শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলা: চার আসামি ৪ দিনের রিমান্ডে
রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবিকে কেন্দ্র করে দায়ের করা মামলায় গ্রেফতার চার আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন—ফারুক হোসেন সুমন (৪২), লিটন মিয়া (৩৮), ফালান মিয়া (৪২) ও মো. রুবে (৪২)। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ছাবির আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আবু হানিফ (৩৯), যিনি শ্যামলীর সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ হিসেবে কর্মরত, দীর্ঘদিন ধরে ১ নম্বর আসামি মঈন উদ্দিনের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মুখে ছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়, গত ১০ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জন বাদীর বাসায় গিয়ে তার স্ত্রীর কাছে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তারা হুমকি ও উশৃঙ্খল আচরণ শুরু করে
রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবিকে কেন্দ্র করে দায়ের করা মামলায় গ্রেফতার চার আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন—ফারুক হোসেন সুমন (৪২), লিটন মিয়া (৩৮), ফালান মিয়া (৪২) ও মো. রুবে (৪২)।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ছাবির আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আবু হানিফ (৩৯), যিনি শ্যামলীর সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ হিসেবে কর্মরত, দীর্ঘদিন ধরে ১ নম্বর আসামি মঈন উদ্দিনের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মুখে ছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, গত ১০ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জন বাদীর বাসায় গিয়ে তার স্ত্রীর কাছে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তারা হুমকি ও উশৃঙ্খল আচরণ শুরু করেন। পরিস্থিতি খারাপের আশঙ্কায় বাদী তার ভাইকে ডেকে নেন।
পরে অভিযুক্তরা আরও লোকজন জড়ো করে প্রায় ৫০-৬০ জনের একটি দল নিয়ে সিকেডি হাসপাতালের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা স্লোগান দেয়, গালাগালি করে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চালায়। এমনকি হাসপাতালের মালিককে উদ্দেশ্য করে হুমকিসূচক স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার মূল আসামি মঈন উদ্দিন এখনো পলাতক রয়েছেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য দিচ্ছেন এবং ঘটনার প্রকৃত তথ্য গোপন করছেন। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের তথ্য সংগ্রহের জন্য তাদের রিমান্ডে নেওয়া জরুরি।
আদালত শুনানি শেষে আসামিদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এমডিএএ/এমকেআর
What's Your Reaction?