ফাইনালে প্রতিপক্ষ কোন দলকে চান, জানালেন স্কালোনি

সম্ভাব্য বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে তার মতে, ফাইনালের আলোচনা করার সময় এখনো আসেনি, কারণ দুই দলকেই সেখানে পৌঁছাতে বেশ কিছু কঠিন বাধা অতিক্রম করতে হবে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “ফাইনালে স্পেনের বিপক্ষে খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু সেই পথ এখনও অনেক দীর্ঘ। আমরা এবং স্পেন—দুই দলকেই আরও অনেক বাধা অতিক্রম করতে হবে।” স্পেনের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করে তিনি বলেন, দলটি টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিকভাবে নিজেদের উন্নতি করেছে। তবে এবারের বিশ্বকাপের পরিবেশকে অস্বাভাবিক উল্লেখ করে স্কালোনি বলেন, ভ্রমণ, তীব্র গরম, মাঠের অবস্থা এবং বলের গতি—সবকিছুই ম্যাচের ওপর প্রভাব ফেলছে। তার ভাষায়, “এ কারণে কোনো দলকে স্পষ্ট ফেবারিট বলা কঠিন। এখন পর্যন্ত কোনো দলই পুরোপুরি আধিপত্য দেখাতে পারেনি।” স্কালোনি মনে করেন, এবারের বিশ্বকাপে প্রায় সব দলই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ফ্রান্সের কথা উল্লেখ করে বলেন, শক্তিশালী দল হিসেবেও তাদের প

ফাইনালে প্রতিপক্ষ কোন দলকে চান, জানালেন স্কালোনি

সম্ভাব্য বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে তার মতে, ফাইনালের আলোচনা করার সময় এখনো আসেনি, কারণ দুই দলকেই সেখানে পৌঁছাতে বেশ কিছু কঠিন বাধা অতিক্রম করতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “ফাইনালে স্পেনের বিপক্ষে খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু সেই পথ এখনও অনেক দীর্ঘ। আমরা এবং স্পেন—দুই দলকেই আরও অনেক বাধা অতিক্রম করতে হবে।”

স্পেনের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করে তিনি বলেন, দলটি টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিকভাবে নিজেদের উন্নতি করেছে। তবে এবারের বিশ্বকাপের পরিবেশকে অস্বাভাবিক উল্লেখ করে স্কালোনি বলেন, ভ্রমণ, তীব্র গরম, মাঠের অবস্থা এবং বলের গতি—সবকিছুই ম্যাচের ওপর প্রভাব ফেলছে।

তার ভাষায়, “এ কারণে কোনো দলকে স্পষ্ট ফেবারিট বলা কঠিন। এখন পর্যন্ত কোনো দলই পুরোপুরি আধিপত্য দেখাতে পারেনি।”

স্কালোনি মনে করেন, এবারের বিশ্বকাপে প্রায় সব দলই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ফ্রান্সের কথা উল্লেখ করে বলেন, শক্তিশালী দল হিসেবেও তাদের প্যারাগুয়ের বিপক্ষে কঠিন লড়াই করতে হয়েছে। দীর্ঘ মৌসুমজুড়ে অতিরিক্ত ম্যাচ খেলার কারণে ফুটবলারদের ক্লান্তিও দৃশ্যমান বলে মন্তব্য করেন তিনি।

মিশরের বিপক্ষে ম্যাচের জন্য প্রথম একাদশ চূড়ান্ত করা হয়েছে জানিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, “আমি দল ঠিক করেছি, তবে এখনও খেলোয়াড়দের জানাইনি।”

ব্রাজিলের বিদায় প্রসঙ্গে স্কালোনি বলেন, অনুশীলন ও বৈরী আবহাওয়ার কারণে তারা পুরো ম্যাচ দেখতে পারেননি। তবে নরওয়েকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ব্রাজিল যেভাবে বিদায় নিয়েছে, একই ধরনের পরিস্থিতি যে কোনো দলের সঙ্গেই ঘটতে পারে। তাই মিশরের বিপক্ষেও আর্জেন্টিনা সতর্ক রয়েছে।

এদিকে অধিনায়ক লিওনেল মেসি-র ফিটনেস নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, “মেসি পুরোপুরি ভালো আছে এবং সে খেলবে। আগের ম্যাচে ১২০ মিনিট খেলেও সে কখনো ক্লান্তির কথা বলেনি।”

প্রতিপক্ষ মিশরের প্রশংসা করে আর্জেন্টিনা কোচ বলেন, দলটিতে বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং দীর্ঘদিন ধরে একই কোচের অধীনে খেলায় তাদের নির্দিষ্ট কৌশল ও খেলার ধরন গড়ে উঠেছে। তার মতে, মিশর এই টুর্নামেন্টে প্রতিটি প্রতিপক্ষকেই কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow