বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান দল। আজ রোববার সকালে ঢাকায় পা রেখেছে দলটির প্রথম ভাগের সদস্যরা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় বাকি সদস্যরা আসবেন পরের ভাগে।
রোববার পিএসএলের ফাইনাল থাকায় প্রথম বহরে দলের সঙ্গে আসেননি বাবর আজম। পেসার খুররম শেহজাদও ফাইনালের জন্য পাকিস্তানে আছেন। সোমবার তারা বাংলাদেশে পৌঁছাবেন। বাংলাদেশের পেস তারকা নাহিদ রানাও থাকবেন পিএসএলের ফাইনালে। বাবরদের সঙ্গে তার ঢাকায় আসার কথা রয়েছে।
দুম্যাচে টেস্টের জন্য গতমাসের মাঝামাঝিতে ১৬ সদস্যের দল দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট দলের নেতৃত্বে আছেন শান মাসুদ। লাল বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার- আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি আছেন। তারকাদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি আছেন দলে।
বাংলাদেশ সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আসাদ শফিক, বোলিং কোচের দায়িত্বে আছেন উমর গুল।
দুই ম্যাচের সিরিজে প্রথমটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও পরেরটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু ৮ মে এবং ১৬ মে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
পাকিস্তান দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।