মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। সোমবার (৭ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুলাই থেকে ১০ জুলাই বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে আকস্মিক ঢল, পাহাড় ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই জননিরাপত্তার স্বার্থে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বারৈয়াঢালা রেঞ্জ কার্যালয় থেকে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে, বন্ধের সময়কালে কোনো পর্যটককে ঝরনায় প্রবেশ করতে না দ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। সোমবার (৭ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুলাই থেকে ১০ জুলাই বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে আকস্মিক ঢল, পাহাড় ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই জননিরাপত্তার স্বার্থে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বারৈয়াঢালা রেঞ্জ কার্যালয় থেকে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে, বন্ধের সময়কালে কোনো পর্যটককে ঝরনায় প্রবেশ করতে না দেওয়া এবং টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনায় পানির স্রোত অনেক বেশি। এ সময় ঝরনায় যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইজারাদারদের নির্দেশনা দিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, প্রতি বর্ষা মৌসুমেই অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় প্রাণহানির মতো ঘটনা ঘটে। তাই এবার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ সাময়িকভাবে ঝরনাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
What's Your Reaction?