বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারকালে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, যাদের জনগণের মধ্যে কোনো অবস্থান নেই, অতীতেও যারা ভোট পায়নি এবং ভবিষ্যতেও পাবে না, তারাই নির্বাচনে ভরাডুবির আশঙ্কা থেকে বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দিচ্ছে। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এক পথসভায় তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, যখন নির্বাচন সামনে আসে এবং কেউ বুঝতে পারে যে ভরাডুবি নিশ্চিত, তখনই তাদের মাথা খারাপ হয়ে যায়। তখন তারা বিএনপি ও দলের নেতা তারেক রহমানকে ঠেকাতে নানা ধরনের অপপ্রচার শুরু করে। কেউ কেউ বলছে, ঢাকার সব আসন তারা দখল করে নিয়েছে এবং বিএনপি একটি আসনও পাবে না। তিনি বলেন, এসব বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অতীত ইতিহাসই প্রমাণ করে জনগণ কাকে ভোট দিয়েছে। যারা বিএনপির সঙ্গে ছিল, তারা জামানত রক্ষা করেছে, আর যারা বিএনপির বাইরে ছিল, তারা জামানত হারিয়েছে। তিনি দাবি করেন, ঢাকা শহরে অতীতেও বিএনপি সব আসনে বিজয়ী হয়েছে। আব

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারকালে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, যাদের জনগণের মধ্যে কোনো অবস্থান নেই, অতীতেও যারা ভোট পায়নি এবং ভবিষ্যতেও পাবে না, তারাই নির্বাচনে ভরাডুবির আশঙ্কা থেকে বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দিচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, যখন নির্বাচন সামনে আসে এবং কেউ বুঝতে পারে যে ভরাডুবি নিশ্চিত, তখনই তাদের মাথা খারাপ হয়ে যায়। তখন তারা বিএনপি ও দলের নেতা তারেক রহমানকে ঠেকাতে নানা ধরনের অপপ্রচার শুরু করে। কেউ কেউ বলছে, ঢাকার সব আসন তারা দখল করে নিয়েছে এবং বিএনপি একটি আসনও পাবে না।

তিনি বলেন, এসব বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অতীত ইতিহাসই প্রমাণ করে জনগণ কাকে ভোট দিয়েছে। যারা বিএনপির সঙ্গে ছিল, তারা জামানত রক্ষা করেছে, আর যারা বিএনপির বাইরে ছিল, তারা জামানত হারিয়েছে। তিনি দাবি করেন, ঢাকা শহরে অতীতেও বিএনপি সব আসনে বিজয়ী হয়েছে।

আবদুস সালাম আরও বলেন, নির্বাচনে এমন প্রার্থীও দেখা যায়, যারা শত ভোটও পায় না, অথচ তারা বিপুল ভোটে জয়ের দাবি করে। কিন্তু জনগণ জানে কাকে নির্বাচিত করতে হবে।

দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, সংকটকালে এ দেশের মানুষ সব সময় সঠিক নেতৃত্ব বেছে নিয়েছে। দেশের ক্রান্তিকালে জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা বানিয়েছিল। তিনি জোর করে ক্ষমতায় আসেননি; জনগণের সমর্থন নিয়েই রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন এবং দেশের ভাগ্য পরিবর্তন করেছিলেন।

তিনি বলেন, পরবর্তী সময়ে গণতন্ত্র সংকটে পড়লে জনগণ বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে আবদুস সালাম বলেন, আজ দেশে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ভালো অবস্থানে নেই। এ অবস্থায় দেশের মানুষ মনে করছে, আবারও একজন যোগ্য নেতা প্রয়োজন। আর সেই নেতা হিসেবে তারা ইতোমধ্যেই তারেক রহমানকে বেছে নিয়েছে।

তিনি দাবি করেন, তারেক রহমান জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে তিনি যেখানে যাচ্ছেন, সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে।

ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকার অবস্থা তুলে ধরে আবদুস সালাম বলেন, ভাষানটেক ও কড়াইল এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখলে যে কেউ অবাক হবে। রাজধানী শহরের এমন পরিস্থিতিকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।

তিনি বলেন, এসব এলাকার মানুষ উন্নয়ন চায়—গ্যাস, পানি, সড়ক ও পরিচ্ছন্নতার ব্যবস্থা চায়। তারা বিশ্বাস করে, একটি নির্বাচিত সরকার ও জনপ্রতিনিধির মাধ্যমেই এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব। সে কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow