সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের মামলার রায় ২৮ জুলাই

  সম্পদ বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে আগামী ২৮ জুলাই রায় ঘোষণা করবেন আদালত। বুধবার (১৫ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এস কে সুর চৌধুরীকে নিজের এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের তথ্য ২১ কার্যদিবসের মধ্যে দুদকে দাখিল করতে নোটিশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিয

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের মামলার রায় ২৮ জুলাই

 

সম্পদ বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে আগামী ২৮ জুলাই রায় ঘোষণা করবেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এস কে সুর চৌধুরীকে নিজের এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের তথ্য ২১ কার্যদিবসের মধ্যে দুদকে দাখিল করতে নোটিশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে মামলার সাতজন সাক্ষীর প্রত্যেকের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।

দুদকের আইনজীবী এস এম আবুল কালাম আজাদ আদালতে বলেন, মামলার সব সাক্ষ্য-প্রমাণ ও যুক্তি আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। আইনে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।

২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে।

এমডিএএ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow