সাভারের তিন ইউপি কেরানীগঞ্জে সংযুক্তির গুঞ্জনে বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট
সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে নেওয়া স্বাক্ষর ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ এনে শুক্রবার হেমায়েতপুরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি হেমায়েতপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন- সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছিল। পরে সেই স্বাক্ষরকে ভিত্তি করে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া চালানোর চেষ্টা হচ্ছে। তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার বলেন, সাভারের সঙ্গে এই তিন ইউনিয়নের
সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে নেওয়া স্বাক্ষর ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ এনে শুক্রবার হেমায়েতপুরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি হেমায়েতপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন- সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছিল। পরে সেই স্বাক্ষরকে ভিত্তি করে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া চালানোর চেষ্টা হচ্ছে।
তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার বলেন, সাভারের সঙ্গে এই তিন ইউনিয়নের মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম অঙ্গাঙ্গীভাবে জড়িত। কোনোভাবেই আমরা সাভার থেকে বিচ্ছিন্ন হতে চাই না। ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের স্বাক্ষর নিয়ে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, সাভারের তিন ইউনিয়নকে প্রশাসনিকভাবে বিচ্ছিন্ন করার যে কোনো উদ্যোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। দাবি উপেক্ষিত হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে বিক্ষোভ কর্মসূচির কারণে দুপুরের পর ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। একপর্যায়ে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়।
যদিও ইউনিয়নগুলোকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?