বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নির্ভরযোগ্য মিডফিল্ডার অরলিঁয়ে চুয়ামেনিকে পাচ্ছে না ফ্রান্স। কুঁচকির চোট পুরোপুরি না সারায় তাকে শুরুর একাদশে রাখেননি প্রধান কোচ দিদিয়ের দেশম। ফলে মাঝমাঠে আবারও আদ্রিয়েন রাবিওর সঙ্গে দায়িত্ব পালন করবেন মানু কোনো।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ২টায় বোস্টনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা বর্তমান রানার্সআপ ফ্রান্স এবার মরক্কোকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিতে চায়।
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার চুয়ামেনি সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের পর অনুশীলনে কুঁচকিতে চোট পান। সেই কারণে শেষ ষোলোতেও খেলতে পারেননি তিনি। কোয়ার্টার ফাইনালের আগে তাকে ফিরিয়ে আনার চেষ্টা হলেও শেষ পর্যন্ত শুরুর একাদশে রাখা হয়নি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেছিলেন, “অরলিঁয়ে আগের চেয়ে ভালো আছে। তবে আমরা এখনও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। দলের অন্য সবাই প্রস্তুত।”
চুয়ামেনির অনুপস্থিতিতে মাঝমাঠে রাবিওর সঙ্গে আবারও জুটি গড়েছেন রোমার মিডফিল্ডার মানু কোনো। শেষ ষোলোর ম্যাচের মতো এবারও এই জুটির ওপরই আস্থা রেখেছেন দেশম।
রক্ষণভাগে গোলরক্ষক মাইক মেনিয়াঁর সামনে থাকছেন জুল কুন্দে, দাওত উপামেকানো, উইলিয়াম সালিবা ও লুকা দিনিয়ে। আক্রমণে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে খেলবেন উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও দেজিরে দুয়ে। শেষ ম্যাচে একাদশে থাকা ব্র্যাডলি বারকোলার জায়গায় ফিরেছেন দুয়ে।
এদিকে শৃঙ্খলাজনিত কারণে কিছুটা সতর্ক থাকতে হবে ফ্রান্সকে। অলিসে, মানু কোনো ও বারকোলা—এই তিনজনের কেউ মরক্কোর বিপক্ষে হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে উঠলেও পরের ম্যাচে খেলতে পারবেন না। তবে কোয়ার্টার ফাইনাল শেষে হলুদ কার্ডের হিসাব নতুন করে শুরু হবে।
ফ্রান্সের একাদশ:
মাইক মেনিয়াঁ; জুল কুন্দে, দাওত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিনিয়ে; মানু কোনো, আদ্রিয়েন রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, দেজিরে দুয়ে; কিলিয়ান এমবাপ্পে।
মরক্কো একাদশ:
ইয়াসিন বুনো (গোলররক্ষক), আশরাফ হাকিমি, দিয়োপ, মাজরাউই, বৌয়াদ্দি, এল-আয়নাউই, ওউনাহি, ব্রাহিম দিয়াজ, এল-খাননৌস, তালবি।