পুলিশের সংকেত অমান্য, ইয়াবা ফেলে পালাতে গিয়ে বাইক আরোহী যুবক নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ বলছে, পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহীরা ২০ হাজার পিস ইয়াবাভর্তি একটি ব্যাগ ফেলে যান। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রায় ১০ কিলোমিটার দূরে গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। নিহত শহীদ (৩২) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ভোমরিয়াঘোনা এলাকার বাসিন্দা। আহত আরিফ আবদুল্লাহকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পুঁইছড়ি এলাকায় চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি দ্রুত চলে যায়। এসময় আরোহীরা একটি কমলা রঙের ব্যাগ ফেলে যান বলে দাবি পুলিশের। বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, পরে ব্যাগটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির পিছু নেওয়া হলেও কিছুদূর পর সেটি দৃষ্টির আড়ালে চলে যায়। পুলিশের ভাষ্য, অতিরিক্ত গতিতে পালানোর সময় গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এ
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ বলছে, পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহীরা ২০ হাজার পিস ইয়াবাভর্তি একটি ব্যাগ ফেলে যান।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রায় ১০ কিলোমিটার দূরে গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে।
নিহত শহীদ (৩২) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ভোমরিয়াঘোনা এলাকার বাসিন্দা। আহত আরিফ আবদুল্লাহকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, পুঁইছড়ি এলাকায় চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি দ্রুত চলে যায়। এসময় আরোহীরা একটি কমলা রঙের ব্যাগ ফেলে যান বলে দাবি পুলিশের।
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, পরে ব্যাগটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির পিছু নেওয়া হলেও কিছুদূর পর সেটি দৃষ্টির আড়ালে চলে যায়।
পুলিশের ভাষ্য, অতিরিক্ত গতিতে পালানোর সময় গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একটি স্পিডব্রেকার বা সড়ক বিভাজকে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, চেকপোস্ট এলাকায় ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে ইয়াবা উদ্ধারের পাশাপাশি মোটরসাইকেলটিকে ধাওয়া করার বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। পুলিশ বলছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
এমআরএএইচ/ইএ
What's Your Reaction?