যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্তের পর দেড় হাজার সেনা মোতায়েন করল মেক্সিকো
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের অ্যাভোকাডো উৎপাদন এলাকায় আরও ১ হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নিজেদের সরকারি কার্যক্রম স্থগিত এবং অ্যাভোকাডো রপ্তানির আগে প্রয়োজনীয় পরিদর্শন বন্ধ করার এক দিন পর বৃহস্পতিবার এ পদক্ষেপ নেওয়া হয়। খবর আল জাজিরার। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, অ্যাভোকাডো উৎপাদন এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষ্য হলো দ্রুত রপ্তানি পুনরায় চালু করা এবং এর ফলে মেক্সিকোর অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ঠেকানো। মিচোয়াকান মেক্সিকোর প্রধান অ্যাভোকাডো উৎপাদনকারী অঞ্চল। তবে এলাকাটিতে বিভিন্ন মাদক কারবারি গোষ্ঠীর সহিংসতা ও চাঁদাবাজির ঘটনা রয়েছে। এসব নিরাপত্তাজনিত কারণেই বুধবার সেখানে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) পরিদর্শন কার্যক্রম স্থগিত করা হয়। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত অ্যাভোকাডোর ৮০ শতাংশের বেশি মেক্সিকো থেকে আসে। ২০২৫ সালে দেশটি যুক্তরাষ্ট্রে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের অ্যাভোকাডো বিক্রি করেছে। রপ্তানির আগে ইউএসডিএর পরিদর্শকেরা মেক্সিকোর উৎপাদন ও প্যাকেজিং কেন্দ্রে অ্যাভোকাডোর মান
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের অ্যাভোকাডো উৎপাদন এলাকায় আরও ১ হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নিজেদের সরকারি কার্যক্রম স্থগিত এবং অ্যাভোকাডো রপ্তানির আগে প্রয়োজনীয় পরিদর্শন বন্ধ করার এক দিন পর বৃহস্পতিবার এ পদক্ষেপ নেওয়া হয়। খবর আল জাজিরার।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, অ্যাভোকাডো উৎপাদন এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষ্য হলো দ্রুত রপ্তানি পুনরায় চালু করা এবং এর ফলে মেক্সিকোর অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ঠেকানো।
মিচোয়াকান মেক্সিকোর প্রধান অ্যাভোকাডো উৎপাদনকারী অঞ্চল। তবে এলাকাটিতে বিভিন্ন মাদক কারবারি গোষ্ঠীর সহিংসতা ও চাঁদাবাজির ঘটনা রয়েছে। এসব নিরাপত্তাজনিত কারণেই বুধবার সেখানে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) পরিদর্শন কার্যক্রম স্থগিত করা হয়।
যুক্তরাষ্ট্রে ব্যবহৃত অ্যাভোকাডোর ৮০ শতাংশের বেশি মেক্সিকো থেকে আসে। ২০২৫ সালে দেশটি যুক্তরাষ্ট্রে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের অ্যাভোকাডো বিক্রি করেছে।
রপ্তানির আগে ইউএসডিএর পরিদর্শকেরা মেক্সিকোর উৎপাদন ও প্যাকেজিং কেন্দ্রে অ্যাভোকাডোর মান পরীক্ষা করেন। এর মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকানোর চেষ্টা করা হয়। পরিদর্শন বন্ধ থাকায় মিচোয়াকান থেকে যুক্তরাষ্ট্রে অ্যাভোকাডো আমদানিও কার্যত বন্ধ রয়েছে। এতে মার্কিন বাজারে সরবরাহ কমে দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
মিচোয়াকানে বেশ কয়েকটি অপরাধী গোষ্ঠী সক্রিয়। মাদক উৎপাদন ও পাচারের পাশাপাশি তারা বিভিন্ন খাতে সহিংসতা ও চাঁদাবাজিতে জড়িত বলে অভিযোগ রয়েছে। অ্যাভোকাডো শিল্পও এর বাইরে নয়।
এর আগেও নিরাপত্তাজনিত কারণে মিচোয়াকান থেকে যুক্তরাষ্ট্রে অ্যাভোকাডো রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়েছিল। ২০২৪ সালে ইউএসডিএর দুই কর্মীকে হামলা করে কিছু সময়ের জন্য আটকে রাখার ঘটনার পরও পরিদর্শন কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
এবার অবশ্য কোনো নির্দিষ্ট হামলার ঘটনা প্রকাশ করা হয়নি। মিচোয়াকান কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদাবাজিসংক্রান্ত মামলায় সাম্প্রতিক কয়েকটি গ্রেপ্তারের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরিদর্শন বন্ধ করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া অ্যাভোকাডো কমিশন যুক্তরাষ্ট্রগামী অ্যাভোকাডোর ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, অ্যাভোকাডো শিল্পে অপরাধী গোষ্ঠীগুলোর হস্তক্ষেপ ঠেকানো প্রয়োজন।
মিচোয়াকান থেকে রপ্তানি বন্ধের ঘটনা এর আগেও ঘটেছে। ২০২২ সালে সুপার বোলের আগে প্রায় এক সপ্তাহ অ্যাভোকাডো রপ্তানি স্থগিত ছিল। তবে ওই সময় আগে থেকেই পাঠানো অ্যাভোকাডোর কারণে যুক্তরাষ্ট্রে সুপার বোলের দিনে গুয়াকামোলের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েনি।
সাধারণত এ ধরনের স্থগিতাদেশ কয়েক দিনের মধ্যেই প্রত্যাহার করা হয়। কারণ রপ্তানি বন্ধ থাকলে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র দুই দেশের বাজারেই প্রভাব পড়ে। একই সঙ্গে অ্যাভোকাডো উৎপাদন ও পরিবহন বন্ধ থাকায় চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়কারী অপরাধী গোষ্ঠীগুলোর আয়ও কমে যেতে পারে।
মিচোয়াকানের অ্যাভোকাডো শিল্পে প্রায় ২ লাখ মানুষ কর্মরত। দীর্ঘ সময় রপ্তানি বন্ধ থাকলে উৎপাদকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারেও সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।
মেক্সিকোর সরকার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে অ্যাভোকাডোর পরিদর্শন করার প্রস্তাবও দিয়েছে। তবে অতীতে ইউএসডিএই এসব যাচাইয়ের দায়িত্ব পালন করেছে এবং মেক্সিকোর নিরাপত্তা বাহিনী তাদের নিরাপত্তা দিয়েছে।
উল্লেখ্য, বর্তমান স্থগিতাদেশ শুধু মিচোয়াকানে উৎপাদিত অ্যাভোকাডোর ক্ষেত্রে প্রযোজ্য। যুক্তরাষ্ট্রে অ্যাভোকাডো রপ্তানির অনুমোদন থাকা মেক্সিকোর আরেকটি রাজ্য হলো জালিসকো। তবে সেখানকার রপ্তানির পরিমাণ মিচোয়াকানের তুলনায় অনেক কম।
সূত্র : আল জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেস
What's Your Reaction?