আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ–জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘বাংলাদেশ জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে এটির যাত্রা শুরু হয়। এই গোলটেবিল আলোচনার যৌথ আয়োজক ছিল আরভিং এডুকেশন এবং প্রবাসী সেবা লিমিটেড।
অনুষ্ঠানের শুরুতে বিজেকেসির পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন তাজরিয়া রিশতা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজেকেসির নির্বাহী পরিচালক কানিজ ফাতিমা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নুরুল হক প্রধান অতিথি হিসেবে সংলাপে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) ড. মো. শাকিরুল ইসলাম খান।
আরভিং এডুকেশন একটি বিশেষায়িত জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র এবং গাজীপুরভিত্তিক একটি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনা করে, যা আন্তর্জাতিক কর্মসংস্থানের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে। অন্যদিকে, প্রবাসী সেবা একটি মাইগ্রেশন কনসালটেন্সি প্ল্যাটফর্ম, যা ক্যারিয়ার পরামর্শ, নিরাপদ ও দক্ষ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বও রয়েছে।
এই দুই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সক্ষমতা, আন্তর্জাতিক প্লেসমেন্ট অভিজ্ঞতা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং একাডেমিক নেটওয়ার্কের সমন্বিত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ–জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)।
আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশি তরুণদের জাপানের শ্রমবাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভাষা, দক্ষতা ও কর্মসংস্থান-যোগ্যতা উন্নয়ন, প্রশিক্ষণ ও সনদায়নের মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়-শিল্প-সরকার সমন্বয় জোরদার, এবং জাপানি নিয়োগকর্তাদের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে সামঞ্জস্য করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া শিক্ষা, প্রশিক্ষণ, নিয়োগকর্তা ও নীতিনির্ধারকদের সংযুক্ত করে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য শিক্ষা থেকে কর্মসংস্থানের পথ সহজ করতে বাংলাদেশ–জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)-কে একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।