয় লোকজন তাকে আটক করে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মন্ডুবস্তি ক্যাম্পের টহলরত সদস্যদের কাছে হস্তান্তর করেন।
এদিকে রুবেলকে খুঁজে না পেয়ে তার নানা জয়নাল আবেদীন মজুমদার পরশুরাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি জানার পর বিজিবি-বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে বিএসএফ সম্মতি দেয়।
বিজিবি জানায়, বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) মজুমদারহাট বিওপির কোম্পানি কমান্ডার এবং প্রতিপক্ষ ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের বিলোনিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ রুবেলকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রুবেলকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তার পরিবার বিজিবি, পরশুরাম মডেল থানা পুলিশ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে ফলপ্রসূ আলোচনার পর বিলোনিয়া সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
আবদুল্লাহ আল-মামুন/ইএ
What's Your Reaction?