চায়ের জন্য বিখ্যাত শ্রীমঙ্গল, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও চা-বাগানের শ্রমিকদের নিয়ে গাইলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। তার সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান।
গতকাল বিকেলে রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়াল ‘রূপসী শ্রীমঙ্গল’-এর জমকালো প্রকাশনা অনুষ্ঠান। এই সংগীতনির্ভর ভিজ্যুয়ালটি শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
‘দুটি পাতা একটি কুঁড়ির দেশ’খ্যাত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের আবহ, সংস্কৃতি ও ঐতিহ্যকে কাব্যময় ভাষায় তুলে ধরেছেন লন্ডন প্রবাসী গীতিকবি কায়েস আজিজ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশিফ। মিউজিক্যাল ভিজ্যুয়ালটি নির্মাণ করেছেন নির্মাতা সৈকত রেজা। এতে অভিনয় করেছেন ফারহান খান রিও এবং সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতি রয়েছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, রুবাইয়াত জাহান, গীতিকার কায়েস আজিজ, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশিফ, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব কুমার গুহ, আঁখি আলমগীর এবং গানের সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলী এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই।
কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, ‘গানে গানে শ্রীমঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলাম তখন গানটি নিয়ে আলাপ হয়েছিল। কুমিল্লার সন্তান হয়ে সিলেটের গান করব কখনো চিন্তা করিনি। ছোটবেলা থেকেই মৌলভীবাজার যাতায়াত রয়েছে। সরকার সব কাজ করবে আর আমরা বসে থাকব তা হয় না। আমাদেরও দায়িত্ব আছে। প্রতিটি মানুষ যদি তার নিজ জেলা বা বিভাগ থেকে প্রচারণা করে তাহলে দেশ এগিয়ে যাবে। একেবারেই ভিন্নধর্মী একটি গান। এ ধরনের গান আমার খুবই কম গাওয়া হয়েছে। এই গানে শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের কথা বলা হয়েছে। গানটির অন্যতম উদ্দেশ্য শ্রীমঙ্গলকে একটি নান্দনিক পর্যটন শহর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া। এমন অসাধারণ একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুবই ভালো লাগছে।’
রুবাইয়াত জাহান বলেন, ‘দেশের সৌন্দর্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার এমন আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত। আমি বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। আমার অনেক দেশের গান আছে। গানের মাধ্যমে চেষ্টা করেছি শ্রীমঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরার। আশা করি, সবার গান-ভিডিও লাগবে।’
অনুষ্ঠানে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘আসিফ ভাই আমার ভালোবাসার ও প্রিয় মানুষ। রুবাইয়াত ভালো শিল্পী ও মিষ্টি মেয়ে। দেশের বাইরে থেকেও বাংলা সংস্কৃতি ধারণ করে। ধ্রুব দা সবসময় সুন্দর গানের সঙ্গে থাকে। সত্যিই গানটি সুন্দর হয়েছে।’
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার এমন একটি সৃজনশীল যাত্রার অংশ হতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন গর্বিত।’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গানটির মিউজিক্যাল ভিজ্যুয়াল উপভোগ করেন এবং কাজটির ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের আয়োজন দেশের পর্যটন ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ করবে।
‘রূপসী শ্রীমঙ্গল’ ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে গানটি উপভোগ করা যাবে।